খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পরিচিতি ছিল বিএনপির ‘দুর্গ’ হিসেবে। দলের দেওয়া হরতাল ও অবরোধ কোথাও পালন করা না হলেও এখানে পালন করা হতো কঠোরভাবে। কিন্তু গত কয়েক বছর ধরে পাল্টে গেছে সেই দৃশ্য। গত উপজেলা নির্বাচনের পর থেকে বিএনপিতে ভাঙন দেখা দেয়। ওয়াদুদ ভূঁইয়া ও সমীরণ দেওয়ান অনুসারীরা বিভক্ত হয়ে পড়েন। এর মধ্যে অনেকে যোগ দিয়েছেন আওয়ামী লীগে।
সর্বশেষ গত ২৬ জুন বিএনপির সমীরণ দেওয়ান পক্ষের উপজেলা কমিটির আহ্বায়ক মিলন ফরাজী শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে মে মাসের শেষের দিকে ওয়াদুদ ভূঁইয়া পক্ষের উপজেলা কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন ও তাঁতী দলের সাধারণ সম্পাদক নন্দু কমার দের নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান দেন।
তবে বিএনপির ওয়াদুদ ভূঁইয়া পক্ষের নেতাদের দাবি, যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন তাঁরা দলের মধ্যে নিষ্ক্রিয় এবং দলে তাঁদের কোনো অবস্থান নেই।
বিএনপির নেতা-কর্মীরা জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। তখন বড় একটি অংশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে। এর জের ধরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম ও সহদপ্তর সম্পাদক মিলন ফরাজীর নেতৃত্বে বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী ওয়াদুদ পক্ষ ছেড়ে সমীরণের পক্ষে চলে যান। তাঁরা ২০১৪ সালের ১৩ জুন মিলন ফরাজীকে আহ্বায়ক করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। কিন্তু নতুন গঠন করা আহ্বায়ক কমিটির কার্যক্রম কিছু দিন পর ঝিমিয়ে পড়ে।
এ প্রসঙ্গে মিলন ফরাজী বলেন, ‘ওয়াদুদ পক্ষ ছেড়ে সমীরণ পক্ষে গিয়েছিলাম এটা সত্য। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে যে দুরবস্থা তাতে দলটি ভবিষ্যৎ কী হবে তা বলতে পারছি না। আর আওয়ামী লীগের কার্যক্রমে খুশি হয়েই আমি যোগদান করেছি।’
আরও কথা হয় আওয়ামী লীগে যোগদান করা উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, কবাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঙ্গে। তাঁরা বলেন, যে দলে গণতন্ত্র নেই সে দলের রাজনীতি করার প্রশ্নই আসে না। গত উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি জামানত হারিয়েছেন। জনগণ যাকে চেয়েছেন তাঁকে প্রার্থী করা হয়নি। অথচ তিনি ১২ হাজার ভোট পেয়েছেন। আবার একনায়কতন্ত্রের প্রতিবাদও করা যায় না, করলে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। তাই আমাদের অনুসারী দুই হাজার নেতা-কর্মী নিয়ে দল ছেড়ে চলে এসেছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘আমরা কাউকে ফুসলিয়ে আমাদের দলে যোগদান করাচ্ছি না। সবাই সচেতন ভালো-মন্দ বোঝেন। মানুষ এখন আর সাম্প্রদায়িকতা পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারের শিক্ষা যোগাযোগ ও আত্মসামাজিক উন্নয়নসহ বিভিন্ন সফলতা দেখেই তাঁরা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’
উপজেলা বিএনপির (ওয়াদুদ পক্ষ) সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘যাঁরা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন তাঁরা দলের মধ্যে নিষ্ক্রিয়। দলে তাঁদের কোনো অবস্থান নেই। তাঁরা চলে যাওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না।’ বিভক্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই।