বিএসআরএমের ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসআরএম স্টিলস লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ট, কোম্পানির নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী, পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী। প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত, কোম্পানি সচিব শেখর রঞ্জন কর, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল কবির প্রমুখ। বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, ‘এ বছর আমাদের কোম্পানি ৮৩ দশমিক ৯২ কোটি টাকা নিট মুনাফা করেছে। ২০১০ সালে মুনাফার পরিমাণ ছিল ৯৬ দশমিক ৪৯ কোটি টাকা। টাকার অবমূল্যায়ন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া ইত্যাদি কারণে নিট মুনাফা কমে যায়।’ তিনি আরও বলেন, ‘চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের উত্পাদনের পরিমাণ বাড়ছে। তিন লাখ ৭৫ হাজার মেট্রিক টন থেকে শুরু করে আমাদের উত্পাদন বর্তমানে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টনে গিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে তা আমরা সাড়ে ছয় লাখ মেট্রিক টনে উন্নীত করার চিন্তা করছি।’ ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন বলেন, ২০১১ সালে বিএসআরএমের মোট উত্পাদন ছিল পাঁচ লাখ ২৩ হাজার ৬২৪ মেট্রিক টন। ২০১০ সালের তুলনায় যা ২০ দশমিক ৭০ শতাংশ বেশি। অপরদিকে ২০১১ সালে কোম্পানির মোট বিক্রি ছিল পাঁচ লাখ ১৭ হাজার ৮৮৭ মেট্রিক টন। ২০১০ সালের তুলনায় যা ১৭ শতাংশ বেশি। এ জি এম এ সাবিন আমীর ও তেহসীন জোহাইর তাহের আলী পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন। এ ছাড়া সাইফুল শামশুল আলম অ্যান্ড কোম্পানি চলতি বছরের জন্য চাটার্ড অ্যাকাউন্টস নিরীক্ষক হিসেবে নিয়োগ পান।