বিকল এক্স-রে যন্ত্র জেনারেটর থাকলেও জ্বালানি বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিন বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে এক্স-রে যন্ত্র। ফলে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীদের। এ ছাড়া দুটি জেনারেটর থাকলেও জ্বালানি বরাদ্দ না থাকায় সেগুলো প্রায় সময় বন্ধ থাকে। যার জন্য লোডশেডিংয়ের সময় রোগীদের ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ২০০৫ সালের ৭ জুলাই এক্স-রে যন্ত্রটি আনা হয়। ২০১০ সালের ২৮ আগস্টে এটি বিকল হয়ে যায়। এখনো বিকলই রয়েছে। অন্যদিকে ১৯৯৩ ও ২০০৪ সালে দুটি জেনারেটর আনা হয়। কিন্তু জেনারেটরের জ্বালানির জন্য কোনো বরাদ্দ নেই। অন্য খাতের বরাদ্দ সাশ্রয় করে মাঝেমধ্যে কিছু সময়ের জন্য জেনারেটর চালু করা হতো। কিন্তু এখন তাও আর সম্ভব হচ্ছে না। জানা যায়, হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসাসেবা নেন।
সরেজমিনে হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্রে এক্স-রের জন্য ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লাগছে। চিকিৎসা নিতে আসা নানুপুর গ্রামের আবদুল হালিম জানান, তিনি ৪৭৫ টাকা দিয়ে বুকের এক্স-রে করিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র টেকনিশিয়ান মুহাম্মদ আরিফ উদ্দিন জানান, গত তিন বছরের বেশি সময় ধরে রোগীকে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে। এতে রোগীদের খরচ বেড়ে গেছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিষ দত্ত বলেন, রোগীদের স্বার্থের কথা বিবেচনা করে এক্স-রে যন্ত্র চালুর ব্যবস্থা করা হচ্ছে। জেনারেটর সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।