খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিদ্যুতের দুটি ট্রান্সফরমার বিকল হওয়ার ৩৫ দিন পরও মেরামত কিংবা নতুন ট্রান্সফরমার দেওয়া হয়নি। এতে এলাকার হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। ট্রান্সফরমারগুলো সচল করার জন্য বিদ্যুৎকর্মীরা গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পানছড়ি উপজেলা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, পানছড়ি বাজারের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি ট্রান্সফরমার গত ৯ মে, এর দুই দিন পর কুড়াদিয়াছড়া এবং ৭ জুন মনজু আদামের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এর মধ্যে ৬ জুন কুড়াদিয়াছড়া ট্রান্সফরমারটি মেরামত করে দেওয়া হলেও পানছড়ি বাজারের দক্ষিণ-পূর্বের এবং মনজু আদামের ট্রান্সফরমারটি মেরামত করা হয়নি। নালকাটা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা জানান, কুড়াদিয়াছড়া এলাকার ট্রান্সফরমারটি সচল করার জন্য টাকা দিতে হয়েছে। একই এলাকার গ্রাহক ত্রিদিব কিশোর চাকমা বলেন, ‘প্রতি মিটার থেকে ৩০০ টাকা আর প্রতি শাখা লাইন থেকে ১০০ টাকা করে তুলে বিদ্যুৎ বিভাগের পানছড়ি উপজেলার দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী অনুতোষ চাকমাকে দেওয়া হয়েছে।১১ জুন পানছড়ি বাজার এলাকার গ্রাহক রাবেয়া বেগম, মো. আবদুল আজিজ বলেন, এক মাস ধরে এলাকার তিন শতাধিক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। অনেকবার বলার পর ৭ জুন ট্রান্সফরমারটি মেরামতের জন্য নেওয়া হলেও কখন বসানো হবে তার নিশ্চয়তা নেই। মনজু আদামের বিদ্যুৎ গ্রাহক আলো জ্যোতি চাকমা, ধনেশ্বর চাকমা ও শ্যামল প্রসাদ চাকমা অভিযোগ করেন, এলাকায় ১৪৫ জন গ্রাহক রয়েছেন। ট্রান্সফরমার মেরামতের জন্য প্রত্যেক গ্রাহককে ৩০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। উপসহকারী প্রকৌশলী অনুতোষ চাকমাকে ইতিমধ্যে অগ্রিম পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। লতিবান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিনয় বিকাশ চাকমা বলেন, ‘আমার কাছ থেকেও ৩০০ টাকা চাওয়া হয়েছে। কিন্তু আমি টাকা দিইনি।’ পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘ট্রান্সফরমার বিকল হয়েছে এ কথা আমি জানি না। এ ব্যাপারে কোনো গ্রাহক আমাকে জানাননি।’ উপসহকারী প্রকৌশলী অনুতোষ চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো গ্রাহকের কাছ থেকে টাকা নিইনি। গ্রাহকেরা মিথ্যা অভিযোগ করেছেন।’ খাগড়াছড়ির বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা মুঠোফোনে বলেন, ‘টাকার ব্যাপারে গ্রাহকেরা আমার কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ট্রান্সফরমারগুলো ঠিক করার জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক হওয়ার পর পরই এনে চালু করে দেওয়া হবে।