করোনায় নারীর পেশা
বিকল্প কাজ পেতেও অনিশ্চয়তা
করোনাকালে কাজ হারানো নারীদের আবার কাজে ফেরা অনিশ্চিত। বিকল্প পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
রাজধানীতে তিনটি পরিবারে ছুটা বুয়া (গৃহকর্মী) হিসেবে কাজ করতেন আসিয়া। করোনাভাইরাসের বিস্তারে ঢাকায় টিকতে না পেরে স্বামী–সন্তান নিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন তিনি। অস্থায়ী বাজার উচ্ছেদ হওয়ায় স্বামীর মাছের ব্যবসা বন্ধ হয়েছিল করোনার বিস্তারের আগেই। আর গত মার্চ মাসের মাঝামাঝি থেকেই আসিয়ার কাজ বন্ধ হয়ে যায়। স্বামী, দুই সন্তান নিয়ে বিপদে পড়েন আসিয়া।
বরগুনা থেকে আসিয়া মুঠোফোনে বলছিলেন, ‘জমানো যা ছিল, তাই দিয়াই কিছুদিন চললাম। হেরপর আর টিকতে পারলাম না। ঢাকা ছাড়লাম। ঘরবাড়িতে কাজ করছি এত দিন, অন্য কাজ কেমন কইর্যা করি?’
আসিয়া এখন আবার ঢাকায় ফেরার কথা ভাবছেন। তিন বাসার মধ্যে এক বাসা থেকে তাঁকে মাসে কিছু টাকা নিয়মিত দেওয়া হচ্ছে, সেই বাসার লোকজন আসিয়াকে আবার কাজে রাখবেন বলেছেন। বাকি দুই বাসায় কাজ পাওয়ার নিশ্চয়তা নেই।
বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলেছে, ঢাকা এবং অন্যান্য শহরের ৫৪ শতাংশের বেশি গৃহকর্মী বেকার হয়ে পড়েছেন। এসব কাজ হারানো নারীদের মধ্যে মাত্র ৫ শতাংশ বিকল্প পেশায় নিযুক্ত হতে পেরেছেন। গবেষণায় বলা হয়েছে, শুধু গৃহকর্মী নন; ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষিজীবী নারী, অদক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক, বেতনভুক্ত চাকুরে—চাকরি হারানোর তালিকায় সব পেশার নারীই আছেন। এই দুটি সংগঠন করোনা সংকটের পর থেকেই আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে জরিপ করছে। গত ২৫ মার্চ থেকে দেশে ‘সাধারণ ছুটির’ আদলে লকডাউন শুরু হয়। মে মাসের শেষ দিকে এই লকডাউন তুলে দেওয়া শুরু হয়। পিপিআরসি-বিআইজিডি এপ্রিল মাসে আর্থসামাজিক অবস্থার ওপর একটি জরিপ করে। এরপর সর্বশেষ ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আর্থসামাজিক জরিপ চালায় দুটি প্রতিষ্ঠান। এতে অংশ নেয় ৭ হাজার ৬৩৮ পরিবার। এখানে শহর, গ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মানুষ অংশ নেয়। লকডাউন-পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পর অবস্থাটা কী, সর্বশেষ জরিপে সেটা জানারই চেষ্টা করা হয়।
সংগঠন দুটির নতুন জরিপে দরিদ্র মানুষের আয়, খাবার, পুষ্টি পরিস্থিতিসহ নানা বিষয়ের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ওপর প্রভাবের চিত্র উঠে আসে। গৃহকর্মীর পরেই ক্ষুদ্র ব্যবসায়ীদের ৩৫ শতাংশের বেশি কাজ হারিয়েছেন। এরপর আছে অদক্ষ শ্রমিক, বেতনভুক্ত চাকুরে, কৃষিশ্রমিক। সবচেয়ে কম চাকরি হারিয়েছেন কারখানার শ্রমিকেরা। তাঁদের সংখ্যা প্রায় ১৭ শতাংশ।
দেখা গেছে, অপ্রাতিষ্ঠানিক নানা খাতে পুরুষের তুলনায় নারীর কাজ হারানোর হার বেশি। যেমন পুরুষ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে কাজ হারিয়েছেন প্রায় ১৬ শতাংশ। কিন্তু এখানে নারীরা কাজ হারিয়েছেন ৩৫ শতাংশের বেশি। প্রায় ২০ শতাংশ অদক্ষ পুরুষ শ্রমিক কাজ হারিয়েছেন, নারীর কাজ হারানোর হার প্রায় ৩১ শতাংশ।
জরিপ বলছে, কাজ বা পেশা পরিবর্তনের সুযোগ সবচেয়ে কম পেয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহকর্মীরা। চাকরি হারালেও বেতনভুক্ত নারী কর্মীদের ভিন্ন চাকরিতে চলে যাওয়ার সুযোগ বেশি। তাঁদের মধ্যে ১৩ শতাংশের বেশি ভিন্ন পেশায় নিযুক্ত হতে পেরেছেন।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বললেন, ‘গৃহকর্মীদের কাজ বেশি হারানো বা নতুন পেশায় যুক্ত না হওয়ার কারণ চাহিদা দুর্বল হয়ে আছে। যারা তাদের নিয়োজিত করবে অর্থাৎ মধ্যবিত্ত সমাজের আমরা ভরসাটা পাচ্ছি না। এখানে কিন্তু এসব কর্মীর বিরুদ্ধে কোনো মনোভাব নেই। আছে স্বাস্থ্যগত ভীতি। আর সেই ভয় থেকেই এখনো চাহিদাটা চাঙা হচ্ছে না।’
ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে পুঁজির সংকট এবং সরবরাহব্যবস্থাকে বড় দুই প্রতিবন্ধকতা বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে শুধু বাসার ভাড়া নয়, তার ব্যবসার ক্ষেত্রের ভাড়াও একটা বড় বোঝা হিসেবে দেখা দিয়েছে। ছোট ব্যবসায় কোথাও তো করতে হয়, ঘরের ভাড়া দিতে হয়।’
রাজধানীর একটি নামী বিউটি পারলারের কর্মী ছিলেন রিভা রেমা (ছদ্ম নাম)। ময়মনসিংহের ধোবাউড়ার এই নারীর স্বামী একটি বেকারির বিক্রেতা। মার্চ মাসের শেষ দিকে পারলার বন্ধ হয়ে গেলে একমাত্র সন্তানকে নিয়ে এই দম্পতি বিপাকে পড়েন। মে মাসে পাঁচ হাজার টাকা দিয়ে তাঁকেসহ অন্য কর্মীদের বাড়ি চলে যেতে বলা হয়। জুন মাসে পারলার থেকে ফোন আসে, চাকরি খুঁজে নাও। রিভা এখনো চাকরি খুঁজে পাননি। গ্রামের বাড়ি থেকে এই নারী বললেন, ‘স্বামীর চাকরি যায়নি, তবে সেই বেকারি না খোলায় বেতন আর মিলছে না। জীবনে এমন অবস্থা কখনো আসবে বলে ভাবিনি। খুব কষ্টে আছি।’
রাজধানীর তেজকুনী পাড়ার খেলাঘর মাঠের কাছে ছোট চায়ের দোকান ছিল মমতা বেগমের। লকডাউনের সময় এ দোকান তুলে দিতে বাধ্য হন। পুঁজি যা ছিল, তার সব খুইয়েছেন গত কয়েক মাসে সংসারের খরচ মেটাতে। এখন পুঁজির জন্য হন্যে হয়ে ফিরছেন। মাঠের কাছে বাজারে একটি সবজির দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। মমতা বলছিলেন, ‘রাস্তায় গিয়া তো ইট ভাঙতে পারি না। আর কী করুম?’
বিকল্প কাজের অভাব বা কাজ পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এটা দরিদ্র কর্মজীবী নারীদের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের (বিআইডিএস) জ্যেষ্ঠ ফেলো নাজনীন আহমেদ।
দেশের মোট কর্মসংস্থানের ৮৮ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে। এই করোনাকালে যেসব ক্ষেত্র থেকে নারীরা কাজ হারিয়েছেন, তার মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের সংখ্যা বেশি। কিন্তু সেই খাতের হাল ফেরাতে সরকারি তৎপরতা কতটুকু ছিল, এ প্রসঙ্গে নাজনীন আহমেদ মনে করেন, অপ্রাতিষ্ঠানিক এ খাতে সরকারের প্রাতিষ্ঠানিক কোনো সহায়তা দেওয়া মুশকিল। অতিদরিদ্র মানুষের জীবিকার সংস্থান হয় যে খাতে, সরকারের উচিত সেই খাতে অর্থসহায়তা দেওয়া।
অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও দেশের নিম্ন আয়ের নারীদের হাল ফেরেনি, দুই প্রতিষ্ঠানের জরিপ সেই চিত্র তুলে ধরে। এ সময় নিম্ন আয়ের মানুষের অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন, তা স্বীকার করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তবে তাঁর কথা, সেই সময় মানুষের সহযোগিতায় সরকার ত্রাণ তৎপরতা জোরদার করেছে। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হলেও তা জোরেশোরে শুরু হয়নি। পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে বলে আশাবাদ তাঁর।