মাত্র এক কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গত ২৪ জুন ভারী বর্ষণের পর থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ওই এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত বছরের নভেম্বর মাসে দুই কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় মাতারবাড়ি ও ধলঘাটার লক্ষাধিক মানুষ বিকল্প নৌপথে ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি চার কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটার সড়ক চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শুকনো মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কপথে কোনো রকমে চাঁদের গাড়ি ও অটোরিকশাযোগে স্থানীয় লোকজন যাতায়াত করে এলেও সম্প্রতি ভারী বর্ষণের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের এক কিলোমিটার স্থানে ভেঙে গেছে। ওই সড়কের সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সড়কের দুই পাশে সামান্য মাটি ও গাইডওয়াল নির্মাণ করলেও তা বিলীন হয়ে গেছে।মাতারবাড়ি পুরান বাজারের ব্যবসায়ী রমিজ আলম প্রথম আলোকে বলেন, গত ২৪ জুন থেকে সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। এখন পরিবহন খাতে দ্বিগুণ খরচ হচ্ছে। এ কারণে পণ্যের দামও বেড়েছে।স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ঠিকাদারের চরম গাফিলতির কারণে সংস্কারকাজ চার মাস ধরে বন্ধ রয়েছে।এদিকে সন্ধ্যার পর থেকে বিকল্প নৌ চলাচলও বন্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, ‘ওই সড়কের সংস্কারকাজ জরুরি ভিত্তিতে শেষ করার জন্য মাসিক আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার উত্থাপন করা হলেও কোনো কাজ হচ্ছে না।’প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের চার কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার সড়ক সংস্কার করার জন্য গত বছরের নভেম্বর মাসে দুই কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।এ সংস্কারকাজের দায়িত্ব পায় মেসার্স চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি।কার্যাদেশ অনুযায়ী, ওই সড়কের সংস্কারকাজে গাইডওয়াল, সিসি ব্লক, মেকাডম, কার্পেটিং ও সড়কের দুই পাশে মাটির কাজ করার কথা। আর চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু করে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসে কিছু মাটি ও ব্লকের কাজ করলেও নানা অজুহাত দেখিয়ে মার্চ মাসের শেষের দিকে কাজ বন্ধ করে ঠিকাদারের লোকজন চলে যায়।তবে এ নিয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ফরিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টি কমলেই ওই সড়কের সংস্কারকাজ শুরু করা হবে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, জনগণের স্বার্থে ওই কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।