এক সপ্তাহ ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের মাঝখানে একটি সেতুর নির্মাণকাজ চলছে। কিন্তু সেতু নির্মাণ করার আগেই গাড়ি চলাচলের জন্য পাশে আরেকটি বিকল্প সড়ক নির্মাণ করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে ওই সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজও থেমে গেছে।
সড়ক ও জনপদ কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ কিলোমিটার দীর্ঘ গোরকঘাটা-জনতাবাজার সড়কের সাত কিলোমিটার অংশ ভাঙা। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল ওই সড়কের হোয়ানক এলাকার হরিয়ারছড়ার ওপর অবস্থিত একটি বেইলি সেতু। সড়কের ওই সাত কিলোমিটার অংশ ও বেইলি সেতু সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগ গত বছরের সেপ্টেম্বরে প্রায় সাত কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডেল্টা ইঞ্জিনিয়ার। কার্যাদেশ অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার কথা। অথচ কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। কিন্তু বিলম্বের পরও ঠিকাদারের লোকজন ঝুঁকিপূর্ণ বেইলি সেতু মেরামত শুরু করেন বিকল্প সড়ক তৈরি না করেই। এতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে এলাকার লোকজন।
১ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সেতু তৈরির জন্য সড়কে গর্ত খুঁড়ছেন কয়েকজন শ্রমিক। পাশে বিকল্প সড়ক না থাকায় সড়কের দুই পাশে আটকে আছে অন্তত এক শ গাড়ি। ফলে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, জনগণের যাতায়াতের কোনো ব্যবস্থা না করেই ঠিকাদারের লোকজন সেতু নির্মাণের কাজ শুরু করেছেন। এ কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এই সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়া করতে হয়। একটি বিকল্প সড়ক না করায় এসব মালামাল জায়গা মতো পেঁৗছানো যাচ্ছে না। মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজও বন্ধ রয়েছে।
জানতে চাইলে দীপন গ্যাস কোম্পানি লিমিডেটের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন, গাড়ি চলাচলের জন্য সেতুর পাশে একটি বিকল্প সড়ক করে দেওয়ার জন্য সড়ক ও জনপদ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে অনেকবার বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ কারণে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে প্রকল্প এলাকায় গ্যাস সঞ্চালন পাইপলাইন নেওয়া যাচ্ছে না। এতে মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ আইয়ুব বলেন, জায়গা না থাকায় বিকল্প সড়ক তৈরি করা সম্ভব হয়নি। তবে চলাচলের জন্য পাশেই একটি সড়ক ইট দিয়ে সংস্কার করে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপদ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আর পি বড়ুয়া বলেন, ‘দরপত্রে ওই সেতু এলাকায় বিকল্প সড়ক করার কথা নেই। আর সড়কের কারণে মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়ে কেউ আমাকে জানায়নি। আগামী দুই মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে।’