বিকিকিনি জমছে বিপণিকেন্দ্রে
নগরের বড় ছোট সব বিপণিকেন্দ্রে (মার্কেট) এখন ঈদের জৌলুস। সবখানে চাকচিক্য আর আলোর বন্যা। শুধু আলো আর চাকচিক্য দিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট নন। ক্রেতাদের কাছে টানার জন্য পুরোনো কৌশল ‘ঈদ উৎসব’ লটারিও চালু করেছে অনেক বিপণিকেন্দ্র। আর নতুন বাহারি সব ডিজাইনের দেশি-বিদেশি পোশাক তো রয়েছেই। কিন্তু ক্রেতার কাছে দেশি-বিদেশি বড় কথা নয় চাইছেন সাধ্যের মধ্যে পছন্দের সেরা পণ্যটি কিনতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। বেশি ভিড় শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, জুতা ও শিশুদের পোশাকের দোকানে। সকাল থেকে বিকেল এবং ইফতারের পর থেকে সেহির পর্যন্ত বিক্রয়কর্মীদের দম ফেলার ফুরসত মিলছে না। পোশাক কেনা শেষে মেয়েরা ছুটছেন রকমারি গহনার সন্ধানে, খোঁজ নিচ্ছেন সাজঘরে (পার্লার)। এদিকে, ‘ঠান্ডা’ হয়ে গেছে দর্জিবাড়ির গরম হাওয়া। গত কয়েকদিন সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতারা ঈদের কেনাকাটার জন্য বিপণিবিতান (নিউমার্কেট), মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, আমীন সেন্টার, ইউনুসকো সেন্টার ও আড়ংয়ে ভিড় করছেন। গাড়ি রাখার সুবিধা, স্বচ্ছন্দে কেনাকাটার সুযোগ, সুন্দর ব্যবহার, মানসম্পন্ন পণ্য, শৌচাগার, চলন্ত সিঁড়ি বা লিফট—এসব বিষয়ে গুরুত্ব দেন তাঁরা। অনেকে বিপণিকেন্দ্রের ভিড় এড়াতে প্রবর্তক মোড়ের ওয়েস্টেকস, মিয়া বিবি, অবনী বুটিকস, পিনন, নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউর সালসাবিল বুটিক হাউস, রওশনস, অঞ্জনস, সৃষ্টি, নোঙর, ট্রেন্ডজ, হাওলাদার ফ্যাশনস, মেহেদিবাগের রমণীয়া, চান্দগাঁওয়ের ডলস হাউস, কোতোয়ালির মোড়ের খাদিঘর, দেওয়ানজী পুকুরপাড়ের অর্ণবে কেনাকাটা সেরে ফেলছেন। অবশ্য অনেকে খুলশি মার্ট, ওয়েল মার্ট, আগোরা, বিগবাজারের মতো সুপারশপেও ঈদের কেনাকাটা করছেন। নগরে মানুষ বেড়েছে, ক্রয়ক্ষমতা বেড়েছে, বিপণিকেন্দ্রও বেড়েছে কিন্তু বিপণিবিতানের শ্রেষ্ঠত্বে এখনো ভাটা পড়েনি। কারণটা কী? জবাবটা দিলেন নিচতলার তারা শাড়িজের কবির আহমেদ—‘নিউ মার্কেট আসলে কখনো পুরোনো হবে না! এখানের বিশেষত্ব হলো দেশি-বিদেশি সেরা কালেকশনটি পাচ্ছেন ক্রেতারা। সুপরিসর গলি, দোকানে ক্রেতারা বসে কেনাকাটার সুযোগ, আলো-হাওয়ায় ভরা সুন্দর পরিবেশ, নামাজ আদায় ও পার্কিং সুবিধা, নিরাপত্তা ইত্যাদি তো আছেই।’ এখানে নূর সন্স ও অদুদ ফ্যাশনে আছে লক্ষাধিক টাকা দামের শাড়ি। বিপণিবিতানে এবার ঈদে চলছে মেগা ঈদ বিক্রয় উৎসব। প্রতিদিন একটি মুঠোফোন ও ১৬ হাজার টাকার পুরস্কার থাকছে। মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজল বণিক বলেন, ‘আসলে আমরাই আভিজাত্যের শীর্ষে। এখানকার ব্যবসায়ীরা ঐতিহ্য ধরে রেখেছেন। উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের কাছে এ মার্কেট পছন্দ নানা কারণে। প্রথমত, দেশি-বিদেশি সেরা কালেকশন আছে এ মার্কেটে। দ্বিতীয়ত, পণ্যের গুণগতমানের ব্যাপারে আমাদের ওপর আছে ক্রেতাদের আস্থা। তৃতীয়ত, ২০০ গাড়ি পার্কিংয়ের উন্মুক্ত সুবিধা। সবচেয়ে বড় কথা, এবার আমরা ২৫ বছর পূর্তি উৎসব করছি। ক্রেতাদের প্রতিদিন উপহার দিচ্ছি। মেগা পুরস্কার হিসেবে থাকছে ছয় লাখ টাকার মারুতি গাড়িসহ নানা কিছু।’ ওয়েস্টেকসের শাখা ব্যবস্থাপক প্রবাল বিশ্বাস জানালেন, ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঞ্জাবি এনেছেন তাঁরা। দাম এক হাজার ৭০০ থেকে এক হাজার ৯৫০ টাকা। স্ট্রাইপ চেকে নতুন শার্ট এসেছে। দাম পড়বে ৯৯৫ থেকে এক হাজার ৯৯৫ টাকা। কয়েকদিনের মধ্যে আসবে দুই হাজার ৪৯৫ টাকা দামের শার্ট। মেয়েদের জন্য এখানে আছে আলাদা কর্নার। একেবারে শিশু থেকে বাড়ির প্রবীণ মানুষটি পর্যন্ত—সবার পরিধেয়সামগ্রীসহ এটা সেটা মিলছে আড়ংয়ে। ষোলশহর শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক শ্রীকান্ত বিশ্বাস জানান, ‘জিইসি মোড় থেকে আমরা এখানে আসি গত বছরের ২০ আগস্ট। এখানে বড় পরিসরে আমাদের পণ্যগুলো ক্রেতাদের জন্য সাজানো হয়েছে। বেশ সাড়া পাচ্ছি আমরা। ১৭০ জন কর্মী কাজ করছেন।’ আড়ংয়ে ৫০০ থেকে ২৪ হাজার টাকায় পাঞ্জাবি, ৪৯৫ থেকে এক হাজার ৮০০ টাকায় শার্ট, ৬০০ থেকে ৩০ হাজার টাকায় শাড়ি, এক হাজার ৪০০ থেকে নয় হাজার টাকায় সালোয়ার-কামিজ, ২৩৫ থেকে আড়াই হাজার টাকায় শিশুর পোশাক, ৪৯৫ থেকে আড়াই হাজার টাকায় তাগা পাওয়া যাচ্ছে। চকবাজারের ডিসি রোড থেকে বিমা কর্মকর্তা মোহাম্মদ সেলিম স্ত্রী শাহানাজ আক্তারকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন সানমার ওশান সিটিতে। তৃতীয়তলার পরিণীতা বুটিকসের সামনে কথা হলো তাঁদের সঙ্গে। বললেন, ‘ঈদের বাজার বলে কথা—অনেক দোকান ঘুরেছি। একেক দোকানে একেক ডিজাইনের পোশাক। কোনোটার সঙ্গে কোনোটার কাজে-কাপড়ে তেমন মিল নেই। পরিণীতার শাড়ি এবং শৈল্পিকের পাঞ্জাবি কিনেছি। দাম গত বছরের চেয়ে একটু বেশি।’