বলীর খেলা জমবে আজ। তবে পণ্যের মেলা জমেছে আরও দুই দিন আগে শুক্রবার থেকে। বলীখেলার মেলায় কী নেই? চট্টগ্রামে যা আছে তা তো আছেই, আছে চট্টগ্রামে যা নেই তা-ও। জব্বারের বলীখেলা ঘিরে লালদিঘির মাঠের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা। বাহারি আসবাব, তৈজসপত্র, মৃিশল্প, কারুশিল্প, খেলনা, গহনা, মুখরোচক খাবার, প্রসাধন, ফলমূল, পাখি, গাছের চারা, গৃহস্থালিসামগ্রী সবই আছে। মেলা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্যের ডালি নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। দিনরাত সমানে চলছে বিকিকিনি। বরাবরের মতো বেশি বিক্রির তালিকায় আছে ফুলের ঝাড়ু আর হাতপাখা। আজ (১২ বৈশাখ) বিকেলে বসছে আবদুল জব্বার সওদাগর প্রবর্তিত বলীখেলার ১০১তম আসর। কাল সোমবার ভাঙবে মিলনমেলা। সরেজমিনে দেখা গেছে, বলীখেলা উপলক্ষে শুক্রবার থেকে বসেছে মেলা। বোস ব্রাদার্স থেকে সিনেমা প্যালেস পর্যন্ত কমদামি কাঠের আসবাবের ছড়াছড়ি। নকশা করা একজন-দুইজনের পালঙ্ক, শোকেস, সোফা, বইয়ের তাক, আলমারি, আলনা বিক্রি হচ্ছে প্রচুর। এরপর থেকে শুরু মৃিশল্পের হাতছানি। রং করা রকমারি ফুলের টব, ছোট-বড় মাটির ব্যাংক, ফুলদানি, হাতি-ঘোড়া দেখলেই ছুঁতে ইচ্ছে করবে। মাটির জিনিস পাওয়া যাচ্ছে লালদিঘির মাঠের পশ্চিমে পেট্রলপাম্প চত্বরেও। বেত ও বাঁশের তৈরি সোফা, চেয়ার, দোলনা, মোড়া পাওয়া যাচ্ছে মাঠের পশ্চিম প্রান্তে, ফুটপাতে। ফুলের ঝাড়ুর বিশাল সম্ভার মাঠের উত্তর প্রান্তে, সড়কের ওপর আর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনের সড়কে। থোকা থোকা আম, লাল মরিচ ঝুলছে এমন সব ফলদ আর বাহারি ফুল-পাতার চারা মিলবে লালদিঘির উত্তর-পূর্ব প্রান্তে। এখানে পাবেন মাটির টবও। এ ছাড়া হাতপাখা, গহনা, খেলনা, প্রসাধন ও ঘরকন্নার টুকিটাকি মিলছে কোতোয়ালির মোড়-বান্ডেল সড়ক-নজির আহমদ সড়ক-কেসি দে সড়ক পর্যন্ত পুরো মেলাজুড়ে। নরসিংদী থেকে ১০ হাজার টাকা ট্রাকভাড়া দিয়ে আসবাবপত্র নিয়ে এসেছেন আবদুর রশীদ। বোস ব্রাদার্সের পূর্বপাশে মালপত্র স্তূপ করেছেন বৃহস্পতিবার রাতে। তিনি জানান, এই মেলা উপলক্ষে অনেক প্রস্তুতি নিয়ে তাঁরা প্রতিবছরের মতো এসেছেন। প্রতিটি পালঙ্ক আড়াই হাজার থেকে চার হাজার টাকা, শোকেস দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেলা থেকে যাঁরা ফিরছেন প্রায় সবার হাতে দেখা গেছে জোড়ায় জোড়ায় ফুলের ঝাড়ু আর হাতপাখা। বাঁশখালীর জলদি থেকে ফুলের ঝাড়ু নিয়ে এসেছেন হেলাল উদ্দিন। তিনি জানান, ‘বছরে প্রতিটি পরিবারে কমপক্ষে দুই জোড়া ফুলের ঝাড়ু দরকার হয়। দাম নির্ভর করছে বাঁধাইয়ের ওপর। আমরা বেত দিয়ে মজবুত করে ফুল বাঁধি। তাই দাম একটু বেশি।’ তিনি বিক্রি করছেন প্রতি জোড়া ১৪০ টাকায়। অবশ্য ৩০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে ভালো মানের ঝাড়ু। হাতপাখা পাওয়া যাচ্ছে কাপড়, বাঁশ, বেত আর তালপাতার। প্রতিজোড়া ৪০-১২০ টাকা। এ ছাড়া মেলায় চাহিদা বেড়েছে শীতলপাটির। মেলায় আসা মানুষের বিনোদনের জন্য মাঠের ভেতর আছে নাগরদোলা, মৃত্যুকূপে মোটরসাইকেল চালানো, বিচিত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েকজন দর্শক নাম প্রকাশ না করে অভিযোগ করেন, বিচিত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য দেখিয়ে দর্শকদের পকেট কাটা হচ্ছে। এ ছাড়া আছে বখাটের উৎপাত। মেহেদিবাগ থেকে আসা একটি প্যাকেজিং কারখানার স্বত্বাধিকারী আকতার হোসাইন জানান, ‘এই মেলা থেকে আমরা এক বছরের সব নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি উপকরণ সংগ্রহ করি। বিশেষ করে পাতপাখা, ঝাড়ু, পিঠা তৈরির পিঁড়ি, মাটির ব্যাংক ইত্যাদি।’কথা হয় গৃহিণী উম্মে হাবিবার সঙ্গে। তিনি বলেন, ‘এখানে নিশ্চিন্তে কেনাকাটা করার জন্য খুব সকালে অথবা একটু রাতে আসি আমরা। এসময় ভিড় কম থাকে। দরকষাকষি করে কমদামে ভালো জিনিসটি কেনা যায়।’আবদুল জব্বার বলীখেলা পরিচালনা কমিটির কর্মকর্তা স্বপন মহাজন জানান, ‘মূলত ১২ বৈশাখ বলীখেলা অনুষ্ঠিত হয়। এর আগে ও পরের দুদিন মেলা থাকে।’ তিনি কোনো স্টল বা দোকান থেকে কমিটি চাঁদা বা ভাড়া নেয় না বলে জানান।