বিকেএসপির যত বিভাগ
জিমন্যাস্টিকএই বিভাগে এখন মোট ৩০ জন শিক্ষার্থী আছে। বিভিন্ন সময়ের জাতীয় দলে খেলা জিমন্যাস্টদের মধ্যে ৯০ শতাংশের বেশিই বিকেএসপির শিক্ষার্থী। সিনিয়র কোচ কাজী আকরাম আলী বলেন, ‘আমরা যাদের তৈরি করছি, তারা দেশের মুখ উজ্জ্বল করছে। তারা নিয়মিত সোনা, রুপা জিতছে। আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত রয়েছে।’ মোট চারজন প্রশিক্ষণার্থীর তদারকিতে চলছে বিকেএসপির জিমন্যাস্টিক বিভাগ। ছেলে ও মেয়ে সবাই জন্যই এখানে রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা।বক্সিংবক্সিং বিভাগের সমৃদ্ধির তালিকাটাও বেশ লম্বা হতে শুরু করেছে। নিয়মিত যোগ হচ্ছে নতুন নতুন অর্জন। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশ নেয় বড়দের সঙ্গে। সোনা, রুপা জিতেও আনছে নিয়মিত। বক্সিং বিভাগের সিনিয়র কোচ আবু সুফিয়ান চিশতী বলেন, ‘এখানে যারা ভর্তি হয়, তারা কিছু না শিখেই আসে। গত মাসে আমাদের ছেলেরা ফিলিপাইনে এশিয়ান কনফেডারেশন ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে খেলেছে কোরিয়া ও উজবেকিস্তানের মতো দলের সঙ্গে।’ মোট ২২ জন শিক্ষার্থীর এই বিভাগে প্রশিক্ষক আছেন চারজন।ফুটবলএমিলি, জাহিদ, মামুন, মোস্তাক, মানিকসহ জাতীয় দলের অনেক ফুটবলারেরই ফুটবল শেখা এই বিকেএসপিতে। অনেক শিক্ষার্থী বর্তমানে খেলছে বিভিন্ন ক্লাবের হয়ে। এ ছাড়া অনূর্ধ্ব-১৯-এ ১২ জনই আছে বিকেএসপির। অনেকে খেলছে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৪ দলে। নিয়মিত প্রশিক্ষণ দিতে ফুটবলে কোচ হিসেবে রয়েছেন ঢাকায় পাঁচজন, দিনাজপুরে দুজনসহ খণ্ডকালীন বেশ কয়েকজন। দেশি-বিদেশি এসব কোচের হাত ধরেই এখানে গড়ে উঠছে আগামী দিনের ফুটবল তারকারা।ফুটবল কোচ হাসান আল মাসুদ বলেন, ‘ফুটবলে অনেক ছেলেই আছে ভালো করার মতো। আমাদের ফুটবল বিভাগে ঢাকা কেন্দ্রে ৯০ জন, খুলনায় ২৭ ও দিনাজপুরে ২৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। তারা অনেকেই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে।’হকিদেশের হকি খেলোয়াড়েরা সম্প্রতি বিদেশের মাটি থেকে জিতে এসেছেন বেশ কয়েকটি টুর্নামেন্ট। সর্বশেষ জাতীয় দলের ১৮ জনের মধ্যে ১৬ জনই বিকেএসপির শিক্ষার্থী। খেলোয়াড় তৈরির এই কারখানাতে হানা দিয়ে জানা গেল সাফল্যের সূত্র। অন্য খেলার মতোই প্রতিদিন নিয়ম করে চলে হকির প্রশিক্ষণ। নানা ধরনের কৌশল শেখাতে দুজন কোচ নিয়মিত থাকেন মাঠে। এ ছাড়া আছেন অনিয়মিত দুজন প্রশিক্ষক। সর্বশেষ ২০তম যুব হকি ২০১২-তে চ্যাম্পিয়ান হয়েছে বিকেএসপি হকি দল। মোট ৬৬ জন শিক্ষার্থী রয়েছে বিকেএসপির হকি বিভাগে। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রানার আপ হয়। এ দলের সবাই বিকেএসপির শিক্ষার্থী। হকির চিফ কোচ কাউসার আলী বলেন, ‘এখানে যারা ভর্তি হয়, আমরা চেষ্টা করি তাদের বিশ্বমানের প্রশিক্ষণ দিতে। সঠিক চর্চার কারণেই তারা পরে নিজেদের অবস্থান তৈরি করে নেয় জাতীয় দলে।’জুডোকয়েক বছর হলো বিকেএসপিতে চালু হয়েছে জুডো। এরই মধ্যে বেশ দক্ষ হয়ে উঠেছে এই বিভাগের শিক্ষার্থীরাও। দুজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এখানে বর্তমানে ১৯ জন শিক্ষার্থী জুডো শিখছে। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। প্রশিক্ষক ফারহানা হালিম মনে করেন, ছোটদের জন্য আলাদা প্রতিযোগিতা হওয়া দরকার। নেপালে ২০১১ সালে সাউথ এশিয়ান ক্যাডেট জুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিকেএসপি দল জিতে আনে সোনাসহ মোট সাতটি পদক। একই প্রতিযোগিতা ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ মোট আটটি সোনার পদক পায়, যার ভেতর পাঁচটি অর্জন করে বিকেএসপির শিক্ষার্থীরা।সাঁতারবিকেএসপির সাঁতার বিভাগে আছে ছেলেমেয়ে মিলিয়ে ৪৬ জন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাঁতারে অংশ নেওয়া সাঁতারুদের প্রায় সবাই বিকেএসপির শিক্ষার্থী। সর্বশেষ ২৬তম জাতীয় সাঁতারে বিকেএসপির অর্জন বেশ লম্বা। ১০টি স্বর্ণপদক, ১২টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপি। এখন তারা তৈরি বাংলাদেশ গেমসের জন্য। প্রধান কোচ মো. সুলাইমান জানান, ‘সাঁতারে যারা ভর্তি হয়, তারা বেশির ভাগই অনগ্রসর পরিবারের। এখানে আসার পর তারা অনেক ভালো করে। অলিম্পিকের মতো বিশ্ব আসরে অংশ নিচ্ছে আমাদের শিক্ষার্থীরা।’শ্যুটিংহাতে পিস্তল বা রাইফেল নিয়ে প্রশিক্ষণ নেয় এখানকার একদল শিক্ষার্থী। দেশের হয়ে যারা বিভিন্ন সময় শ্যুটিংয়ে দেশ-বিদেশে নানা অর্জন বয়ে এনেছে, তারা অনেকেই বিকেএসপির। আসিফ বা শারমিন আক্তার, তৃপ্তি দত্ত বা আবদুল্লাহ আল বাকির মতো শ্যুটারও একসময় ছিলেন বিকেএসপির শিক্ষার্থী। বর্তমানে এখানে ৩০ জন শিক্ষার্থী আছে, যারা শ্যুটিং শিখছে। পিস্তল, রাইফেল আর শটগান—এই তিন ক্যাটাগরির নানা ইভেন্টে খেলছে এখানকার শিক্ষার্থীরা। কোচ সৈয়দ আসবাব আলী জানান, জাতীয় দলের প্রায় ৮০ শতাংশই বিকেএসপির শ্যুটার।অ্যাথলেটিকসঅ্যাথলেটিকসে তো অর্জনের শেষ নেই। দেশ-বিদেশে নানা অর্জনে সমৃদ্ধ বিকেএসপির অ্যাথলেট দল। এখানে ৩৮ জন অ্যাথলেট প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশ গেমসে অংশ নেবে নয়জন অ্যাথলেট। দৌড়, লংজাম্প, হাইজাম্প, চাকতি নিক্ষেপসহ নানা ক্যাটাগরিতে চলে প্রশিক্ষণ।আর্চারিআর্চারি বিভাগে আছে মোট ২১ জন শিক্ষার্থী। এর মধ্যে অনেকেই ব্যক্তি ও দলগত প্রতিযোগিতায় বেশ ভালো সাফল্য এনেছে দেশের জন্য। ২০১২ সালে জাতীয় আর্চারিতে সোনা জিতেছে বিকেএসপির শিক্ষার্থীরা।বাস্কেটবলএই বিভাগে ৩১ জন শিক্ষার্থীর অনুশীলন চলছে। কোচ মাহবুবুর রহমান জানান, বাস্কেটবল খেলতে খেলোয়াড়ের লম্বা হওয়াটা জরুরি। সেই সঙ্গে কৌশলগুলো বুঝলেই ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে সে। নিয়মিত তিনজন প্রশিক্ষক রয়েছেন এই বিভাগে। এ ছাড়া আছেন খণ্ডকালীন প্রশিক্ষক। এই খুদে খেলোয়াড়েরাই গত বছর ভারতের চণ্ডীগড়ে খেলে হয়েছে চ্যাম্পিয়ন। দেশে বিজয় দিবস থ্রি অন থ্রি বাস্কেটবলে রানাপআপ হয়েছে। জাতীয় বাস্কেটবল দলের ১২ জনের মধ্যে সাতজনই বিকেএসপির। মিঠুন কুমার, শামসুজ্জামান, সোহেল, শাওন ও আকাশ—জাতীয় দলের এই উজ্জ্বল নামগুলো সব বিকেএসপির শিক্ষার্থী বলে জানা গেল।টেনিসএই বিভাগে মোট ৩০ জন শিক্ষার্থী আছেন। বিভাগীয় কোচ জাকির হোসেন জানান, ‘এখানে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করছে। তবে দেশে নিয়মিত আরও বেশি বেশি টেনিস প্রতিযোগিতার আয়োজন দরকার। বিভাগ পর্যায়ে নিয়মিত আয়োজন করা যেতে পারে নানা টুর্নামেন্ট। আর তাহলেই আরও ভালো করবে এই বিভাগের শিক্ষার্থীরা।’ বাংলাদেশ গেমসে টেনিস বিভাগের ১৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যাঁদের মধ্যে ১১ জনই মেয়ে।ক্রিকেটবাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ছিলেন বিকেএসপির শিক্ষার্থী। এরপর অনেকেই যুক্ত হয়েছেন সাফল্যের মঞ্চে। অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, এনামুল হক বিজয়সহ জাতীয় দলে খেলা বাংলাদেশের অনেক ক্রিকেটারই বিকেএসপির শিক্ষার্থী। নতুনদের মধ্যেও পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়ার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিকেএসপির ক্রিকেট বিভাগের চিফ কোচ মাসুদ হাসান জানান, অনেক অভিভাবকই এখন নিজের সন্তানকে নিয়ে ছুটে আসছেন ক্রিকেটার বানানোর স্বপ্নে। আর এ বছর বিকেএসপিতে ছেলেমেয়ে মিলিয়ে মোট ৩৩টি আসনের জন্য লড়াই করেছে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী।বিকেএসপির মূল কেন্দ্র ও দিনাজপুর কেন্দ্রে বর্তমানে ক্রিকেট খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।