বিকেলবেলার কাঁচাবাজার

‘বিভিন্ন ধরনের শাকসবজি, হাঁস-মুরগি, কবুতর, মাছ সবকিছুই পাওয়া যায় এখানে। মেলে পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন জাতের মসলাও। দামও অন্যান্য বাজারের চেয়ে তুলনামূলক কম। বাসাবাড়ির কাছে এমন সুযোগ কে না কাজে লাগাতে চায়! তাই প্রতিদিন বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে দিনের বাজারটা এখান থেকেই সেরে নিই।’ বলছিলেন নগরের সিরাজউদ্দৌলা সড়কের পাশে কাঁচাবাজারে আসা ক্রেতা মো. শরিফ হোসেন (৫০)।
শরিফ হোসেনের মতো অনেকেই কর্মস্থল থেকে ফেরার পথে কিংবা বিকেলবেলা হাঁটাচলা করার সময় দৈনন্দিন বাজারটা সারেন এ বাজার থেকে। স্থানীয় অনেক গৃহিণীকেও দেখা গেছে কেনাকাটা করতে।
আন্দরকিল্লা নগর ভবনের পূর্ব দিক থেকে দক্ষিণে মাছুয়া ঝরনার মোড় পর্যন্ত আধা কিলোমিটারের বেশি জায়গাজুড়ে বসেছে এ কাঁচাবাজার। ফুটপাতসহ সড়কের একাংশ দখল করে বসা বাজারে বিকেল চারটা-পাঁচটা থেকেই ক্রেতা সমাগম বাড়তে থাকে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, আন্দরকিল্লা, ঘাটফরহাদবেগ, জাকির হোসেন লেন, মাছুয়া ঝরনা, জয়নাব কলোনি, খলিফাপট্টি, দেওয়ানজি পুকুরপাড়সহ আশপাশের বাসিন্দারাই এ বাজারের প্রধান ক্রেতা। এলাকার বেশির ভাগ বাসিন্দাই চাকরিজীবী, ভাড়াটিয়া।
ক্রেতা মো. শরিফ হোসেন জানান, অন্য জায়গার চেয়ে এখানে পণ্যের দাম তুলনামূলক কম। মুরগি বিক্রেতা তপন জানান, ‘আমাদের এখানে যেকোনো পণ্যের দাম ক্রেতার সামর্থ্যের মধ্যেই থাকে।’
এদিকে ফুটপাত দখল করে বাজার বসায় নাগরিকদের নানা রকম সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় দোকানদার আনিসুজ্জামান জানান, বিকেলে হাট বসার পর থেকেই পরদিন সকাল পর্যন্ত ময়লা-আবর্জনা এখানে-সেখানে পড়ে থাকে। ফলে সন্ধ্যার পর থেকেই চারদিকে দুর্গন্ধ ছড়ায়। পথচারী জয়নাব বেগম বলেন, এ বাজারের ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে সড়কে পানি জমে যায়। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
সড়কসংলগ্ন অধিকাংশ স্থায়ী দোকানদার নিজেদের দোকানের সামনেই ফুটপাতের কিছু অংশ জুড়ে পণ্যের পসরা সাজিয়েছেন। তাঁদের দাবি, ফুটপাতে দোকান বসলেও তাতে তেমন সমস্যা হচ্ছে না। দোকানি স্বপন সাহা বলেন, ‘ফুটপাতের কিছুটা অংশজুড়ে আমাদের দোকানের সামনেই আমরা বাজার নিয়ে বসি। এতে পথচারীদের হাঁটতে কোনো অসুবিধা হয় না। বাজারের আশপাশে স্কুল-কলেজ না থাকায় যানজটের সমস্যাও তেমন নেই।’ জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘স্থানীয় দোকানদারেরাই মূলত সেখানে অস্থায়ী বাজার বসিয়েছেন। আমাদের কর্মীরা প্রতিদিন ময়লা-আবর্জনা পরিষ্কার করে নিয়ে আসে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’