বিক্রম শেঠের সঙ্গে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটখাটো গড়নের মানুষ, চোখেমুখে কৌতুকের ঝিলিক। বেশভূষায়ও কোনো বাহুল্যের ছাপ নেই। মাইক্রোফোন হাতে যখন উঠে দাঁড়ালেন তখন দর্শকসারিতে মৃদু গুঞ্জন। ‘আরে ইনিই এ সুইটেবল বয় -এর লেখক বিক্রম শেঠ?’ভারতীয় বংশোদ্ভূত ইংরেজি ভাষার লেখক বিক্রম শেঠ সমকালীন বিশ্বসাহিত্য অঙ্গনে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৫২ সালে কলকাতায় জন্ম নেওয়া বিক্রম লেখাপড়া করেছেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনে। প্রায় ছয়টিরও বেশি ভাষায় পারদর্শী এই লেখক অর্থনীতি ও সৃজনশীল লেখালেখির ওপর পড়াশোনা করেছেন।ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ‘হে ফেস্টিভল’ উপলক্ষে তাঁর বাংলাদেশে আসা। ১০ নভেম্বর ঘুরে গেলেন চট্টগ্রাম। দেখলেন চট্টগ্রামের ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক স্থাপনা। বিকেলে একফাঁকে এলেন বাতিঘর গ্রন্থ বিপণিকেন্দ্রে। সেখানে পাঠকদের সঙ্গে একটা জমজমাট আড্ডাও হয়ে গেল। চট্টগ্রামের পাঠকদের জন্য বিক্রম শেঠ নতুন অভিজ্ঞতা। তাই তাঁর বাতিঘরে আসার খবর শুনে তাৎক্ষণিকভাবে জনা পঞ্চাশেক পাঠক হাজির হয়েছিলেন।এ সুইটেবল বয়, দ্য গোল্ডেন গেট, এন ইকোয়েল মিউজিক ও টু লাইভস -এর মতো বইগুলো তাঁকে নিয়ে গেছে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে। তবে খ্যাতির বলয় তাঁকে একেবারেই যে গ্রাস করেনি সে দিন বাতিঘরে আসা পাঠকেরা সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন।মাইক্রোফোন হাতে নিয়েই দর্শকদের ক্ষণে ক্ষণে হাসালেন।শুরুতে বললেন, ‘চট্টগ্রামে এসে ভালোই লাগছে। আপনাদের শহরটা সুন্দর। আমি সুযোগ পেলেই মানুষের সঙ্গে মিশি। এখানে এসেও ঠিক করেছি যতটা পারি ঘুরে দেখব। খুলনা, কুষ্টিয়া, শিলাইদহেও যাওয়ার পরিকল্পনা আছে।’চট্টগ্রামে আগে এসেছিলেন কি না, একজন পাঠকের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশেই এই প্রথমবার আসা তাঁর। যদিও কলকাতায় জন্ম হওয়ার সুবাদে বাংলাদেশকে সব সময় নিজের খুব কাছের দেশ বলেই ভাবতেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এ ছাড়া এ দেশের সঙ্গে তাঁর আরও একটা সম্পর্ক আছে বলে জানালেন। লরেটো কনভেন্ট স্কুলে পড়ার সময় তাঁর মা ‘নান’ (সন্ন্যাসিনী) হবেন বলে পণ করেছিলেন। কিন্তু তাঁর নানির জন্য মায়ের পরিকল্পনা ভেস্তে যায়। নানি মাকে স্কুল থেকে ছাড়িয়ে এনে খুলনা পাঠিয়ে দিয়েছিলেন। খুলনায় বিক্রমের মায়ের কৈশোরের একটা অংশ কেটেছে। তাই খুলনা নামটি এখনো তাঁকে আবেগপ্রবণ করে তোলে বলে জানালেন। প্রথম উপন্যাস দ্য গোল্ডেন গেট লিখতে কত সময় লেগেছিল? এমন প্রশ্নের উত্তরে বিক্রম জানান, সত্তরের দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদি চীনা কবিতার ওপর লেখাপড়া করতে গিয়েছিলেন। সেখানে পড়েন আলেক্সান্ডার পুশকিনের ‘ইউজিন ওনেগিন’ কাব্যটি। এটি পড়েই তাঁর মাথায় গোল্ডেন গেট লেখার চিন্তা আসে। পুশকিনের ছন্দে ক্যালিফোর্নিয়ার নগরজীবনের গল্প বলেন তিনি। কাব্যে লেখা এই উপন্যাস রাতারাতি সাড়া ফেলে দিয়েছিল। এক হাজার ৪৭৪ পৃষ্ঠার বৃহদায়তন উপন্যাস এ সুইটেবল বয়কে বলা হয় আধুনিক যুগের ওয়ার অ্যান্ড পিস। এত বড় কলেবরের উপন্যাস কীভাবে লেখা সম্ভব হলো এমন প্রশ্নের উত্তরে বিক্রম শেঠ বলেন, ‘আসলে এত বড় করতে চাইনি। তবে চরিত্রগুলোকে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে উপন্যাসকে বড় করতে হয়েছে। লিখতে চেয়েছি একটা প্রেমেরই গল্প। কিন্তু একটা সময়কে ধরতে হলে সে সমাজের অর্থনীতির চিত্রও তুলে ধরতে হয়। এসব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গিয়েই উপন্যাসটি বড় করতে হয়েছে।’ কবিতা, উপন্যাস দুটোই লেখেন—কোনটিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমন প্রশ্ন শুনে হাসলেন বিক্রম। বললেন, ‘দেখুন, ইলিশ না সন্দেশ কোনটা পছন্দ করেন প্রশ্নটা তেমন হয়ে গেল না? দুটোই আমার পছন্দ। তবে প্রতি বিকেলে আমি সামান্য হুইস্কির সঙ্গে একটা সন্দেশ খাই। সে ক্ষেত্রে কেউ যদি প্রশ্ন করে কোনটা বেশি প্রিয়? আমি বলব দুটোই। আমার প্রথম উপন্যাস কাব্যে লেখা। কবিতার হাত ধরে চলেছে কাহিনি। আবার এটি লেখার পর আমি পরবর্তী উপন্যাস লেখার আগ্রহ পাই।’এখন কী বই পড়ছেন এমন প্রশ্নের উত্তরেও বেশ কৌতুক করলেন তিনি। বললেন, ‘বই পড়তে আমার তেমন ভালো লাগে না। একান্ত আলোচনা করতে না বললে আজকাল বইও পড়ি না। মানুষ তো বই পড়ে অপরের জীবনকে জানতে। আমি জীবনের এই অভিজ্ঞতা সরাসরি নিতে ভালোবাসি। আমি সংগীত, ভ্রমণ, সাঁতার পছন্দ করি। শেষ কী বই পড়েছি ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। শেষবার দিল্লি এয়ারপোর্টে বসে পড়েছিলাম লোনলি প্লেনেট থেকে বের হওয়া এ ট্র্যাভেল গাইড অন বাংলাদেশ, পাশাপাশি গিরিশ কারনাডের একটি নাটকও পড়েছি।