বিক্রি হয়ে গেল ব্যাংকসির 'গোয়েন্দা'

একটা টেলিফোন বুথের দুপাশে তিন গোয়েন্দা। রেডিও ট্রান্সফরমার, অডিও রেকর্ডিংয়ের যন্ত্রপাতি নিয়ে পাবলিক টেলিফোন বুথে মানুষের কথায় আড়িপাতার বন্দোবস্ত করছেন। দৃশ্যটা দেখে পঞ্চাশ দশকের কথা মনে পড়বে। গোয়েন্দাদের পরনে সেকেলে ধরনের লম্বা ওভারকোট, মাথায় হ্যাট। তবে, এটা বাস্তবের কোনো দৃশ্য নয়। বিখ্যাত ব্রিটিশ পথশিল্পী ব্যাংকসির একটা গ্রাফিতি এটা। ‘গোয়েন্দা’ শিরোনামের এ গ্রাফিতি ‘বিক্রি হয়ে যাওয়া’ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনায় ফিরে এসেছেন জনপ্রিয় এই পথশিল্পী। দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
গ্রাফিতিসহ নানা ধরনের পথশিল্পের চর্চায় খ্যাতি পাওয়া এই শিল্পী ‘ব্যাংকসি’ ছদ্মনামেই পরিচিত। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে গেরিলা কায়দায় কাজ করেন তিনি। স্টেনসিলে দেয়ালচিত্র আঁকায় তাঁর মুনশিয়ানা ব্যাপকভাবে প্রশংসিত। এ ছাড়া ব্যাংকসির কাজ খুবই সহজবোধ্য বা তা দ্রুতই সাধারণ মানুষকে নানা বার্তা পৌঁছে দিতে সক্ষম বলেও আলোচিত।
প্রতিবাদ-প্রতিরোধের প্রকাশে গ্রাফিতিসহ পথশিল্পের নানা মাধ্যম যেমন জনপ্রিয়, তেমনি জনপ্রিয় জনপরিসরে শিল্পচর্চার অগ্র সেনানী এই পথশিল্পীরাও। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকসির একের পর এক দেয়ালচিত্র বিক্রি হয়ে যাওয়া এবং জনপ্রিয় ওই চিত্রগুলো জনপরিসর থেকে সরিয়ে নেওয়া নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পড়েন এই পথশিল্পী। এদিকে বিক্রির পাশাপাশি এসব চিত্রকর্ম গ্যালারিতে প্রদর্শন করা নিয়েও আলোচনা কম হয়নি। কেউ কেউ বলেছেন, গ্রাফিতি বা এমন পথশিল্প গ্যালারিতে গেলে তা আর ‘পথশিল্প’ই থাকে না।
‘গোয়েন্দা’ শিরোনামে পরিচিত এই দেয়ালচিত্রটি শেলটেনহামে ব্রিটেনের টেলিযোগাযোগ-বিষয়ক বিশেষ গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ‘জিসিএইচকিউ’-এর খুব কাছের একটা দেয়ালে আঁকা। টেলিফোনে আড়িপাতা নিয়ে দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিসরে তুমুল আলোচনা-সমালোচনার সময় ব্যাংকসির এই দেয়ালচিত্র ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে সরকারের গোয়েন্দাবৃত্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল। ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দেয়ালচিত্রের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে ব্যাংকসির এই কাজটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছিল, সেখানে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। কিন্তু শুক্রবার দেশটির বেসরকারি কোম্পানি কিউ স্ক্যাফোল্ডিংয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানটির মালিক ব্যাংকসির এ কাজটি কিনে নিয়েছেন। জন জয়েস নামের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘কিউ স্ক্যাফোল্ডিংয়ের মালিক স্কাই গ্রিমস কাজটির মালিকের কাছ থেকে এটা কিনে নিয়েছেন এবং লন্ডনে মাসব্যাপী এক প্রদর্শনীতে কাজটি দেখানো হবে।’