ওসামা বিন লাদেনের মৃত্যুচলতি বছরের ১ মে, রোববার রাত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস থেকে টেলিভিশনে এক ‘বিশেষ ঘোষণা’ দিলেন। তাঁর সেই ঘোষণায় চমকিত হলো সারা বিশ্ব। ওবামা ঘোষণা করলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মাথাব্যথার কারণ ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি নিহত হয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অভিজাত অ্যাবোটাবাদ এলাকায় এক প্রাচীরঘেরা বাড়িতে আল-কায়েদার নেতাকে পাওয়া যায়। অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ বিশেষায়িত ইউনিট নেভি সিল এ অভিযানে অংশ নেয়। আরব বসন্ততিউনিসিয়ার সিদি বুজিদ শহরের এক দরিদ্র যুবক নিজ দেহে আগুন লাগিয়ে জীবনের নির্মমতা আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর চিৎকার ছড়িয়ে যায় পুরো অঞ্চলে। এ প্রতিবাদ ক্রমে গণ-আন্দোলনের রূপ নিয়ে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যজুড়ে। এই আন্দোলন সবচেয়ে নাটকীয় রূপ নেয় আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে। তিন দশক ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারকের গদি টলে ওঠে। তরুণ প্রজন্ম ২৫ জানুয়ারি ‘বিপ্লব দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই দিন মোবারক সরকারের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে কয়েক লাখ বিক্ষোভকারী সমবেত হয়। ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ান। জাপানে ভূমিকম্প ও সুনামিজাপানের উত্তর-পূর্ব উপকূলে ১১ মার্চ নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রতিক্রিয়ায় আঘাত হানে প্রলয়ংকরী সুনামি। এ দুটি মিলে যে দুর্যোগ সৃষ্টি করে, তা ছিল জাপানে আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জও ছিল এটি। ভূমিকম্প ও সুনামির আঘাতে দেশটিতে প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। ক্ষয়ক্ষতির আর্থিক অঙ্ক দাঁড়ায় কয়েক শ বিলিয়ন ডলার। দুর্যোগ এখানেই শেষ হয়নি। ভূমিকম্প ও সুনামির ধাক্কা সরে যেতেই দেখা গেল, এ ধাক্কায় দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন স্থাপনা ফুকুশিমা দাইচিতে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। এতে করে একদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, অন্যদিকে ফাটল দিয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ভীতি সৃষ্টি হয়। গাদ্দাফির পতনউত্তর আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় চার দশক ধরে ক্ষমতায় থাকা মহাপ্রতাপশালী নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন হয় গত ২০ অক্টোবর। তবে রীতিমতো রক্তপাতের মধ্য দিয়ে বিদায় হয়েছে গাদ্দাফির। গণতন্ত্রের দাবিতে সারা আরবে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঢেউ মার্চের শুরুর দিকে আছড়ে পড়ে লিবিয়ায়ও। দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ দানা বেঁধে ওঠে। গাদ্দাফির কয়েকজন প্রভাবশালী সহযোগী ও সেনা কর্মকর্তাও একপর্যায়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। নির্মমভাবে বিদ্রোহ দমনের উদ্যোগ নেন গাদ্দাফি। তাঁর দমনাভিযান থেকে দেশটির বেসামরিক জনগণকে রক্ষা করতেই মূলত জাতিসংঘ মার্চ মাসে লিবিয়ায় বিদ্রোহীদের সহযোগিতায় বিদেশি আগ্রাসনের অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাস করে। তবে ন্যাটো আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে এপ্রিলের দিকে। উত্থান-পতনে ভরা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ আগস্ট রাজধানী ত্রিপোলির পতন হয়। তবে আত্মগোপনে চলে যান গাদ্দাফি। লিবীয় নেতার অনুগত সর্বশেষ যোদ্ধারা তাঁর জন্মশহর সির্তসহ কয়েকটি স্থানে প্রতিরোধযুদ্ধ চালিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত সির্তেই বিদ্রোহীদের হাতে আহত অবস্থায় ধরা পড়েন গাদ্দাফি। এরপর রহস্যজনক পরিস্থিতিতে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। নরওয়েতে নৃশংসতা২২ জুলাই অন্যতম শান্তির দেশ হিসেবে পরিচিত নরওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার ইতিহাসের ভয়াবহতম নৃশংসতা প্রত্যক্ষ করে। এই দিন প্রথমে রাজধানী অসলোতে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে আটজন নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন। এরই ঘণ্টা দুয়েক পর রাজধানী থেকে ১৭ মাইল দক্ষিণের ছোট্ট দ্বীপ উটোয়াতে তরুণ রাজনৈতিক কর্মীদের এক গ্রীষ্মকালীন সম্মেলনে হামলা চালায় এক বন্দুকধারী। নরওয়ের বামপন্থী লেবার পার্টি ওই সম্মেলনের আয়োজন করেছিল। প্রথমে রাজধানীর বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হলেও পরে দেখা যায়, ঘটনা তা নয়। তরুণদের সম্মেলনে একান্তই স্বতঃপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে এন্ডারস বেহরিং ব্রেইভিক নামের এক যুবক। ইউরোপের অর্থনৈতিক সংকটতীব্র অর্থনৈতিক সংকট ও তা মোকাবিলায় সরকারগুলোর ব্যর্থতায় এ বছর ইউরোজোনের বেশ কয়েকটি দেশে, বিশেষ করে গ্রিস চরম অর্থনৈতিক সমস্যায় পড়ে যায়। আইএমএফ ও ইউরোপীয় জোটের শর্ত অনুযায়ী, বাজেট সংকোচন নীতি গ্রহণ করায় গ্রিসের সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। হাজার হাজার ক্ষুব্ধ মানুষ এথেন্সের রাস্তায় নেমে আসে। একই রকম বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্পেনেও। সর্বব্যাপী এই অর্থনৈতিক সংকট ইতালির মতো তুলনামূলকভাবে শক্তিশালী অর্থনীতিকেও ছাড়েনি। আফ্রিকায় দুর্ভিক্ষউত্তর-পূর্ব আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ বিশ্বের দীর্ঘস্থায়ী সমস্যাসংকুল অঞ্চলগুলোর অন্যতম। বিপুলসংখ্যক বিদ্রোহী, ইসলামি জঙ্গি ও দুর্বল সরকারব্যবস্থা ‘হর্ন অব আফ্রিকার’ অন্যতম দেশ সোমালিয়াকে একটি সমস্যাজর্জরিত দেশে পরিণত করেছে। গভীরে শিকড় গেড়ে বসা এসব সমস্যা চলতি বছর দেশটিতে গত ৬০ বছরের মধ্যে ভয়াবহতম দুর্ভিক্ষ ডেকে আনে। গত জুলাইতে জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাঞ্চলে দুর্ভিক্ষাবস্থা ঘোষণা করে। দুর্ভিক্ষসংশ্লিষ্ট অন্যান্য সমস্যার পাশাপাশি এখানকার ৩০ শতাংশের বেশি মানুষ চরম পুষ্টিহীনতায় ভুগছে। হাজার হাজার ক্ষুধাপীড়িত সোমালীয় পার্শ্ববর্তী দেশ কেনিয়ার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এর মধ্যে দাদাব শরণার্থী শিবির বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হয়ে উঠেছে।আরব বসন্তের ঝড়ের পরও...গণতন্ত্রের দাবিতে আরব বিশ্বে ছড়িয়ে পড়া বিক্ষোভের ধাক্কায় একে একে তিউনিসিয়া ও মিসরে সরকারের পতন ঘটে। কিন্তু এ ধরনের বিক্ষোভ সিরিয়া ও ইয়েমেনে সমানভাবে কাজ করেনি। সামাজিক বিভাজন, উপজাতীয় কোন্দল ও উপদলীয় ঘাত-প্রতিঘাতের নানা সমীকরণের মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ এখনো ক্ষমতা আঁকড়ে থাকতে পারছেন। তবে ইয়েমেনের সালেহ এরই মধ্যে শর্ত সাপেক্ষে আগামী নভেম্বরে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অবশ্য তিনি সরে গেলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনো অস্পষ্ট। এদিকে আসাদ সরকারও কোনোমতে ক্ষমতায় টিকে আছে। ফিলিস্তিনি স্বপ্নের থমকে যাওয়ামধ্যপ্রাচ্য শান্তি আলোচনা মৃতবৎ হয়ে পড়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেরাই চলতি বছর জাতিসংঘে তাদের স্বাধীন রাষ্ট্রের দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেয়। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ উদ্যোগের কঠোর বিরোধিতা করে। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই শুধু ফিলিস্তিনিরা এ ধরনের পদক্ষেপ নিতে পারে। কিন্তু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসলে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস স্বাধীন রাষ্ট্রের দাবি নিয়ে আবেগঘন বক্তব্য দেন।আন্না হাজারের অনশনভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে দেশটিতে সর্বগ্রাসী রূপ নেওয়া দুর্নীতি রোধে মাঠে নেমেছেন। দেশটির পার্লামেন্টে একটি স্বাধীন লোকপাল বিল পাসের দাবিতে চলতি বছরের আগস্টে টানা নয় দিন অনশন করেন সেনাবাহিনীর সাবেক এই গাড়িচালক। আশা করা হচ্ছে, শক্তিশালী লোকপাল সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতি রোধে সহায়ক হবে। বয়োবৃদ্ধ এ সমাজকর্মীর বারবার অনশন কর্মসূচি দেওয়া ভারতের ক্ষমতাসীন জোট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। টাইম থেকে ভাষান্তর: ইসরাত জাহান