বিখ্যাত ছবির পেছনের গল্প

আলবার্ট আইনস্টাইনের পোর্ট্রেট
আলবার্ট আইনস্টাইনের ৭২তম জন্মদিনের বিকেলবেলা। পার্টি শেষে গাড়িতে উঠেছেন মাত্র। আলোকচিত্রী আর্থার স্যাসে খেয়াল করলেন, গাড়ির দরজা হাট করে খোলা। ব্যস, এই তো সুযোগ; আইনস্টাইনকে অনুরোধ করলেন, ‘একটা ছবি তুলব।’ আইনস্টাইন ঘুরে বসলেন এবং বের করলেন তাঁর জিব। আলোকচিত্রী ভুল করলেন না মুহূর্তটি রিলবন্দী করতে। বাকিটা ইতিহাস।
আসল ছবিটা আরও বড় ছিল। পরে সেটা ক্রপ করে পোর্ট্রেট আকারে নিয়ে আসা হয়। আইনস্টাইন এই ছবিটা খুব পছন্দ করেছিলেন। তাই এই ছবিটাই ব্যবহার করতেন তাঁর পাঠানো শুভেচ্ছা-কার্ডগুলোতে।

লাঞ্চ অ্যাটপ এ স্কাইস্ক্র্যাপার
উচ্চতাভীতি থাকলে এই ছবিটা দেখার পর বুক কাঁপবেই। নিচে শহরের বাকি দালানকোঠাগুলোকে লাগছে খেলনা বাড়িঘরের মতো, আর ‘ওরা ১১ জন’ নির্মীয়মাণ ইমারতের একটি ক্রস বিমে দিব্যি পা ঝুলিয়ে বসে আছেন! কেবল বসেই নেই, দুপুরের খাবারও খাচ্ছেন সেখানে বসে। ভাবটা যেন এ আর এমন কী? ছবির এই ১১ জন আসলে সত্যিকারের নির্মাণশ্রমিক; তবে ছবিটি আয়োজন করে তোলা। ১৯৩২ সালে এই ছবিটা তোলা হয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের রকফেলার সেন্টারের নতুন ইমারতের প্রচারণায়। ওই বছরের ২ অক্টোবর নিউইয়র্ক ট্রিবিউন হেরাল্ড পত্রিকায় প্রথমবারের মতো ছাপা হয়েছিল সেটা। মজার ব্যাপার হলো, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালে স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে এই ছবিটা ছিল অনুপ্রেরণার আরেক নাম। ছবিটি দেখিয়ে শিষ্যদের বলতেন, ‘একটি দল কোন ধরনের মহৎ কাজ করতে পারে? একটা বড় দলের সদস্যরা একে অপরের জন্য জীবন উৎসর্গ করতে পারে। কখনো কখনো কেউ একজন পড়ে গেলে তাকে রক্ষাও করতে পারে অন্য দুজন।’

বিটলসের ‘অ্যাবি রোড’ অ্যালবামের প্রচ্ছদ
বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের কোনো অ্যালবামের প্রচ্ছদের কথা মনে করতে বললে এটা এগিয়ে থাকবে নিঃসন্দেহে। ‘অ্যাবি রোড’ অ্যালবামটি বাজারে এসেছিল ১৯৬৯ সালে। তারপর এই ছবিটা শুধু অ্যালবামের প্রচ্ছদেই আটকে থাকেনি; ব্যবহৃত হয়েছে নানান জায়গায়। ‘আইকনিক’ বলতে যা বোঝায় আরকি। ছবিটা তোলা হয়েছিল বিটলসের রেকর্ডিং স্টুডিওর পাশেই। এবং এ কারণে কয়েক মিনিটের জন্য রাস্তাটা বন্ধও ছিল। একটু খেয়াল করলে দেখবেন, বিটলস সদস্যদের পেছনে, ছবির ডানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ভদ্রলোক ছিলেন মার্কিন, বেড়াতে এসেছিলেন ইংল্যান্ডে। কাকতালীয়ভাবে বিখ্যাত এই ছবির ফ্রেমে জায়গা হয় তাঁর। একেই বলে কপাল! তবে ঘটনার দিন বিষয়টার গুরুত্ব টের পাননি তিনি। কদিন পর বিষয়টা ভুলেও গিয়েছিলেন। বছর খানেক বাদে বিটলসের ১২তম অ্যালবামের প্রচ্ছদে নিজেকে যখন আবিষ্কার করলেন, তখন তাঁর চক্ষু চড়কগাছ।

ভি-জে ডে ইন টাইমস স্কয়ার
১৯৪৫ সালের ১৪ আগস্ট। নিউইয়র্কের টাইমস স্কয়ারে লোকজন নেমে আসছে পিলপিল করে। একে অপরকে জড়িয়ে ধরছে, ফেটে পড়ছে হর্ষধ্বনিতে। কারণ, প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ঘোষণা করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, আত্মসমর্পণ করেছে জাপান। সেই আনন্দে এক নাবিক জনতার ভিড়ের মধ্যে চুমু খেলেন অচেনা এক সেবিকাকে। দৃশ্যটা ক্যামেরাবন্দী করলেন আলোকচিত্রী আলফ্রেড আইজেনস্টেড। সপ্তাহ খানেক পর সেটা ছাপা হলো লাইফ ম্যাগাজিনে। ছবিতে না নাবিক না সেবিকা—কারোরই মুখ দেখা যাচ্ছে না। ফলে অনেকেই দাবি করল, এটা আমি। তবে শেষমেশ সেটা অমীমাংসিতই থেকে গেছে।

দালি অ্যাটোমিকাস
ছবিটা ১৯৪৮ সালের। বুঝতেই পারছেন, দৃশ্যটা ক্যামেরাবন্দী করতে কতটা ঘাম ছুটেছে! অথচ আজ এ রকম একটা দৃশ্য ফটোশপে তৈরি করা যাবে আধা ঘণ্টার মধ্যে। আলোকচিত্রী ফিলিপ হ্যালসম্যান ছিলেন চিত্রশিল্পী সালভাদর দালির ঘনিষ্ঠ বন্ধু। দালি ছবিটার আইডিয়া শেয়ার করার পর রীতিমতো আদাজল খেয়ে নামলেন ফিলিপ। ছয় ঘণ্টা লেগে থাকলেন মনের মতো দৃশ্যটার জন্য। ছবিতে যে ইজেল এবং চিত্রকর্মটা দেখা যাচ্ছে, সেগুলো ছাদের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। চেয়ারটা ধরে রেখেছিলেন একজন সহযোগী। দালি তো একাধিকবার লাফ দিয়েছিলেনই, সঙ্গে বিড়ালগুলোও। আর পানি ছিটিয়ে দেওয়া হয়েছিল কতবার জানেন? মাত্র ২৮ বার!

মেরিলিন মনরোর উড়ন্ত জামা
মেরিলিন মনরো মানেই ‘বুক ধড়াস’ ব্যাপার-স্যাপার। আজকাল ‘ক্রাশ’ শব্দটা বেশ চলছে। এই শব্দটা নিঃসন্দেহে মনরোর সঙ্গে খুব ভালো যায়। তাঁর ওপরে ক্রাশ খায়নি, এমন পুরুষ খুঁজে পাওয়া ভার। বিশেষ করে মনরো যখন রুপালি পর্দায় সক্রিয়, তখন তো হাজারো পুরুষের হৃদয়ে রানির আসনে ছিলেন এই অভিনয়শিল্পী। ফলে মনরোর এই ছবিটা দেখেনি, এমন মানুষ বিরল। ছবিটা মূলত মনরোর ‘দ্য সেভেন ইয়ার ইচ’ সিনেমার একটা দৃশ্যের স্থিরচিত্র। বেশ খানিকটা সময় লেগে থাকার পর দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে পেরেছিলেন আলোকচিত্রী স্যাম শ। মজার ব্যাপার হলো, ছবি তোলার সময় মনরোর স্বামী জো ডিম্যাগিও তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন। স্ত্রীর ‘কর্মকাণ্ড’ দেখে রেগেমেগে দাঁত কিড়মিড়ও করছিলেন রীতিমতো! শিগগিরই অবশ্য ডিম্যাগিওর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় মনরোর। আর ছবিগুলো হয়ে যায় বিখ্যাত।
সূত্র: ব্রাইটসাইড ডটমি, বায়োগ্রাফি ডটকম ও উইকিপিডিয়া