বিচার চাইতেও ভয় পান স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালায় একের পর এক খুনের ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। নিহত ব্যক্তির স্বজনেরা হত্যাকারীর বিচার চাইতেও ভয় পান। অনেকে মামলাও করেন না। বাদী হয়ে পুলিশ মামলা করলেও দোষী ব্যক্তিদের চিহ্নিত করার বিষয়ে স্বজনদের সহযোগিতা পান না।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে দীঘিনালায় দুজন অপহরণ ও ১২ জন খুন হয়েছেন। থানায় হত্যা মামলা হয়েছে ১১টি। তার মধ্যে মাত্র পাঁচটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।স্থানীয় পুলিশ বিভাগ জানায়, বাদী হয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হলেও সাক্ষ্য-প্রমাণের অভাবে সেই মামলা আর আলোর মুখ দেখে না। অবশেষে পুলিশ সাক্ষ্য-প্রমাণের অভাবে চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়। রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করে নতুন করে সংঘাত সৃষ্টি করতে চায় না।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘আমরা খুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু দুর্গম পথ হেঁটে ঘটনাস্থলে গিয়ে হতাশ হই। কারণ, হত্যাকাণ্ড সম্পর্কে গ্রামের মানুষ তথ্য দিতে চায় না। ঘটনা সম্পর্কে মুখও খোলে না। এমনকি ঘটনার শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরাও সহযোগিতা করেন না। খুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও পরবর্তী সময়ে মামলার কোনো সাক্ষী পাওয়া যায় না। ফলে আমরা সাক্ষ্য-প্রমাণ ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হই।’ গত বছরের ১ ডিসেম্বর খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের দুর্গম নোয়াপাড়া গ্রামে খুন হন রাজ্য চাকমা (২৫)। সম্প্রতি রাজ্য চাকমার বাড়িতে গেলে কথা হয় তাঁর পরিবারের সঙ্গে। তাঁর স্ত্রী সুইটি চাকমা (১৯) স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। তবু আইনি ঝামেলার ভয়ে স্বামী হত্যার বিচার চান না বলে জানান তিনি।গত ৪ ফেব্রুয়ারি একই ইউনিয়নের দুর্গম রমেশ চন্দ্র কারবারিপাড়ায় খুন হন কাঠ ব্যবসায়ী অমর বিকাশ চাকমা (৩০)। শোকে বিহ্বল অমরের পরিবারের সদস্যরা জানান, মামলা করে তাঁরা ফের শত্রুতায় জড়াতে চান না। অমর বিকাশ চাকমার বৃদ্ধা মা ননাবি চাকমা (৬৫) বিলাপ করে বলেন, ‘আমার ছেলে কোনো দোষ করেনি। তাকে কেন মেরে ফেলা হলো? আমরা এ হত্যার বিচার চেয়ে কারও বিরুদ্ধে মামলা করতে চাই না। মামলা করলে নতুন করে শত্রুতা বাড়বে। আবার নতুন করে বিপদ হবে। ছেলে হত্যার বিচার ভগবানের কাছে দিয়েছি, তিনি সঠিক বিচার করবেন।’দীঘিনালা উপজেলার কয়েকজন গ্রামপ্রধান ও জনপ্রতিনিধি নাম-পরিচয় গোপন রাখার শর্তে বলেন, তাঁরা নামেমাত্র সমাজের প্রতিনিধি। প্রকাশ পাওয়া ঘটনার চেয়ে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি। কিন্তু কিছুই করার নেই। তাঁদেরও পরিবার-পরিজন আছে। তাঁরা পুলিশকে সহযোগিতা করে নিজের জীবন বিপন্ন করতে পারবেন না।