বিচারক নেই চার মাস বিচারপ্রার্থীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ আদালতের বিচারকের পদ খালি রয়েছে চার মাস ধরে। ফলে বিচারাধীন মামলাগুলো ঝুলে আছে। জামিনের শুনানি হচ্ছে না ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের। বিচারপ্রার্থীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
আদালত সূত্রে জানা গেছে, পটিয়া যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ আদালতের বিচারক আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে পদোন্নতি দিয়ে গত ২২ জুন নওগাঁ জেলা আদালতে অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়। তখন থেকে পদটি খালি রয়েছে। বর্তমানে বিচারকের অভাবে এ আদালতের এক হাজার ৩৫০ মামলা বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এর মধ্যে রয়েছে ৬০০ দেওয়ানি, ৫৫০ ফৌজদারি ও দায়রা এবং ২০০ আপিল মামলা।
পটিয়া পৌরসভার গৌবিন্দরখীল এলাকার সরওয়ার কামাল জানান, গত ২০১৩ সালে একই এলাকার এ টি এম আবদুল মান্নান তাঁদের জায়গা-সম্পত্তির বিষয়ে এ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর ছেলেরা মামলাটি প্রত্যাহারের জন্য গত ৯ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন। কিন্তু মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না। কারণ, বিচারক নেই।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) বদিউল আলম বলেন, বিচারক না থাকায় এ আদালতে ফৌজদারি মামলায় জেলে থাকা আসামিদের জামিনের শুনানি হচ্ছে না। তা ছাড়া গ্রহণযোগ্য বিচার না পেয়ে আপিল করার সুযোগ পাচ্ছেন না অনেকে।
পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী বিচারকের অভাবে বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পটিয়া আইনজীবী সমিতির নেতারা গত ২০ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি পটিয়া আদালতে দ্রুত বিচারক দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন।
পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম ও জ্যেষ্ঠ সহকারী সচিব শাহীন উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করা হলে তাঁরা জানান, বিচারক নিয়োগের ব্যাপারে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। নভেম্বরেই বিচারক নিয়োগ হতে পারে।