বিচারক নেই, থমকে আছে দুর্নীতির মামলার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক না থাকায় থমকে আছে শতাধিক দুর্নীতির মামলার বিচার। গত ১৬ এপ্রিল একমাত্র বিচারক মো. আতাউর রহমান ঢাকায় বদলি হওয়ার পর থেকে শূন্য রয়েছে আদালত। ফলে বিচারাধীন মামলাগুলোর ধার্য দিনে শুনানি হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলো এ আদালতে বিচারাধীন রয়েছে।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আলোচিত রেলের নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যন্ত্র কৌশলী হাফিজুর রহমান ও সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ আসামিদের বিরুদ্ধে দায়ের করা আটটি মামলা, ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা এবং নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মামলাসহ শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর, কাস্টমস, সরকারি-বেসরকারি ব্যাংক, ডাকঘরসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির মামলাও রয়েছে। বিচারক না থাকার কারণে ধার্য দিনে মামলাগুলোর শুনানি হচ্ছে না। এতে বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এ আদালতে দ্রুত বিচারক নিয়োগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচার হয়ে থাকে। বিচার বিলম্বিত হলে দুর্নীতিবােজরা উৎসাহিত হবেন।
গত রবি ও সোমবার সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিভাগীয় বিশেষ জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। বিচারক না থাকায় মামলার শুনানিও হচ্ছে না। ফলে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও ভিড় নেই ওই আদালতে। পূর্ব থেকে ধার্য থাকা দিনে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হলেও তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।
বিশেষ জজ আদালতে মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, বিচারক না থাকার কারণে আসামিদের জামিনের আবেদনও করা যাচ্ছে না। এতে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
দুদকের আরেক আইনজীবী মাহমুদুল হক জানান, দুর্নীতির বেশির ভাগ মামলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সাক্ষী। তাঁরা ধার্য দিনে সাক্ষ্য দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদালতে এলেও ফিরে যেতে হচ্ছে। মামলায় পরবর্তী তারিখ পড়লেও ধার্য দিনে তাঁরা আসতে পারেন কিনা শঙ্কা রয়েছে। এতে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হতে পারে। এমনিতে অনেক মামলার বিচার সাক্ষীর অভাবে ঝুলে আছে।