পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সাতজন বিচারকের মধ্যে পাঁচজন বিচারকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন এ আদালতের আওতাধীন চার উপজেলার বিচার প্রার্থীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে এ আদালতে প্রায় ১৫ হাজার মামলা বিচারের অপেক্ষায় ঝুলে আছে। আবাসন সুবিধার অভাবে এখানে বিচারক আসতে চান না বলেসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, এই আদালতের আওতায় রয়েছে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, পটিয়া প্রথম, দ্বিতীয় ও অতিরিক্ত আদালত এবং বোয়ালখালী, চন্দনাইশ ও আনোয়ারা সহকারী জজ আদালত। বর্তমানে এ সাতটি আদালতের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং পটিয়া দ্বিতীয় সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ ছাড়া বাকি পাঁচ আদালতে বিচারকের পদ শূন্য। পটিয়া দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজকে তাঁর আদালতসহ একাই ছয়টি আদালতের বিচারকাজ পরিচালনা করতে হচ্ছে। এতে প্রত্যাশিত গতিতে বিচারকাজ তথা মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। সূত্র জানায়, পটিয়া অতিরিক্ত সহকারী জজ আদালতে বিচারক নেই দীর্ঘ দুই যুগ ধরে। ২২ বছর ধরে নেই আনোয়ারা সহকারী জজ আদালতে। এ ছাড়া চন্দনাইশ সহকারী জজ আদালতে সাড়ে চার বছর, বোয়ালখালী সহকারী জজ আদালতে দেড় বছর এবং পটিয়া প্রথম সহকারী জজ আদালতে গত ২৫ এপ্রিল থেকে বিচারক নেই। এ সাতটি আদালতে বর্তমানে ১৫ হাজার ৭১টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী বলেন, দ্বিতীয় সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজকে তাঁর আদালত ছাড়াও অতিরিক্ত পাঁচটি সহকারী জজ আদালতের বিচারকাজ পরিচালনা করতে হয়। একজন বিচারকের পক্ষে এতগুলো আদালতের মামলা দেখে যথাসময়ে নিষ্পত্তি করা দুঃসাধ্য। প্রয়োজনীয়সংখ্যক বিচারকের অভাবে মামলাজটের কারণে বিচারপ্রার্থীরা নানাভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। আনোয়ারা উপজেলা পূর্ব বরিয়া গ্রাম থেকে আদালতে আসা বিচারপ্রার্থী বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি একটি মামলা নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে এ আদালতে আসা-যাওয়া করছি। কিন্তু বিচারকের অভাবে মামলাটির নিষ্পত্তি না হয়ে বার বার তারিখ পড়ে। এভাবে আদালতে আসা-যাওয়া করতে গিয়ে আমার হয়রানি ছাড়াও প্রচুর অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।’ পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বর্তমান সভাপতি কাজী জসীম উদ্দিন জানান, পটিয়া আদালতে কখনো একসঙ্গে সাতজন বিচারক ছিলেন না। ফলে দীর্ঘদিন ধরে মামলা জটের সৃষ্টি হয়েছে। আইনজীবীরাও অনেক সময় বিচারপ্রার্থীদের নানা প্রশ্নের সম্মুখীন হন। আদালত ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং উপযুক্ত থাকার ব্যবস্থা না থাকায় এখানে বিচারক আসতে চান না বলে তাঁরা মন্তব্য করেন। গত রোববার এ বিষয়ে কথা বলার জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীর বাস ভবনে গিয়ে দেখা যায়, এটি একটি টিনের ছাউনি জরাজীর্ণ বেড়ার ঘর। ঘরের চারদিকে সীমানা প্রাচীর নেই। মোজাম্মেল হক চৌধুরী তাঁর বাসার জানালা খোলার সঙ্গে সঙ্গে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে আসে একটি বিষাক্ত সাপ। তিনি তাঁর এক কর্মচারীর সহযোগিতায় সাপটি মেরে ফেলেন। এ সময়তিনি বলেন, ‘গত তিন বছরে এ বাসা থেকে এ নিয়ে চারটি সাপ মারলাম। এর আগে পর পর তিনবার ঘরে সাপ ঢোকার পর স্ত্রী-সন্তানদের ঢাকার বাসায়পাঠিয়ে দিয়েছি। উপযুক্ত বাসা না থাকায় বাধ্যহয়ে ঝুঁকি নিয়ে এ ঘরে বসবাস করছি।’ আদালতে বিচারক-সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ছয়জন বিচারকের কাজ একজন বিচারককে করতে হচ্ছে। এতে ওই বিচারকের শুধু মামলাগুলোর ফাইলে সই করতে করতেই দিন চলে যায়। ফলে বিচারপ্রার্থীরা যথাসময়ে বিচারের রায় থেকে বঞ্চিত হচ্ছেন।