বিচারপর্ব
চোখ ধাঁধানো আলোর ঝলসানি, জমকালো ফ্যাশনের বাহারি পোশাক, সুরের বন্যা আর নৃত্যের ছন্দে দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যেও তাঁরা বিচলিত নন। এ দলে ছিলেন ফ্যাশন-ভুবনের চার প্রিয়মুখ—আহমেদ নেওয়াজ, রওশন আরা চৌধুরী, নূরে জান্নাত ও শিমুল খালেদ। এবারের রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার বিচারক ছিলেন তাঁরা। তাই গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন পোশাকে রঙের খেলা, খুঁজছিলেন ডিজাইনে বৈচিত্র্য-মৌলিকত্ব, কাটিংয়ে নতুনত্ব এবং দেশি মোটিফ। প্রতিটি কিউতে ক্ষিপ্রগতিতে পোশাক প্রদর্শন করছেন মডেলরা, সেই পোশাকে আছে বিশেষ কোড। খুবই কম সময়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোন্টাকে কত নম্বর দেবেন। তারপরও নির্ধারিত ছকে নম্বর দেওয়ার আগে সম্ভাব্য নম্বর টুকে নিয়েছেন সাদা কাগজে, আবার বিচার-বিশ্লেষণ করে চূড়ান্তভাবে নম্বরটি বসালেন ছকে। অনেক সময় একটি বিভাগের নম্বর দেওয়ার কাজ শেষ করার আগেই শুরু হয়ে যায় আরেকটি কিউ। এভাবে চার বিচারকের আলাদা নম্বরগুলো দ্রুত যোগ করে প্রথম-তৃতীয় স্থান নির্ধারণের কাজটি করেছেন প্রথম আলোর সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার ও হিসাবরক্ষণ কর্মকর্তা আশীষ দাশ। অভিনন্দনপত্র লেখার দায়িত্ব ছিল এ প্রতিবেদকের ঘাড়ে। আসলে বিচারের কাজটা শুরু হয়েছিল আরও কয়েকদিন আগে, ৫ আগস্ট। সেদিন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে প্রাথমিক বাছাইপর্বে পুরো একটি দিন সময় দিয়েছিলেন চার বিচারক। শত শত পোশাক থেকে তাঁরা অনেক বিচার-বিবেচনা করে ১৩টি বিভাগের সেরা পোশাকগুলো নির্বাচন করেন এবং সেগুলোই মঞ্চ আলোকিত করে।অনুষ্ঠানে কঠিন দায়িত্ব শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন বিচারকেরা। তখনই আমরা জানতে চেয়েছি তাঁদের অনুভূতি-প্রতিক্রিয়া। অকপটে-দ্বিধাহীন কণ্ঠে বললেন মনের কথা।প্রথমে মুখোমুখি হলাম রওশন আরা চৌধুরীর। তিনি বলেন, ‘বিচারের কাজটা সত্যিই বড় কঠিন। আমি দেশি কাপড় ও মৌলিক ডিজাইনকে প্রাধান্য দিয়েছি। কয়েক বছর লক্ষ করেছি, গতানুগতিক ধারার মোটিফ চলে আসছে—যাতে আবার প্রতিবেশী দেশগুলোর প্রভাব ছিল বেশি। আমাদের ডিজাইনারেরা এ বছর ওই ট্রেন্ড থেকে বেরিয়ে এসেছেন। পুরস্কার পাওয়ার পর দেখলাম, অনেক নতুন ডিজাইনারও ভালো কাজ করেছেন। অসাধারণ ভিন্ন মাত্রা ছিল কাপড়ে। দেশি আবহ ফুটে উঠেছিল ডিজাইনে।’অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো অনুষ্ঠানই ছিল সুন্দর, পরিকল্পিত। সবচেয়ে বড় কথা চট্টগ্রামের ডিজাইনার ও ফ্যাশনপ্রিয় মানুষ এ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন এক বছর—তাঁরা সে কথা আমাকে বলেন। এ প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা দরকার।’ এবার গেলাম নূরে জান্নাতের কাছে। তিনি বলেন, ‘আমি তিন বিষয়কে প্রাধান্য দিয়েছি—দেশি কাপড়, নতুন কাটিং ও রঙের উৎসবধর্মিতা। আমরা তো জানতাম না কোন পোশাকটি কোন প্রতিষ্ঠানের বা ডিজাইনারের, কোড নম্বর দেখেই বিচার করেছি। দেখেছি সার্বিক দিক দিয়ে নতুনত্ব।’বিচারকাজে কোনো অসুবিধা বা ঘাটতি ছিল? জবাবে তিনি বলেন,‘তেমন কিছু নেই। তবে কয়েকজন মডেলের পোশাকের কোড নম্বরটি উল্টে গিয়েছিল। পরে অবশ্য ঠিক করে দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার হলো, মডেলরা খুব দ্রুতগতিতে এসেছিল, আরেকটু ধীরগতি হলে ভালো হতো।’শিমুল খালেদ বললেন অন্য কথা। তিনি ডিজাইনারদের উদ্দেশে বলেন, ‘আমাদের ডিজাইনারেরা ভালো কাজ করছেন, আজকের ফ্যাশন প্যারেড ও পুরস্কার থেকে সেটা বোঝা গেছে। ডিজাইনারদের বুঝতে হবে কোন কাজটা করা উচিত। কাউকে বা কোনো দেশের পোশাক-ডিজাইন অনুকরণ না করে আমাদের আবহাওয়া, অনুষ্ঠান, উপলক্ষের উপযোগী ডিজাইন করতে হবে। মোট কথা বাংলাদেশকে তুলে ধরতে হবে।’অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এটা কোনো বাণিজ্যিক প্রদর্শনী (শো) নয়। প্রথম আলো দায়বদ্ধতা থেকে ডিজাইনারদের পৃষ্ঠপোষকতা, উৎসাহ ও পরিচিতি দিতে এ আয়োজনটা করে থাকে। এত বড় মার্জিত আয়োজন চট্টগ্রামে আর হয় না বললেই চলে। আশা করব, ফিবছর এ আয়োজন অব্যাহত থাকবে।’আহমেদ নেওয়াজের অনেক পরিচিতি—তিনি শিল্পী, অধ্যাপক, ডিজাইনার। তিনি বলেন, ‘মানুষ পোশাক পরে কেন—নিজেকে প্রকাশ করার জন্য। তাই পোশাক নির্বাচনে এত বাছাই, এত দৌড়ঝাঁপ। যখন মডেলরা পোশাক পরে কিউতে আসে তখন পোশাকের মানগত ব্যাপারটা বেরিয়ে আসে।’এবারের প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘বিচারকাজে র্যাম্প, মডেল, কাপড় ইত্যাদি ওতপ্রোতভাবে জড়িত। এখানে দর্শক-বিচারক-ডিজাইনার সবার ভেতরে উত্তেজনা কাজ করে। উন্মুক্ত মঞ্চে বিচারকাজ চলে। কোনো পক্ষপাত, অভিযোগ থাকে না কারও। এবার অনেক নতুন ডিজাইনার মূল্যায়িত হয়েছেন। আসলেই তাঁরা ভালো কাজ করেছেন।’