বিচারপ্রার্থী নারীকে নিরাপদ পরিবেশ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর আমরা স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করছি। ৫০ বছর আগে যখন আমরা সংগ্রাম করেছি, তখন কিন্তু নারী–পুরুষ একসঙ্গেই কাজ করেছি। নারীর অবদান সব ক্ষেত্রে সব সময়ই ছিল। সামগ্রিকভাবে দেশ ইতিবাচক উন্নয়নে ভূমিকা রেখেছে। এখন এই উদ্‌যাপনের সময় নারীর প্রতি বৈষম্য–অবমাননা কি কিছুটা পেছনে টানে না আমাদের?

ধর্ষণের অভিযোগের ঘটনায় ৭২ ঘণ্টা পার হয়ে গেলে পুলিশ যেন মামলা না নেয়, এ নির্দেশনা কোনোভাবেই সংগত নয়। এটা আমাদের আরও পিছিয়ে দেবে। এই যে আমরা নারী অধিকার, সমতা ও নারীর ন্যায়বিচারের জন্য এত কাজ করে যাচ্ছি, এ নির্দেশনা এসব ক্ষেত্রে আমাদের শুধু পেছনের দিকেই টেনে নিয়ে যাবে।

আমরা জানি, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মামলা করার জন্য কোনো সময়সীমা আমাদের প্রচলিত আইনব্যবস্থায় উল্লেখ নেই। সে ক্ষেত্রে বলতেই পারি, বিচারকের এ নির্দেশনা সম্পূর্ণ বেআইনি। একজন নারী যখন ধর্ষণের শিকার হন, তখন তাঁর মনে থাকে ঘৃণা। নিজ শরীর থেকে তিনি সব ধুয়েমুছে নিতে চান। কলুষতা যেন তাঁর শরীরে না থাকে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে ধর্ষণের আলামত খুঁজে পাওয়া তাই দুষ্কর হয়। দিন দিন আমরা প্রযুক্তিতে উন্নত হচ্ছি, অপরাধ নির্ণয়ে নানা সুযোগ আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। ধর্ষণের মামলায় ডিএনএ পরীক্ষা সর্বোত্তম উপায়।

সাধারণভাবেই আমাদের সমাজের নারীরা নির্যাতনের ঘটনায় সহজে মুখ খোলে না। বিশেষ করে প্রান্তিক নারীরা নির্যাতনের শিকার হলে থানায় যেতে ভয় পান। দ্বিধা তাঁদের আটকে রাখে। যখন বলিষ্ঠ কেউ তাঁদের পাশে দাঁড়ান, তখন তাঁরা বিচারপ্রার্থী হতে সাহস পান। এমনকি শিক্ষিত–আধুনিক নারীও লোকলজ্জা ও নিরাপত্তার ভয়ে ধর্ষণের বিচার চাইতে পারেন না। আমাদের দেশের নারীরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণেই মামলা করতে যান না। ফলে তাঁরা ধর্ষণের শিকার হলেও বিচার থেকে বঞ্চিত থাকেন। আদালতের এমন মন্তব্য নারী নিরাপত্তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে নারী নির্যাতন আরও বাড়বে।

অপরাধ প্রমাণের চেয়ে বিচারক ৭২ ঘণ্টার পর মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে ধর্ষণের শিকার মানুষের বিচার পাওয়ার পথে একটা বাধা সৃষ্টি করলেন। আদালতের এ নির্দেশনা ন্যায়বিচারপ্রাপ্তির সম্ভাবনার মূলেই কঠোর আঘাত করল। মানুষ তার আস্থার জায়গাটি হারাল। এ নির্দেশনার কারণে সমগ্র বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে। বিচারকের এমন মন্তব্য ধর্ষকদের উৎসাহিত করতে পারে।

ধর্ষকেরা এখন ধর্ষণের পর ভিকটিমকে ৭২ ঘণ্টার বেশি আটকে রাখতে পারে রেহাই পাওয়ার জন্য। আর থানাগুলো ধর্ষণের মামলা নিতে আরও অনীহা প্রকাশ করতে পারে। শুধু মেডিকেল রিপোর্টই ধর্ষণ মামলার বিচারের একমাত্র সাক্ষ্যপ্রমাণ নয়। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা আছে, শুধু ভিকটিমের সাক্ষ্যের ভিত্তিতেও বিচার করা যাবে। পারিপার্শ্বিক সাক্ষ্য ও আলামতের ভিত্তিতেও বিচার করা যাবে। বিচারক তাঁর মন্তব্যে সীমা লঙ্ঘন করেছেন। আমাদের সমাজে নারীকে অসম্মান করার যে মানসিকতা আছে, বিচারক তাঁর মন্তব্যে সেটাই করেছেন। একজন যৌনকর্মীও ধর্ষণের শিকার হতে পারেন, মেয়েকে তাঁর বয়ফ্রেন্ডও ধর্ষণ করতে পারেন। ধর্ষণ বিষয়টি বুঝতে হবে। আমাদের দেশে নারীরাও যে পুরুষতান্ত্রিক মনোভাবের হতে পারে, এই বিচারক তাঁর প্রমাণ দিলেন। প্রাতিষ্ঠানিকভাবে তাঁকে প্রত্যাহারও করা হয়েছে।

একজন নারী সহিংসতার শিকার হওয়ার পর মুখ খোলার অর্থ হচ্ছে, তিনি সেই সহিংস পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রথম ধাপ অতিক্রম করেছেন৷ তখন সমাজের সবার উচিত, তিনি যাতে তাঁর কথা বলতে পারেন, সে রকম নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাঁর কথা শোনা৷ এ ক্ষেত্রে সহিংসতার শিকার নারীর পোশাক, যৌন পরিচয় বা স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে কথা বলার মাধ্যমে ভুক্তভোগীকেই দায়ী করার চেষ্টার বিপরীতে অবস্থান নিতে হবে।

লেখক: একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর