আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘উপজেলা পর্যায়ে আদালত থাকার সুফল-কুফল দুটোই রয়েছে।’ তিনি আদালত অঙ্গনে টাউট-বাটপারদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী গত ৩১ মার্চ বিকেলে পটিয়ার সাবেক মহকুমা ভবনে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী। বক্তব্য দেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পৌর মেয়র হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দীপক কুমার শীল।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। গোলাম আজমসহ আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার এই বছরের মধ্যে শেষ করতে চাই। এ বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’