বিচারের অপেক্ষায় এক লাখ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ডাকাতি মামলার বাদী শফিকুল ইসলাম মামলার শুনানির নির্ধারিত দিন গত মঙ্গলবার এসেছিলেন চট্টগ্রাম আদালতে। কিন্তু হরতাল থাকায় ওই দিন শুনানি হয়নি।ক্ষোভ ও হতাশা প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে মামলাটি চলছে। এখনো শুনানিই হয়নি, নিষ্পত্তি তো দূরের কথা। কখনো হরতাল, কখনো বিচারক না থাকার কারণে বিচারকাজ পিছিয়ে যাচ্ছে। এদিকে যাতায়াত, উকিলের খরচ ঠিকই হচ্ছে। হচ্ছে সময়ের অপচয়ও।’এ রকম নানা কারণে চট্টগ্রামের বিভিন্ন আদালতে সৃষ্ট মামলাজটের কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।আদালত সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন ধরনের মামলা বিচারাধীন রয়েছে প্রায় এক লাখ। আইনজীবী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিসহ আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মূলত তিনটি কারণে মামলাজটের সৃষ্টি হয়েছে। এগুলো হলো বিচারকের স্বল্পতা, দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক অস্থিরতা।সূত্র জানায়, জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৬০ হাজার। গত ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১৬ হাজার ৫৭৩। গত বছর গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে প্রায় ২৫ হাজার মামলা।সূত্র আরও জানায়, মহানগর দায়রা জজ আদালতের অধীনে ১৩টি অধস্তন আদালত ও ১৩টি বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই বছর ধরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তিন বিচারকের পদ শূন্য। মহানগর দায়রা জজ আদালতের বিচারকেরাই বিশেষ ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারক না থাকায় তিনটি ট্রাইব্যুনালের বিচারিক কাজও অন্য বিচারকদের করতে হয়। এদিকে মহানগর বিচারিক হাকিম আদালতের পঞ্চম ও ষষ্ঠ মহানগর বিচারিক হাকিমের পদ দুটিও খালি।জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, প্রথম, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারকের পদ খালি রয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের পাঁচ বিচারকের পদও শূন্য। অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারকেরা ওই ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনা করছেন। ছয় মাস আগেও দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও পরিবেশ আদালতের বিচারকের পদ দুটি খালি ছিল। তখন এ দুটি আদালতে বিচারাধীন মামলার বিচারকাজও অন্য আদালতের বিচারকদের পরিচালনা করতে হতো।জানতে চাইলে আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে চট্টগ্রামে মামলা নিষ্পত্তির হার আগের চেয়ে ভালো। মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ন্যায়বিচারও নিশ্চিত করতে হবে। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সম্মানী ভাতা কম হওয়ায় ইচ্ছা থাকলেও সবার পক্ষে সমান আন্তরিক হওয়া সম্ভব হয় না বলে তিনি মন্তব্য করেন।জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আবুল হাশেম প্রথম আলোকে জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব। পাশাপাশি ব্রিটিশ আমলে প্রণীত দেওয়ানি কার্যবিধি সময়োপযোগী করা দরকার। ফৌজদারি কার্যবিধি অনুসারে ১২০ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করার বিধান থাকলেও বাস্তব কারণেই অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না। এতে মামলার কার্যক্রম শুরুর আগেই দীর্ঘসূত্রতা শুরু হয়। বিচারকের স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, ‘শূন্য পদে বিচারক নিয়োগের জন্য আইনমন্ত্রীকে মৌখিকভাবে অনুরোধ করেছি।’ কিছু ক্ষেত্রে বাদী-বিবাদী উভয় পক্ষের আইনজীবীরা প্রয়োজন ছাড়াই সময় প্রার্থনা করেন, এমন অভিযোগ স্বীকার করে আবুল হাশেম বলেন, ‘এটা সত্য।’মামলার কার্যক্রমে দীর্ঘসূত্রতার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ বলেন, দেওয়ানি মামলার তুলনায় ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ভালো। দেওয়ানি মামলার বিজ্ঞপ্তি জারিসহ কিছু ক্ষেত্রে দীর্ঘসূত্রতা আছে। বিচারিক হাকিমদের এজলাস-স্বল্পতাও রয়েছে। চট্টগ্রাম আদালতে বিচারক-স্বল্পতার বিষয়টি সমিতির পক্ষ থেকে শিগগিরই আইন মন্ত্রণালয়ে জানানো হবে।