বিচারের আশায় আবার বুক বাঁধছে স্বজনহারা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোতলা বাড়িটির ভেতরে বড় আঙিনা। একপাশে মন্দির, তার সঙ্গে জড়াজড়ি করে জেগে আছে একটি স্মৃতির মিনার। ঠিক ওই জায়গায় হত্যা করা হয়েছিল অধ্যক্ষ নূতনচন্দ্র সিংহকে। মিনতি সিংহ ৩৯ বছর ধরে চোখের জলে ভিজিয়ে রেখেছেন শ্বশুরের রক্তভেজা ওই স্থানটি। তিনি নূতনচন্দ্র সিংহের ছেলে প্রয়াত সত্যরঞ্জনের স্ত্রী। তাঁর বাড়িতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা পা দেন তখনও তিনি শ্বশুর হত্যার বিচার চেয়ে মন্দিরে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন। তিনি বিধাতার কাছে আরজি করছিলেন তাঁর কান্নার দিন যেন শেষ হয়, একাত্তরের ঘাতকদের বিচার হয় এবার।মিনতির মতো আবার আশায় বুক বাঁধছে একাত্তরের অনেক শহীদ পরিবার, সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা। বিচারের আশা ছেড়ে দেওয়া এসব মানুষ এখন স্বপ্ন দেখছেন একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধ করা রাজাকার, আলবদর ও আল শামসের নেতা-কর্মী কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার হবে। সেই আশায় তাঁরা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্যদের কাছে অকপটে তাঁদের ক্ষোভ, দুঃখের কাহিনি বলছেন, বলছেন স্বজন হত্যা ও নির্যাতনে জড়িত লোকজনের নাম। তদন্তে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা মীর কাশেম আলীসহ স্থানীয় প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের নাম এসেছে। ঢাকায় গিয়ে তাঁরা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে তদন্ত দলের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু বলেন, ‘অপরাধ করে যদি অপরাধী পার পেয়ে যায় সেটা জাতির জন্য শুভ নয়। আমরা তদন্তে সন্তুষ্ট। ঢাকায় গিয়ে প্রতিবেদন দেব। তারপর আদালত ব্যবস্থা নেবেন।’তিন দিনের তদন্তে সাত সদস্যের দলটি যেখানেই গেছে সেখানেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের চিহ্ন দেখিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রাউজানের গহিরার কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া, ঊনসত্তরপাড়া, নগরের পাহাড়তলী বধ্যভূমি, ডালিম হোটেল, ফয়’স লেক নির্যাতনকেন্দ্র ঘুরে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের অভিযোগ শুনেছেন তদন্ত দলের কর্মকর্তারা। পাশাপাশি তাঁরা এসব স্থানে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তদন্ত দল ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের সেই বাড়িতে পৌঁছায় যেখানে হত্যা করা হয়েছিল দানবীর নূতনচন্দ্র সিংহকে। মিনতি তখন মন্দিরের ভেতরে। বাইরে ছোট ছেলে প্রফুল্লচন্দ্র সিংহ একাত্তরের ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরীতে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের ঘটনার বর্ণনা দেন। তিনি তাঁর বাবার হত্যার জন্য বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাউজান ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে ফজলুল কাদের চৌধুরী (সাকার বাবা) হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে বারণ করতেন, আমরা তার প্রতিবাদ করি। এসব কারণে আমাদের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। তাই সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে এসে আমার বাবাকে হত্যা করেছিল বলে শুনেছি।’তিনি আরও বলেন, এপ্রিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষক ও তাঁদের পরিবারকে কুণ্ডেশ্বরীতে আশ্রয় দেওয়া হয়েছিল। এরপর থেকে ফজলুল কাদের চৌধুরী ও তাঁর লোকজন এখানে ভারতীয় সেনাবাহিনী আশ্রয় নিয়েছে বলে অপপ্রচার শুরু করে। ওই হত্যাকাণ্ডে সাকা চৌধুরীর সঙ্গে নবাব মিয়া, গোলাম আলী, এলাহী বকস, মাবুদসহ আরও কয়েকজন চিহ্নিত রাজাকার জড়িত ছিল বলে অভিযোগ করেছেন নূতনচন্দ্র সিংহের নাতি ভূপতিরঞ্জন সিংহ। ভূপতি তখন বাড়িতে ছিলেন। রাজাকারদের সঙ্গে সেনাবাহিনী আসার পর তিনি পালিয়ে যান। ভূপতি বলেন, ‘বিচারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এত বছর পর ওই নৃশংস হত্যার ঘটনা বিচারের আওতায় এসেছে তা দেখে ভালো লাগছে। আমরা এখন দোষীদের শাস্তি চাই।’সেই ১৩ এপ্রিলে শুধু কুণ্ডেশ্বরীতে নয়, নারকীয় হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল রাউজানের মল্লপাড়া, ঊনসত্তরপাড়ায়। মূলত সেদিন রাজাকার ও পাকবাহিনীর উদ্দেশ্য ছিল সংখ্যালঘু নিধন করা। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, ‘একটা ব্যাপার লক্ষণীয় এখানে একই দিনে তিনটি জায়গায় হত্যাকাণ্ড হয়েছে। একটির পর একটি হত্যাকাণ্ড। এতে বোঝা যায়, চক্রটি একই।’ অভিযোগ অস্বীকার করে সাকা চৌধুরী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘যারা সাক্ষ্য দিচ্ছে তাদের সবাই বলেছে ঘটনা কেউ দেখেনি, সবাই শুনেছে। প্রফুল্লর বিরুদ্ধে আমার বাবা (প্রয়াত ফজলুল কাদের চৌধুরী) হত্যার অভিযোগ আনতে পারি।’মল্লপাড়ার হত্যাযজ্ঞ: কুণ্ডেশ্বরী থেকে জগৎমল্লপাড়ার দূরত্ব কয়েক শ গজ মাত্র। নূতনচন্দ্র সিংহ হত্যার পর পাকবাহিনী স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে যায় মল্লপাড়ায়।পাকসেনা আসার খবর শুনে অনেকে আগেই পালাতে পেরেছিলেন। তাঁদেরই একজন সঞ্জিত সরকার। তিনি বলেন, ‘আমরা বড় সড়কের ওপাশে গিয়ে অবস্থান নিই। তখন বেলা ১১টা। পাড়ার পুরুষদের এনে জড়ো করা হলো জ্যোৎস্না প্রভা চৌধুরীর বাড়ির সামনে। সেখানে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি চালানো হয়। এরপর আমরা আর বাড়িতে ঢোকার সাহস করিনি। রাস্তা থেকে পালিয়ে যাই।’জ্যোৎস্না প্রভা চৌধুরী এ ঘটনায় হারিয়েছেন স্বামীসহ সাতজনকে। তিনি সেদিন সাক্ষ্য দেন তদন্ত দলকে। জ্যোৎস্নার জা শেফালী চৌধুরী বলেন, ‘আমার তিন ভাশুর, শ্বশুর, শাশুড়িসহ সাতজনকে হত্যা করে হানাদারেরা। আমার দিদি (জ্যোৎস্না) গুলির শব্দে মাটিতে লাশের স্তূপের ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।’ এ হত্যাকাণ্ডের বিচার চান শেফালী চৌধুরী।জ্যোৎস্না প্রভার বাড়িতে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছিল ৩৭ জনকে। লাশগুলো পড়ে ছিল উঠোনে। পরে পাশের পাড়ার মুসলিম ও বড়ুয়া সম্প্রদায়ের কিছু লোক এসে গর্ত খুঁড়ে এগুলো মাটিচাপা দেন। শহীদদের সম্মানে মল্লপাড়ায় ঢোকার মুখে তৈরি করা হয় স্মৃতিসৌধ। সেখানে লেখা রয়েছে শহীদদের নাম। তেজেন্দ্র নন্দী, সমর চৌধুরী, যতীন্দ্র সরকার, প্রভাতী সরকার আরও কত নাম! শহীদদের স্বজনদের দুঃখ দেশের স্বাধীনতার জন্য জীবন দিলেও তাঁদের স্বীকৃতি নেই। শহীদ যতীন্দ্র চৌধুরীর নাতি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ঋষি সরকার গুরুতর অসুস্থ। তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচানোর জন্য আকুতি স্বজনদের। শহীদ পরিবারের ছেলেটিকে বাঁচাতে সাহায্যের আবেদন জানালেন সুজিতবরণ সরকার। ঊনসত্তরপাড়ায় নারীদের সামনেই গণহত্যা মিনতি মহাজন, বাসন্তী ঘোষ, ঊর্মিলা পাল—সবার বয়স ষাটের ঘরে। একাত্তরের ১৩ এপ্রিল কয়েক সেকেন্ডের ব্যবধানে সবাই বিধবা হন। ৩৯ বছরের সেই স্মৃতি এখনো কাঁদায় তাঁদের। মিনতি তখন অন্তঃসত্ত্বা। তাঁদের বাড়ির পুকুরপাড়ে স্বামী, শ্বশুরসহ সবাইকে এনে জড়ো করা হলো। ৭০-৭৫ জনের মতো হবে। স্বজনকে জড়িয়ে ধরে রেখেছেন নারীরা। একসময় নারীদের আলাদা করে পুকুরপাড়ের পাশে বসানো হলো। তারপর লাইনে দাঁড়ানো পুরুষদের গুলি করা হলো। মারা গেলেন ৬৯ জন। গুলিবিদ্ধ হন মিনতির শাশুড়ি হরিলতা মহাজনও। পরে ১৯৯০ সালে তিনি মারা যান। মিনতি বলেন, ‘স্বামী হারানোর চার মাস পর জন্ম নেয় আমার ছেলে কাঞ্চন। অনেক কষ্টে তাকে মানুষ করেছি। কিন্তু ছেলেটা তার বাবাকে দেখেনি। আমি স্বামী হত্যার বিচার চাই।’ তবে প্রত্যক্ষদর্শী নারীদের অনেকে এখনো ভয় পান হত্যাকারীদের নাম বলতে। ঊনসত্তরপাড়ার হত্যাকাণ্ড সম্পর্কে এলাকার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, ‘এখানে হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল। পাক সেনাবাহিনীর সঙ্গে মুসলিম লীগের নেতা-কর্মীরাই হিন্দুদের হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই বিচার খুব দরকার ছিল।’স্বামী হারানো বাসন্তী বিচারের আশা ছেড়েই দিয়েছিলেন। তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভগবানের কাছে আমি বিচার দিয়েছিলাম। এখন দেখি সরকার কী করে!’ ডালিম ভবনের নির্যাতন ক্যাম্পআন্দরকিল্লা কাটা পাহাড়ের ডালিম ভবন ছিল একাত্তরে নির্যাতন ক্যাম্প। আল বদর-রাজাকারেরা এখানে ধরে নিয়ে আসত বাঙালিদের। তারপর নির্যাতন চালানো হতো। নারীনেত্রী নুরজাহান খানের স্বামী সাইফুদ্দিন খানসহ সাত স্বজনকে ধরে নিয়ে নির্যাতন করা হয় ওই ভবনে। তদন্ত দলের কাছে ডালিম ভবনে তাঁর স্বামীর ওপর নির্যাতনের কাহিনি তুলে ধরেন নুরজাহান।সাক্ষীরা এখানে নির্যাতনের জন্য জামায়াত নেতা মীর কাশেম আলীসহ কয়েকজনকে দায়ী করেন। একাত্তরে মীর কাশেম আলী ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার। ফয়’স লেক রেলওয়ে হাউস ফয়’স লেক পাহাড়ের ওপর রেলওয়ে লগ হাউস নামে একটি ভবনে চলত নারী নির্যাতন। পাহাড়তলী পাঞ্জাবি লেন, আকবর শাহের মাজার এলাকা থেকে নারীদের ধরে এনে বর্বর নির্যাতন ও হত্যা করা হতো। এ প্রসঙ্গে অধ্যাপক গাজী সালেহ উদ্দিন তদন্ত দলকে বলেন, ‘মূলত অবাঙালি, বিহারিরা রাজাকার ও আল বদরদের সহায়তায় পাকিস্তানি সেনারা নারী ধর্ষণ ও হত্যায় যুক্ত ছিল। প্রসঙ্গত, পাহাড়তলী এলাকায় একটি বিহারি কলোনি আছে। এখানে এখনো অনেক বিহারি লোক বাস করেন। নির্যাতনের পর নারীদের হ্রদের জলে ফেলে দেওয়া হতো।’ পাহাড়তলী বধ্যভূমিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের বাবা আলী করিমকে হত্যা করা হয়েছিল পাহাড়তলী বধ্যভূমিতে। একই দিন এখানে অসংখ্য বাঙালিকে ধরে এনে জবাই করা হয়। আমিনুল ইসলাম ও গোফরান ভূঁইয়া এ হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া দুই ভাগ্যবান। আমিনুল বলেন, ‘সেদিন পরিচিত এক বিহারির সহায়তায় আমরা বেঁচে গিয়েছিলাম। যুদ্ধের পর এখানে হাড়গোড়ের স্তূপ ছিল। মানুষের দেহ নিয়ে শেয়াল, কুকুরে টানাটানি করেছে।’তিনি আরও বলেন, ‘যুদ্ধের পর আমি একটি মামলাও করেছিলাম। কিন্তু কিছু হয়নি। এখন যদি ওই হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে জাতি পাপমুক্ত হবে।’ ঠিক যেমনটি লিখে গেছেন শহীদ নূতনচন্দ্র সিংহ। স্মৃতিসৌধে লেখা তাঁর সেই বাণী—‘এ দেশ আমার/ স্বদেশ আমার উত্তরাধিকার/ মৃত্যু জেনে/ মৃত্যু মেনে রাখব অধিকার।’