বিচিত্র এ পৃথিবী
বিদায় বন্ধুনিউজিল্যান্ডের জন্য মঙ্গলবার দিনটা ছিল শোকের। এদিনই যে জানানো হলো ‘শ্রেক’ আর বেঁচে নেই! কিন্তু কে এই শ্রেক? বড় কোনো ব্যক্তিত্ব, তারকা? তারকা তো অবশ্যই। তবে দু পেয়ে কেউ নয়; শ্রেক হলো একটা ভেড়া। অবশ্যই বিখ্যাত ভেড়া। না হলে তার মৃত্যুর খবর এমন ফলাও করে প্রচার করে কোন অর্বাচীন!শ্রেক ভেড়া হয়েও কেন বিখ্যাত সেটি জানতে হলে একটু পেছনে চলে যেতে হবে। ১৯৯৮ সালে এই ভেড়াটি হারিয়ে গিয়েছিল। ছয় বছরেও সন্ধান মেলেনি যখন, ধারণা করা হলো, নিশ্চয়ই মরে গেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ২০০৪ সালে একটা গুহা থেকে উদ্ধার করা হলো শ্রেককে। তত দিনে তার গায়ের পশম স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে তিন গুণ। নিউজিল্যান্ডে গবাদিপশু হিসেবে ভেড়া এমনিতেই অনেক জনপ্রিয়। নিজেদের মাত্র ৪৩ লাখ জনসংখ্যার হিসাব দিতে গিয়ে তারা ভেড়ার হিসাবও টেনে আনে। কারণ এরই মধ্যে দেশটিতে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেড়ে গেছে দশ গুণ! তার ওপর শ্রেকের সঙ্গে জড়িয়ে গেছে ‘মানবিক’ গল্প। হারিয়ে গিয়ে, একা একা থেকে সব প্রতিকূলতার সঙ্গে ‘লড়াই’ করে টিকে ছিল শ্রেক। এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল, তার গা থেকে পশম কেটে নেওয়ার দৃশ্য সরাসরি প্রচারিতও হয়েছে। শুধু কি তা-ই? নিউজিল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে জাতীয় সংসদ ভবনে গিয়ে সাক্ষাৎও করে এসেছে শ্রেক। নিয়মিত দাতব্য কাজে অংশ নিয়ে প্রচুর টাকাও সংগ্রহ করে দিয়েছে।কিন্তু বয়সের কাছে হার মানতে হয় সবাইকে। ১৬ বছর বয়সী শ্রেকও মেনেছে। তার মৃত্যুকে আর সব বিখ্যাত কিউই নাগরিকের সঙ্গেই তুলনা করে সাউথল্যান্ড টাইমস লিখেছে, ‘শেষ পর্যন্ত একজন আইকনিক কিউইর মৃত্যু হলো।’ নিউজিল্যান্ডের ‘চার্চ অব দ্য গুড শেফার্ড’-এ তার স্মরণে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। রাষ্ট্রীয় শোক জানালেও সেটা হয়তো বাড়াবাড়ি মনে হতো না।প্রয়াত শ্রেক আমাদের আবারও সেই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, কিছু কিছু মানুষ পশুরও নিচের স্তরে নেমে যায়, আর কিছু কিছু পশু মানুষেরও ওপরের স্তরে উঠে আসে!লেনিন গ্রেপ্তার!কমরেড লেনিন গ্রেপ্তার! তাও কিনা রেড স্কয়ার থেকে, যেখানে দাঁড়িয়ে বিপ্লবের কান-মন্ত্র তিনি ছড়িয়ে দিতেন সোভিয়েত রাশিয়ার সব সহযোদ্ধার কানে!! প্রথম দুটো বাক্যেই জ্যামিতিক প্রগতিতে বিস্ময়চিহ্নের ব্যবহার দেখে বিস্মিত হবেন না। কারণ আপনার বিস্ময়ের আসল খবরটা আছে এর পরই: কমরেড লেনিনকে গ্রেপ্তার করা হয়েছে জার দ্বিতীয় নিকোলাসের সঙ্গেই, যে জারকে হটিয়ে বিপ্লব ঘটিয়ে সমাজতন্ত্রের লাল নিশান উড়িয়েছিলেন লেনিন। আজ প্রায় ১০০ বছর পেরিয়ে এসে পাশার দান কি তবে এতটাই পাল্টে গেল, জার নিকোলাস আর কমরেড লেলিনের সঙ্গে এমন দোস্তি! তাঁদের দুজনকেই কিনা গ্রেপ্তার করে দুই পয়সার পুলিশ!! ওহ্, আসল প্রশ্নটাই তো করা হয়নি, জার তো পিতৃপ্রদত্ত প্রাণ দিয়েছেন সেই বিপ্লবের বলি হয়েই, আর লেনিন তো রেড স্কয়ারের পাশেই মমি হয়ে আছেন চিরশান্তির নিদ্রায়। এই দুজনের দেখাই বা হয় কী করে?না, বানোয়াট গল্প নয়। তা যে নয়, সেটা ছবিটাই বলছে। তবে আসল ব্যাপারটি হলো এই দুজনের কেউই আসল লেনিন কিংবা জার নন; অনেকটা ওই দুজনের মতো দেখতে। এই দেখার মিলটাই এই দুজনের জীবনধারণের মূল পুঁজি। রেড স্কয়ার দেখতে আসা পর্যটকদের অনেকেই এই নকল লেনিন আর জারের সঙ্গে ছবি তোলেন। এ জন্য দিতে হয় ১০০ রুবল (২৭০ টাকা প্রায়)। লেনিনের ভূমিকায় ১০ বছর ধরে পর্যটকদের আনন্দ দিয়ে চলা ৫৩ বছর বয়সী ব্যক্তিটির নাম সের্গেই সালাভিয়েভ, জারের কার্বন কপির নাম ভিক্তর চেরকাসোভ। বয়সে ‘লেনিন’-এর চেয়ে দুই বছরের ছোট। এই দুজনকেই গত বুধবার গ্রেপ্তার করেছে মস্কোর পুলিশ। অপরাধ, দুজনই নাকি অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন। বঙ্গীয় পুলিশের রাশান সংস্করণ আরকি! কারণ ‘লেনিন’ দাবি করছেন, রেড স্কয়ারের পুলিশ প্রায়ই চাঁদা দাবি করত তাঁদের কাছে। সেটি না দেওয়াতেই এই হ্যাপা।লেলিনের কাছে ঘুষ চায়, সেই পুলিশের বুকের পাটা আছে বলতে হবে। হোক না সেই লেনিন আসল নন! রামগড়ুর রাজ্যহাসিমুখে হিটলার—এমন ছবি কখনো দেখেছেন? দেখে থাকলে আপনি ভাই পৃথিবীর সৌভাগ্যবান মানুষদের একজন। অন্তত গুগলে তাঁর শ-খানেক ছবি ঘেঁটেও হাস্যোজ্জ্বল হিটলারকে খুঁজে পাওয়া গেল না। নাকের নিচে ছোট্ট গোঁফটাই শুধু শোভা পেত, তারও নিচে একজোড়া ঠোঁটে উদ্ধত অহংকারের আভা আছে, প্রচণ্ড রাগ কিংবা অভিমানও হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু হাসি? নৈব নৈব চঃ।খবরটার সঙ্গে অবশ্য হিটলারের কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন জানি না, অবচেতনভাবে খবরটা পড়ার পর প্রথমে হিটলারের রাগী রাগী হেডমাস্টারের ছবিটাই ভেসে উঠল। কোন খবর? বিশ্বজুড়ে একটা জরিপ হয়েছে। আর তাতে বিশ্বের সবচেয়ে কম ‘ফানি’ জাতি হিসেবে উঠে এসেছে জার্মানদের নাম। জার্মানরা বুঝি তাদের নামের মতোই বড্ড খটোমটো জাতি!ব্যাডু.কম নামের একটি ওয়েবসাইটে ১৫টি দেশে ৩০ হাজার মানুষের ওপর এই জরিপটি করা হয়। ভোট নেওয়া হয় বিশ্বের সবচেয়ে মজার আর সবচেয়ে কম মজার জাতির পক্ষে। বিপুল ব্যবধানে সেই ভোটে ‘জিতে’ জার্মানরা হয়েছে কম মজার জাতি। আর মার্কিনরা হয়েছে সবচেয়ে ফানি জাতি। নিন্দুকেরা এই খবর পড়ে দুটো মন্তব্য করতে পারেন। মন্তব্য এক. মার্কিনরা সবচেয়ে ‘ফানি’ তো হবেই। তারাই তো নেহাত মজা করতেই ‘খেলিছে এ বিশ্ব-লয়ে’। দ্বিতীয় মন্তব্যটি এমন: বাংলাদেশের নাম ওই আহাম্মক ভোটাররা বোধহয় শোনেনি। যে দেশ জাতীয় বড় বড় সমস্যাকে ফেলে রাজনীতির উটকো ঝামেলায় মেতে থাকে, তাদের চেয়ে ‘ফানি’ আর কে হতে পারে!