বিচিত্র এ পৃথিবী
‘ঃঁুিআ’কী এটা? এলিয়েনদের ভাষা! ইংলিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, স্প্যানিশ—অনেক ভাষাই শিখেছেন। এবার এলিয়েনদের ভাষাও শিখতে শুরু করুন। কারণ, রুশ বিজ্ঞানীরা বলছেন, ২০৩১ সালের মধ্যেই নাকি ভিনগ্রহের আগন্তুকদের সঙ্গে মোলাকাত হতে চলেছে পৃথিবীবাসীর! রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের অ্যাপ্লাইড অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের পরিচালক আন্দ্রেই ফিনকেলস্টেইন বলছেন, ‘অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে। আমরা আগামী ২০ বছরের মধ্যে সেটি খুঁজে বের করব।’ তাই সময় থাকতে এলিয়েনদের ভাষা শিখতে শুরু করুন।নৈব নৈব চঃভাই, যুগটা ফেসবুক-টুইটারের। আপনার মাথাব্যথা করছে, ঘন ঘন হেঁচকি তুলছেন কিংবা হাঁচি—তাতেও একটা স্ট্যাটাস দিয়ে দিন। এটাই এখন রেওয়াজ। কিন্তু সবকিছু নিয়ে স্ট্যাটাস দিতে যাবেন না। শেষে বেমক্কা ফেঁসে যেতে পারেন। যেমন ফেঁসেছেন তাইওয়ানের এক নারী। লিউ ইং-হুই নামের ওই নারী সম্প্রতি এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। কোনো কারণে দোকানের খাবারটি ঠিক পছন্দ হয়নি। ব্যস্, অভ্যাসবশত ব্লগে জানিয়ে দিলেন, অমুক দোকানের খাবার বিচ্ছিরি, দোকানের পরিবেশও নোংরা। এই ব্লগটা আবার নজরে পড়ে গেল রেস্তোরাঁ-মালিকের। ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিলেন তিনি। সেই মামলায় জিতেও গেলেন। এখন ক্ষতিপূরণ হিসেবে সাত হাজার ডলার (৫ লাখ টাকা) আক্কেল সেলামি গুনতে হচ্ছে। তাই, সাবধান! বেয়াক্কেলের মতো কোনো স্ট্যাটাস—নৈব নৈব চঃ!টিনের বাক্সেমিটিংয়ে বসে যেসব পরিকল্পনা হয়, সব ফাঁস হয়ে যায় প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে। এ তো মহা মুছিবত। এবার মিটিংয়ের গোপনীয়তা রক্ষায় ভালো ফন্দি এঁটেছে জার্মানির রাসায়নিক দ্রব্য উৎপাদনের প্রতিষ্ঠান এভোনিক। মিটিংয়ে ঢোকার সময় সব কর্মীর মুঠোফোন বন্ধ করে ঢুকিয়ে ফেলা হচ্ছে বিস্কুটের বাক্সে, রূপকথায় যেমন কৌটার মধ্যে আটকে থাকে দৈত্যের প্রাণভোমরা! একটু বিদঘুটে হলেও ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজ বা শিল্পচুরি ঠেকাতে এটাই সবচেয়ে কার্যকর উপায় মনে হয়েছে তাঁদের কাছে। শিল্পচোররা নাকি অত্যাধুনিক সিঁদ কাটার উপায় বের করেছে, মুঠোফোন বন্ধ রেখেও লাভ হচ্ছে না। সব পাচার হয়ে যাচ্ছে। কিন্তু টিনের বাক্সই কি শেষ সমাধান?জটিল প্রশ্নএক টাকার দাম কত টাকা? আহাম্মকি প্রশ্ন ঠাওরে বসবেন না। খামোখা এই প্রশ্ন করা হয়নি। কারণ, অস্ট্রেলিয়া সরকার হিসাবে করে দেখছে, তাদের পাঁচ সেন্টের মুদ্রাটির দাম ঠিক পাঁচ সেন্ট নয়, আরও বেশি পড়ে যাচ্ছে! হিসাবটা গোলমেলে লাগছে? পরিষ্কার করা যাক। কদিন ধরে ধাতুর দাম বাড়তির দিকে। সেই হিসাবে অস্ট্রেলীয় সরকার বলছে, তাদের পাঁচ সেন্টের কয়েনটি বানাতে খরচ পড়ছে পাঁচ সেন্টেরও অনেক বেশি। এই কয়েনে ৭৫ শতাংশ কপার আর ২৫ শতাংশ নিকেল থাকে। ২ দশমিক ৮৩ গ্রাম ওজনের কয়েনটি এরই মধ্যে ভাবনায় ফেলে দিয়েছে সরকারকে। অবশ্য ব্যাপক প্রচলন থাকায় এখনই কয়েনটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে না অস্ট্রেলিয়া।গ্রন্থনা: রাজীব হাসান