বিচিত্র ভুবন

৪০ বিড়াল!
গুনে গুনে ৪০টি বিড়াল পোষেন মার্লিন! সারা দিন এদের সঙ্গেই সময় কাটে যুক্তরাষ্ট্রের এই নারীর। বিড়ালগুলো নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার তো পায়ই, প্রতিদিন তাদের গোসলও করানো হয়। সপ্তাহে এদের খাবারের পেছনে খরচ হয় প্রায় ২০০ পাউন্ড, অর্থাৎ ২৫ হাজার টাকারও বেশি। মৃত্যুর সময় মার্লিনের মা ২৬টি বিড়াল রেখে গিয়েছিলেন। এখনো মায়ের জমানো টাকা দিয়েই বিড়ালের যত্ন-আত্তি করেন তিনি। মার্লিন বলেন, ‘বিড়ালগুলো আমাকে কখনো দুঃখ দেয় না। এদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই আমি জীবনের সুখ খুঁজে নিয়েছি।’ ডেইলি মেইল।
চোরের হাতে লেখা

‘আমি জানি, তুমি সেই লোক, যে আমার পাশে বসেছিলে। নিশ্চিত থাকো, আমি তোমাকে খুঁজে বের করব।’ ‘আমার মুঠোফোনের নম্বর তালিকা দেখো। দেখো, আমি কাদের সঙ্গে চলাফেরা করি।’ ‘বুদ্ধিমান হয়ে থাকলে নিচের ঠিকানায় আমার ফোনটি ফেরত পাঠাও।’
আইফোন-চোরকে একের পর এক খুদে বার্তা পাঠিয়ে রীতিমতো ‘মানসিক অত্যাচার’ করে ছেড়েছেন চীনের অধিবাসী জো বিন। ফলাফল? আইফোন ফেরত না পেলেও তাঁর মুঠোফোনের নম্বর তালিকায় থাকা এক হাজারটি ফোন নম্বর লিখে পাঠিয়েছে স্বয়ং চোর মহাশয়! এক সকালে, ডাকবাক্সে ১১ পৃষ্ঠাজুড়ে লেখা নম্বরগুলো পেয়ে চোখ কপালে উঠেছে জো’র! মেট্রোনিউস।

সবচেয়ে দামি উলের মোজা
শীত এসে যাচ্ছে, হয়তো মোজা কেনার কথা ভাবছেন। এই ফাঁকে জানিয়ে দিই, বিশ্বের সবচেয়ে দামি মোজা জোড়ার দাম। ভিকুনা নামক দক্ষিণ আমেরিকান একধরনের বন্য পশুর পশম থেকে তৈরি হয় এই মোজার উল। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে দামি উলের মোজা। প্রস্তুতকারক ফ্লেক দাম হেঁকেছে ৭২৬ পাউন্ড, অর্থাৎ প্রায় ৯০ হাজার টাকার বেশি। ডেইলি মেইল।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ