বিচিত্র ভুবন
গিনিপিগের বর্মপোষা গিনিপিগটার জন্য অধিক নিরাপত্তা চান? গিনিপিগটা কি আর দশটা গিনিপিগের সঙ্গে মল্লযুদ্ধে পেরে উঠতে পারছে না? সমাধান দিচ্ছে অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ইবে। প্রতিষ্ঠানটি নিলামে তুলেছে গিনিপিগের জন্য তৈরি করা এক বর্ম। মার্কিন এক প্রতিষ্ঠান তাদের পোষা গিনিপিগ লাকির জন্য তৈরি করেছিল এটি। লাকি ইহধাম ত্যাগ করার পর বর্মটি নিলামে তোলার চিন্তা করে তারা। এ পর্যন্ত দাম উঠেছে ৩০০ পাউন্ড। নিলাম থেকে পাওয়া অর্থ খরচও হবে গিনিপিগদের কল্যাণেই। ভার্জিনিয়ার মেট্রোপলিটন গিনিপিগ রেসকেউ দলের কাছে হস্তান্তর করা হবে পুরো অর্থ। অরেঞ্জ অনলাইনআরেক প্রেমের তাজমহল!তাজমহল বানাতে কী কী চাই? চাই ভালোবাসা, একজন মমতাজ, অনেক অর্থ-প্রাচুর্য আর একজন শাহজাহানের মতো হূদয়বান মানুষের। ভারতের ৭৭ বছর বয়সী ফয়জুল হাসান কাদারির একজন মমতাজ ছিলেন, নাম তাঁর তাজাম্মুলি বেগম। স্ত্রীর জন্য ভালোবাসার কমতি নেই ফয়জুলের। কমতি ছিল অর্থ-প্রাচুর্যের। তবে সেই সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এই বৃদ্ধ। ২০১১ সালে স্ত্রী গত হওয়ার সময় বলে গেছেন, ‘আমাদের তো কোনো সন্তান নেই। তাই মৃত্যুর পর আমাদের নাম কেউই মনে রাখবে না।’ ফয়জুল তা হতে দিতে চাননি। স্ত্রীর জন্য যে তাঁর ভালোবাসা, সেই ভালোবাসার জোরে ভিত গড়েছেন আরেক তাজমহলের। উত্তর প্রদেশের নিজের বাগানে গড়েছেন শাহজাহানের তাজমহলের মতোই দেখতে আরেক স্থাপত্য। ফয়জুল ৫০ ফুট বাই ৫০ ফুট আকারের এই স্থাপনার ভিত গড়েন ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রেমিক মানুষটি বলেন, ‘স্ত্রীর মৃত্যুর সময় কথা দিয়েছিলাম, তোমার নামে এমন এক সমাধি গড়ব, যা দেখে গোটা পৃথিবী আমাদের মনে রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপনার পর দিনে আট ঘণ্টা করে পরিশ্রম করেছি। এ পর্যন্ত লেগেছে ১০ হাজার ৫০০ পাউন্ড।’ তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ফয়জুরের তাজমহলের কাজ আর এগোচ্ছে না। অর্থের অভাবই প্রধান কারণ। পৈতৃক সম্পত্তির পুরোটাই বিকিয়ে দিয়েছেন। পেনশনের টাকাও শেষ। তার পরও ফয়জুল স্বপ্ন দেখেন স্ত্রীর জন্য গড়া তাজমহল মাথা তুলে দাঁড়াবে একদিন। মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টাই চালাবেন একালের শাহজাহান। অরেঞ্জ অনলাইনগ্রন্থনা: মাহফুজ রহমান