কিছু কিছু মানুষ আছেন যাঁদের পরিচয় করিয়ে দিতে হয় না। পৃথিবীর আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রায় সব মানুষের কাছেই তাঁরা পরিচিত। এমনই একজন মাইকেল জ্যাকসন। দীর্ঘদিন শাসন করেছেন তিনি গানের ভুবন। তাঁর গানের মতোই বৈচিত্র্যময় আর অবিস্মরণীয় গানের বাইরে মাইকেল জ্যাকসনের নানা কীর্তি। অক্সিজেন চেম্বার থেকে শুরু করে সেই এক হাতের সাদা দস্তানা। আরেকবার পরিচিত হোন প্রয়াত পপসম্রাটের চিরচেনা কিছু জিনিসপত্রের সঙ্গে।অক্সিজেন চেম্বারএকটা বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন জ্যাকসন। পুড়ে গিয়েছিল মাথার চুল। সংগত কারণেই তখন স্বাস্থ্য নিয়ে শঙ্কিত হয়ে উঠলেন তিনি। আর তাই থাকা শুরু করলেন অক্সিজেনে ভর্তি আস্ত একটা বাক্সে। ১৫০ বছর পর্যন্ত বাঁচার ইচ্ছে তাঁর। যদিও এ ইচ্ছে পূরণ হয়নি। পঞ্চাশেই পৃথিবী ছেড়েছেন তিনি। স্বাদ পাননি চিরযৌবনের। শখের অক্সিজেন বাক্সটার পেছনে খরচ হয়েছিল তাঁর অনেক। শুরুতে ব্রোটম্যান মেমোরিয়াল হাসপাতালকে দিতে হয়েছিল নয় লাখ ডলার। এর ভেতরে দু-এক ঘণ্টার বেশি থাকতেন না জ্যাকসন। বেশি সময় থাকাটা আবার বিপজ্জনক ছিল বলে। ১৯৯৪ সালে বাক্সটা কিনে নেন মাইকেল। পরে হাতছাড়া হয় মালিকানা। শোনা যায়, বাক্সটি মানবশরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে সাহায্য করে।নেভারল্যান্ড খামারমাইকেল জ্যাকসনের কথা উঠলেই সামনে চলে আসে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অবস্থিত নেভারল্যান্ড খামার। এটি পৃথিবীর বৃহত্তম থিম পার্কগুলোর অন্যতম। ১৯৮৮ সালে ৩০ মিলিয়ন ডলার দিয়ে জায়গাটির মালিক হন মাইকেল। পিটার প্যানের গল্পে নেভারল্যান্ড ছিল একটি কাল্পনিক দ্বীপ। আর এটাই মনে ধরে যায় গায়ক মাইকেল জ্যাকসনের। নিজের স্বপ্নের মতো করে সাজালেন তাই জায়গাটি। এতে আছে নিজস্ব রেলস্টেশন, বাম্পার কার, চিড়িয়াখানাসহ বিনোদনের আরও হাজারো জিনিস। এসব তৈরির জন্য ব্যয়ও হলো প্রচুর। ১৯৮৮ থেকে ২০০৫ পর্যন্ত এখানেই বসবাস করেছেন পপসম্রাট খ্যাত জ্যাকসন। পরবর্তীকালে নানা ঝামেলার কারণে চলে যেতে হয় অন্যত্র। বর্তমানে নেভারল্যান্ড র্যাঞ্চের আনুমানিক মূল্য প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলার। মাইকেল জ্যাকসনের বাড়ি বলে এখানে লেগে থাকে মানুষের ভিড়। মৃত্যুর পরও তাঁর বাড়িটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।দস্তানাগান গাওয়ার সময় জ্যাকসনের হাতে শোভা পেত সাদা রঙের দস্তানা। ১৯৮৩ সালে যখন থ্রিলার অ্যালবামটি জনপ্রিয় হয়ে ওঠে সারা বিশ্বে, তখন থেকেই নিজের জনপ্রিয়তার চিহ্ন হিসেবে দস্তানা পরা শুরু করেন মাইকেল। কেউ কেউ মনে করেন, নিজেকে জাদুকরদের মতো দেখানোর জন্যই মাইকেলের এই কায়দা। দর্শকদের সঙ্গেও তৈরি হয় একটা অদৃশ্য বন্ধন। মাইকেলের বন্ধু চলচ্চিত্র পরিচালক স্পিলবার্গ বলেন, ‘দস্তানার ভেতরে থাকা বাল্বগুলো থেকে বের হতো সাদা আলো। মনের ওপর দারুণ প্রভাব পড়ত এতে।’ যদিও কিছু মানুষের ধারণা ভিন্ন। তারা মনে করে, দস্তানা দিয়ে হাতের ক্ষতগুলো ঢেকে রাখতেন মাইকেল। যে যা-ই বলুক না কেন, এই দস্তানার মূল্য এখন অনেক। হবেই বা না কেন, গায়ক মাইকেল জ্যাকসন বলে কথা।পেটেন্ট নম্বর ৫২৫৫৪৫২পেটেন্ট নম্বর ৫২৫৫৪৫২। ‘স্মুথ ক্রিমিনাল’ গানের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে বাঁকা হয়ে নেচেছিলেন মাইকেল জ্যাকসন। মাধ্যাকর্ষণ শক্তিকে দেখিয়েছেন কাঁচকলা। ১৯৯২ সালে অভূতপূর্ব এ নাচের পেটেন্ট নেন তিনি। তাঁর এ নাচ দেখে দর্শকেরা একই সঙ্গে হয়েছিল বিস্মিত ও বিভ্রান্ত। এটি ছিল অসাধারণ সুন্দর এক বিভ্রম। বিখ্যাত এ নাচের ধরনটি ‘মুনওয়াক’ নামে পরিচিত। এর জন্য মাইকেল ব্যবহার করেছেন হিলওয়ালা বিশেষ ধরনের জুতো। এ জুতো ভূমির সঙ্গে শরীরকে ৪৫ ডিগ্রি কোণে আটকে রাখতে সাহায্য করে। মাইকেল নেই, তাই বলে মুনওয়াক নাচের কথা ভোলেনি কেউ। এমন অভাবনীয় নাচকে মানুষ যে যুগ যুগ ধরে মনে রাখবে, সন্দেহ নেই তাতে কোনো।ওয়েবসাইট অবলম্বনে মাহমুদুল হাসান