বিচিত্র যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে জোগারের সঙ্গে দেখা। সে এক বিচিত্র দৃশ্য। ভারতে আসার দ্বিতীয় দিনে এমন এক অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হব, সে তো ভাগ্যের কথা। ভারতের কিছু কিছু হাইওয়ে ইউরোপের হাইওয়ের সঙ্গে তুলনীয়, কিছুর অবস্থা আবার খুবই বেহাল। এমনই এক বেহাল রাস্তা দিয়েই ছুটে চলছিল আমাদের গাড়ি। গন্তব্য আগ্রার তাজমহল। আঁকাবাঁকা, খানাখন্দ পেরিয়ে ছুটে চলেছে গাড়ি। যেতে যেতেই রাস্তার পাশে ধীরে চলতে থাকা জোগারের সঙ্গে দেখা। জোগারের ওপর শুকনা ঘাসের বড় বড় আঁটি, তার ওপর ১৫ থেকে ১৬ জন বসে। মহানন্দে সবাই রোদের উত্তাপ উপেক্ষা করে হাস্যরত। সবাইকে নিয়ে রাস্তার পাশ দিয়ে বেশ জায়গাজুড়ে ভট ভট শব্দে চলেছে জোগার। ছুটন্ত গাড়ির মাঝে জোগারের ধীরে চলা যেন রাজকীয়। আমাদের ভ্রমণ-সমন্বয়ক বিজয় ইয়াবদ হাত তুলে দেখালেন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। বিচিত্র গাড়িটি কাছ থেকে দেখার লোভ সামলাতে পারছিলাম না। ইশারায় গাড়ি থামাতে বলতেই তিনি রাস্তার ধারে চলতে থাকা এক জোগারের পাশে থামালেন। জাগুয়ার আর জোগার শব্দ দুটি কাছাকাছি। দুটিই গাড়ি। একটির জন্ম আধুনিক কারখানায়, অন্যটির জন্ম ধোলাইখাল-জাতীয় কারখানায়। জোগারের কোনো হর্ন নেই, ভট ভট শব্দটিই হর্নের কাজ করছে। অন্যান্য গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার, স্টার্ট-কি থাকলেও জোগার এসব ঝামেলা থেকে মুক্ত। জোগার এক বিচিত্র গাড়ি, সামনের দিকে খোলা ইঞ্জিন। যে পাম্প ইঞ্জিন দিয়ে মাটির গভীর থেকে জল তোলা হয়, সেটি বসানো হয়েছে সামনে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জিপের যন্ত্রাংশ। শারীরিক কাঠামো লোহার খাঁচার মতো। যে খাঁচায় রাখা যায় বস্তাভরা ধান, গম, চাল, খেতের সবজি ও শুকনা ঘাসের আঁটি। তার ওপর হাস্যোজ্জ্বল গাঁয়ের মানুষ। জোগারের চারটি চাকা। সে চাকা জিপেরও হতে পারে আবার বাসেরও হতে পারে। বাঁধাধরা নিয়ম নেই, চাকা হলেই হলো। গ্রাম্য কারখানায় তৈরি বিচিত্র গাড়ি জোগার। নামটিও তাৎপর্যপূর্ণ। বিভিন্ন সামগ্রীর যন্ত্রাংশ জোগাড় করে তৈরি বলেই নাম ‘জোগার’। এমন বিচিত্র গাড়িটি কে উদ্ভাবন করেছিলেন, জানা নেই। তবে জোগার স্থানীয় প্রয়োজন জুগিয়ে চলেছে। স্টকহোম, সুইডেন [email protected]