আজ ২২ শ্রাবণ, রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস। কতভাবেই না আমাদের রবীন্দ্র-দর্শন! কতই না তাঁর পরিচয়। রবীন্দ্রনাথের যে পরিচয়গুলো নিয়ে কম আলোচনা হয়েছে, সেদিকেই এবার দৃষ্টিপাত করল ছুটির দিনেপ্ল্যানচেটে রবীন্দ্রনাথপ্ল্যানচেটে বসেছেন রবীন্দ্রনাথ। পারলৌকিকচর্চার বিচিত্র অভ্যাস ছিল তাঁর। তিনি ডাকছেন স্ত্রী মৃণালিনী দেবীকে।—কে?—না, বলব না, আমার নাম তুমি বলো।—ছোট বৌ নাকি?—হ্যাঁ।(রবীন্দ্রনাথের পরলোকচর্চা/অমিতাভ চৌধুরী, পৃ.৩৮)ছোট বউ বলতে রবীন্দ্রনাথ বোঝাতেন মৃণালিনী দেবীকেই। এরপর প্ল্যানচেটে তাঁদের মধ্যে কী কথোপকথন হলো, সেটা পরে বলা হবে।মৃণালিনী দেবীকে বাংলা ১২৯০ সালের ২৪ অগ্রহায়ণ (১৮৮৩ সালের ৯ ডিসেম্বর) বিয়ে করেন রবীন্দ্রনাথ। মাত্র ২৯ বছর বয়সে ১৩০৯ সালের ৭ অগ্রহায়ণ (১৯০২ সাল) মৃণালিনী দেবী মারা যান। প্রায় ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের।গর্ভাবস্থায় অ্যাপেন্ডিসাইটিসে সংক্রমণের কারণেই মৃণালিনী দেবীর মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। শান্তিনিকেতনের চিকিৎসক ডা. কালীপ্রসন্ন লাহিড়ীর চিকিৎসায় ফল না হওয়ায় রবীন্দ্রনাথ তাঁর ভাইপো দ্বিপেন্দ্রনাথ ঠাকুরকে চিঠি দিয়ে বললেন, তাঁকে কলকাতায় পাঠিয়ে দিতে। কলকাতায় আসার পরও মৃণালিনী দেবীর অসুস্থতা বেড়েই চলেছিল। এ সময় তাঁদের দ্বিতীয় কন্যা রেনুকাও অসুস্থ হয়ে পড়ে।সে সময় বিশিষ্ট অ্যালোপ্যাথ চিকিৎসক ডি এন চট্টোপাধ্যায় এবং হোমিওপ্যাথ চিকিৎসক ডা. জে এন মজুমদার ও ডা. ডি এন রায় একসঙ্গে মৃণালিনী দেবীর চিকিৎসা করছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। মৃণালিনী দেবী তখন কলকাতায় লালবাড়ির দোতলায় থাকতেন। তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন প্রায় দুই মাস। এই দুই মাস রবীন্দ্রনাথ স্ত্রীর শুশ্রূষা করেছেন। অগ্রহায়ণের শুরুতেই কবি-পত্নীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছু একটা আঁচ করতে পেরে রবীন্দ্রনাথ তাঁর ছেলেদের শান্তিনিকেতন থেকে কলকাতায় আসতে বলে দিলেন।স্ত্রীর মৃত্যুর পর নির্জন ছাদে একাকী রবীন্দ্রনাথ সারা রাত পায়চারি করে কাটিয়ে দিলেন। বাইরে ভাবলেশহীন কবির অন্তরে তখন শোকের ছায়া। দ্বিপেন্দ্রনাথের স্ত্রী হেমলতা দেবী সংসারী রবীন্দ্রনাথ বইতে লিখেছেন, ‘রাত্রে আমার স্বামী এসে বললেন, খুড়ীর মৃত্যু হয়েছে; কাকা মশাই একলা ছাদে চলে গেছেন, বারণ করেছেন কাউকে কাছে যেতে। প্রায় সারা রাত কবি ছাদে পায়চারি করে কাটিয়েছেন শোনা গেল।’প্ল্যানচেট করার মাধ্যমে জটিল পরিস্থিতির নিরসন করার ভাবনা ছিল রবীন্দ্রনাথের। প্ল্যানচেটে স্ত্রীকে ডেকে এনে এর পরের প্রশ্নোত্তরগুলো ছিল এই রকম:রবীন্দ্রনাথ বলছেন, ‘পৃথিবীর সঙ্গে তোমার বন্ধন কি প্রবল আছে?—আছে বৈ কি। এ কথা জিজ্ঞেস কর কেন? জানো না কি?—আমার কাজকর্ম সাধনার প্রতি তোমার ইন্টারেস্ট আছে?—আছে।...আমার মন সমস্ত অন্তর থেকে তোমার কল্যাণ কামনা করে।—রথীর কাজে তোমার সম্মতি আছে?—সে কি আমায় জিজ্ঞাসা করবার? তাঁর কাছে যিনি আছেন, তিনি দেবতার মতো আলো দেখাবেন।যদিও রবীন্দ্রনাথের সচিব কবি অমিয় চক্রবর্তী কবির পরলোকচর্চাকে ‘মহাপুরুষের ছেলেমানুষী’ আখ্যা দিয়েছেন বটে, কিন্তু প্ল্যানচেটের ব্যাপারে যে রবীন্দ্রনাথের আন্তরিকতা ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুর পরিবারে প্ল্যানচেট একেবারে অভাবিত ব্যাপার ছিল না। বাল্যকাল থেকেই রবীন্দ্রনাথ প্ল্যানচেটের আসরে মিডিয়াম হয়েছেন অনেকবার। মৃণালিনী দেবীর মৃত্যুর সময়টিতে রবীন্দ্রনাথ মায়ার্সের লেখা হিউম্যান পারসোনালিটি অ্যান্ড ইটস সারভাইভাল আফটার ডেথ বইটি পড়ছিলেন। এ সময় পরলোকচর্চার বিষয়ে এটি একটি কারণ হতে পারে।নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ‘সঙ্কোচের বিহ্বলতা নিজের অপমান’—গানটি আমাদের অনেকেরই চেনা। এ গানটির সঙ্গে কী ধরনের নাচ হতে পারে? ভাবনার ডানা মেলে ধরুন, করুন যতটা ইচ্ছে তার বিস্তার। উহু, ধরতে পারবেন না। রবীন্দ্রনাথ এই গানের সঙ্গে যে নাচের কম্পোজিশন করেন, তা জুডোর ভঙ্গি। সে সময় শান্তিনিকেতনের মেয়েদের আত্মরক্ষার জন্য জুডোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সেই ব্যায়ামগুলোর মাধ্যমেই এই গানটির সঙ্গে নাচের কম্পোজিশন হলো।অভিনয়ের প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ ছিল প্রবল। বাল্মিকীপ্রতিভা ও কালমৃগয়ায় তিনি অভিনয় করেছিলেন। জীবনস্মৃতি বইতে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘বাল্মিকীপ্রতিভা ও কালমৃগয়া যে উৎসাহে লিখিয়াছিলাম, সে উৎসাহে আর-কিছু রচনা করি নাই।...এই দুটি গীতিনাট্যের অভিনয়ে আমিই প্রধান পদ গ্রহণ করিয়াছিলাম। বাল্যকাল হইতেই আমার মনের মধ্যে নাট্যাভিনয়ের শখ ছিল। আমার দৃঢ়বিশ্বাস, এ কার্যে আমার স্বাভাবিক নিপুণতা আছে। আমার এই বিশ্বাস অমূলক ছিল না, তাহার প্রমাণ হইয়াছে।’ রবীন্দ্রনাথের কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্র তপতীর প্রধান ভূমিকায় অভিনয়ও করেছিলেন রবীন্দ্রনাথ। সেটা ১৯২৯ সাল।এখানেই ছেড়ে দেননি তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্য নিয়েও ভেবেছেন গভীরভাবে। বিশেষ করে, জাভা ও বালির অভিজ্ঞতার পর প্রবল উৎসাহে নাচের কম্পোজিশন নিয়ে ভাবলেন তিনি। হয়তো শান্তিদেব ঘোষকে ডাকলেন। মাথায় নতুন আইডিয়া। গান লিখলেন, সঙ্গে সঙ্গে নাচ কম্পোজ করতে বললেন। শাস্ত্রীয় নৃত্য হয়তো দেখাতে পারছেন না, কিন্তু হাতের ভঙ্গি, বসার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি নিজেই অভিনয় করে দেখাতেন।অমিতা সেন বলছেন, ‘রবীন্দ্রনাথের নাচ হলো ভাবের নাচ। আকাশের কোলে মেঘের খেলা। পাতায় পাতায় হাওয়ার কাঁপন, ঘাসে ঘাসে আলোর পুলক, উছলে পড়া চাঁদের আলো, ফুল ফোঁটা, ফুল ঝরা, শুকনো পাতার মর্মর ধ্বনি, মানুষের মনে আনন্দের হিল্লোল, দুঃখ-বেদনায় হূদয়ের আকুলতা সবকিছু ব্যক্ত হয় এই ভাব-নৃত্যের ভঙ্গিতে, চোখ, মুখের ভাবে।’(নৃত্যশিল্পী রবীন্দ্রনাথ/নীলিমা চৌধুরী/বাংলা একাডেমীর নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর/পৃ.৩৬০)এটাই ছিল নাচ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। ১৯১১ ও ১৯১৫ খ্রিষ্টাব্দে ফাল্গুনী নাটকে অন্ধ বাউলের ভূমিকায় ‘চলি গো, চলি গো, যাই গো চলে’—গানের সঙ্গে ভাব-নৃত্য করেন রবীন্দ্রনাথ। ১৯১৯ সালে তিনি মণিপুরী নৃত্য নিয়ে আসেন। ১৯২৬ সাল থেকে শুরু হয় প্রশিক্ষণ। এ বছরই নটীর পূজা অভিনীত হয় রবীন্দ্রনাথের জন্মদিনে। সেদিন শিল্পী ছিলেন গৌরী বসু। ‘আমায় ক্ষমো হে’ গানটির সঙ্গে মণিপুরী নৃত্যছন্দে ভগবান বুদ্ধের উদ্দেশে আত্মনিবেদনের ভাবটি মুগ্ধ করেছিল সবাইকে।কবির ৭০তম জন্মোৎসবে আবার অভিনীত হয় নটীর পূজা। এবার মিলন হয় দক্ষিণী, কথাকলি আর মণিপুরী নৃত্যের। শাপমোচন করা হয় রুশ নৃত্য পদ্ধতিতে! কথাকলি নাচ শেখার জন্য রবীন্দ্রনাথ শান্তিদেব ঘোষকে পাঠিয়েছিলেন কলামণ্ডলমে। রবীন্দ্রনাথ তাঁর নৃত্যনাট্যগুলোতে সব নৃত্যধারার সমন্বয় করেন। আমরা শুধু শ্যামা নৃত্যনাট্য নিয়ে কথা বললেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এ নাটকে রবীন্দ্রনাথ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এই নৃত্যনাট্যে ভরতনাট্যম, মণিপুরী, কথক, কথাকলি ও সিংহলের ক্যান্ডি নাচের সমন্বয় ঘটেছিল। বজ্রসেন হয়েছিলেন মৃণালিনী। তিনি শান্তিনিকেতনে যোগ দেওয়ার আগেই ভরতনাট্যম শিখে এসেছিলেন, বজ্রসেনের গানের সঙ্গে ভরতনাট্যমের আঙ্গিকে হয় নৃত্যপরিবেশন করেছিলেন তিনি। শ্যামা হয়েছিলেন নন্দিতা, মণিপুরী নাচের আঙ্গিকে ছিল শ্যামার নাচ। কথাকলি নৃত্যে প্রহরীর ভূমিকায় ছিলেন কেলু নায়ার। সিংহলবাসী ছাত্র আনন্দলাল কোটালের ভূমিকা করেন ক্যান্ডি নাচের আঙ্গিকে। সখীদের নাচে ছিল মণিপুরী নাচের প্রাধান্য। নানা নৃত্যধারাকে ভেঙেচুরে রবীন্দ্রনাথ নির্মাণ করেছিলেন এক আধুনিক নৃত্যধারা। এ কোনো বিশেষ ধ্রুপদী নৃত্যধারা নয়। রবীন্দ্র নৃত্যধারা কাব্য সুষমাময়। রবীন্দ্রনাথের পর হয়তো উদয় শংকর ও বুলবুল চৌধুরী চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের পর কোনো কাব্যধর্মী নৃত্যধারার সৃষ্টি হয়নি। এখনো নৃত্যনাট্য বলতে রবীন্দ্র-নৃত্যনাট্যই বোঝায়। চলচ্চিত্র পরিচালক রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবি নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রবীন্দ্রনাথকে। পুর্ণেন্দু পত্রীর কবিতার ঘর ও বাহির নামের বইটিতে বিষয়টি নিয়ে যা আছে, তা অনেকটা এই রকম:—এই যে বিশাল কিম্ভূতকিমাকার একটা কিছু আঁকলেন, এর মানে কী?এ ধরনের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ বলতেন, ঈশ্বর যে এত বড় বড় ডাইনোসর, জলহস্তী তৈরি করেছে, তার মানে কী? ওগুলোর যেমন মানে নেই, আমার ছবিরও কোনো মানে নেই।অভিনয়ের মতো ছবি আঁকাটাও রবীন্দ্রনাথে ছিল। সেই ১৮৭৪-৮২ সালের দিকে তিনি মালতী নামের একটি পুঁথির পাতায় পাতায় ছবি এঁকেছিলেন। ১৮৮৯-এর দিকে সঙ্গে রাখতেন একটা পকেটবুক। ইচ্ছে হলেই সেটায় আঁকতেন ছবি। ১৯১৬ সালে তিনি জাপান যান। সেখানে তিন মাস একনাগাড়ে জাপানি শিল্পী ইয়াকোইয়ামা তাইকোয়ানের আতিথ্য গ্রহণ করেন তিনি। জাপান থেকে ফিরে এসে ১৯১৭ সালে বিশ্বভারতীতে ‘কলাভবন’ স্থাপন করেন। বিভিন্ন সময়ে আঁকলেও ১৯২৮ থেকে ১৯৪০ সাল পর্যন্ত সময়টিতেই তিনি রীতিমতো চিত্রশিল্পী হয়ে উঠেছেন বলে মনে করা হয়। রবীন্দ্রনাথের ছবির সংখ্যা সাড়ে তিন হাজার থেকে চার হাজার। রবীন্দ্রনাথের চিত্রকলাপ্রীতিকে অনেকেই বলেছেন, এটা তার ‘শেষ বয়সের প্রিয়া’। এ নামে সন্দীপ সরকারের একটি বইও আছে।তবে ছবি আঁকায় মন দেওয়ার পর আরও একটি বিষয়ে প্রেয়সীর দেখা পেয়েছিলেন রবীন্দ্রনাথ। সেটা ছায়াছবি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ৭০ বছর বয়সে পরিচালনা করলেন একটি চলচ্চিত্র। চলমান ছবিই কথা বলবে, এই বিষয়টি আকৃষ্ট করল রবীন্দ্রনাথকে। চলচ্চিত্রশিল্প যখন কেবল বিকশিত হচ্ছে, সে সময়েই ছবি পরিচালনা করলেন রবীন্দ্রনাথ। নটীর পূজা লিখেছিলেন ১৯২৬ সালে। সে সময়কার সামাজিক প্রেক্ষাপটে তা ছিল মানবতার পক্ষে জয়গান। শান্তিনিকেতনের শিক্ষার্থীরাই অভিনয় করেছিলেন সে নৃত্যনাট্যে। নন্দলাল বসুর মেয়ে গৌরী বসু সে নৃত্যনাট্যে অসাধারণ অভিনয় করেছিলেন। সে সময়ও ভদ্রঘরের মেয়েরা প্রকাশ্যে নাচের মঞ্চে আসত না। রক্ষণশীল সমাজে এই নৃত্যনাট্যটিকে আনার জন্য তিনি শুধু মেয়েদের দিয়েই অভিনয় করালেন। ডিমু উপালি নামের একটি চরিত্র জুড়ে দিয়ে সেই চরিত্রে নিজেই করলেন অভিনয়। বিশ্বভারতীর সাহায্যার্থে বেশ কবার মঞ্চস্থ হলো নাটকটি। নিউ থিয়েটার্সের মালিক ও প্রধান কর্ণধার বি এন সরকার রবীন্দ্রনাথকে প্রস্তাব দিলেন এই নৃত্যনাট্যটি নিয়ে চলচ্চিত্র তৈরি করার। বললেন, এই ছবির টিকিট বিক্রি থেকে যে লাভ হবে, তার অর্ধেক দেওয়া হবে রবীন্দ্রনাথকে—শ্রীনিকেতনের সাহায্যকল্পে। কবি রাজি হলেন। তবে বললেন, পাঁচ দিনের মধ্যে শেষ করতে হবে শুটিং। কারণ এরপরই নটীর পূজার পুরো দল নিয়ে তিনি যাবেন বিদেশ সফরে।নিউ থিয়েটার্সের ১ নম্বর ফ্লোরে চলচ্চিত্র পরিচালনা করছেন স্বয়ং রবীন্দ্রনাথ, এই খবর রটে গেল। অগণিত দর্শনার্থী এসে হাজির হলো সেখানে। নিউ থিয়েটার্সের ২৫ সদস্যের দলটি পাঁচ দিন একনাগাড়ে শুটিং করে ছবিটি শেষ করল। ছবিটি ১৯৩২ সালের ২২ ডিসেম্বর চিত্রা সিনেমা হলে মুক্তি পায়। রবীন্দ্রনাথ সেদিন উদ্বোধনী প্রদর্শনীটি দেখেন। ৪ ডিসেম্বর রূপা সিনেমা হলে আবার দেখানো হয় ছবিটি। ১৯৪০ সালে নিউ থিয়েটার্সে আগুন লেগে গেলে অন্য অনেক ছবির প্রিন্টের সঙ্গে নটীর পূজার নেগেটিভও পুড়ে যায়। এখন শুধু একটি আংশিক ১৬ মিলিমিটার ফিল্ম রাখা আছে রবীন্দ্রভবনে।বিজ্ঞাপনে রবীন্দ্রনাথআরও কত বিচিত্রভাবে যে রবীন্দ্রনাথকে আমরা চিনতে পারি! এই যেমন বিজ্ঞাপনচিত্র। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে তিনি মডেল হয়েছেন। যেমন—দীপালী পত্রিকার ১ম বর্ষ ২৪ সংখ্যায় (১৯ জুন, ১৯৩৭) বোর্নভিটা কোম্পানির পূর্ণপৃষ্ঠার বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের ছবিসহ রবীন্দ্রনাথের সহস্তে ‘বোর্নভিটা সেবনে উপকার পাইয়াছি’ লেখা বিজ্ঞাপন প্রকাশিত হয়। এ ছাড়া ডেয়ার্কিন কোম্পানি, কেশ তেল, সুরভি ক্রিম, কাজল কালি, উন্মাদরোগের ওষুধসহ নানা বিজ্ঞাপনে তাঁর হস্তাক্ষরে প্রশংসাবাণী লিপিবদ্ধ হয়। চায়ের বিজ্ঞাপনে তিনি যে রচনাটি ব্যবহার করতে দিয়েছিলেন, সংক্ষেপে সে কবিতাটি দিয়েই রবীন্দ্রবিষয়ক কথাবার্তা আজ শেষ করি:হায় হায় হায় দিন চলি যায়।চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে\টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে।এল চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ\শ্রাবণবাসরে রস ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে।