বিচিত্রিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা দেখুন একবার। কী মহা মুশকিলেই না পড়েছে বেচারা বাচ্চা হাতিটা! একটুখানি গলা ভেজানোর জন্য জলাশয়ে শুঁড় ডুবিয়েছিল হস্তীশাবক। আর তাতেই কিনা এই বিপত্তি! বলা নেই, কওয়া নেই, ভুশ করে ভেসে উঠে কুমিরটা কামড়ে ধরেছে পুঁচকে হাতির শুঁড়। ছাড়াছাড়ির নামটি নেই। এদিকে যাকে বলে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হস্তীশাবকের। শেষমেশ শুঁড় ছেড়ে রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে জলের কুমির। সেটা অবশ্য পুরো হাতির পাল সমবেত হওয়ার পর। ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের। আর অতিবিরল এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন জোহান ওপারম্যান নামের এক শৌখিন আলোকচিত্রী। (সূত্র: প্রথম আলো, ৩০ অক্টোবর ২০১০) কুমির কর্তৃক হাতির শুঁড় টেনে ধরার এই মহাদুর্লভ ঘটনার আরেকটি নজির মিলেছে রাডইয়ার্ড কিপলিংয়ের লেখা শিশুতোষ বইয়ে। পার্থক্য একটাই, কিপলিংয়ের সেই ঘটনাটা ছিল নিছক ছেলে ভোলানো বানানো গপপো। আর এবারের ঘটনাটা নির্জলা সত্যি। বাস্তব সত্যিই কখনো কখনো গল্প, উপন্যাস বা ছায়াছবিকে হার মানায়। কত বিচিত্র বিস্ময়ে ভরপুর পৃথিবীর প্রাণিজগৎ! গল্প, উপন্যাস কিংবা চলচ্চিত্রের মতোই সেগুলোর কোনোটা মনোমুগ্ধকর, কোনোটা বিস্ময়কর. কোনোটা ভয়ংকর এবং কোনো কোনোটা ঠিক এই ছবিটির মতোই বিস্ময়-কৌতুক আর করুণ রসের মিশেল।—ইকবাল হোসাইন চৌধুরী