
‘বাকি শুধু দুই থেকে তিন হাত। আর একটু ভাঙলেই শঙ্খের পেটে চলে যাবে শাহ মোহছেন আউলিয়া সড়ক। তখন বন্ধ হয়ে যাবে পুরো ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা। কারণ, এটিই প্রধান সড়ক। অথচ এ নিয়ে কারও মাথাব্যথা নেই।’
শঙ্খ নদের ভাঙন নিয়ে এভাবেই অসহায়ত্বের কথা বলছিলেন আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন জুঁইদণ্ডীর লামার বাজারের দোকানদার মহিউদ্দিন (৩৩)।
জানা যায়, আনোয়ারা উপজেলার রায়পুর ছাড়াও আরেকটি উপকূলীয় ইউনিয়ন জুঁইদণ্ডী। এটি ২০০৩ সালে বরুমচড়া ইউনিয়ন থেকে আলাদা হয়। ইউনিয়নের একমাত্র শাহ মোহছেন আউলিয়া সড়ক দিয়েই স্থানীয় লোকজন উপজেলা সদর, বটতলী-রুস্তমহাট ও চট্টগ্রাম শহরের সঙ্গেও যোগাযোগ করেন।
সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কটির খুরুস্কুল গোদারগোড়া ও দক্ষিণে লামারবাজার অংশের ভাঙন ভয়াবহ। এ দুটি অংশে গাড়ি চলছে নদের পাড় ধরে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় লোকজন জানান, প্রতি অমাবস্যা-পূর্ণিমায় জোয়ারের পানি বাড়লে ওই দুই অংশে নদের পানি ছুঁই ছুঁই করে। ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বদিউর রহমান জানান, গত চার থেকে পাঁচ বছরে শঙ্খের ভাঙনে ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর ভেঙে গেছে। নদগর্ভে বিলীন হয়ে গেছে শান্তিরহাট, আনোয়ারুল উলুম মাদ্রাসা, ফসলি জমিসহ মসজিদ-কবরস্থান। এ ছাড়া লামার বাজার ও গোদারগোড়ার অর্ধশতাধিক দোকান শঙ্খে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে পাউবো খুরুস্কুল গোদারগোড়ায় কিছু অংশে এক কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক বসায়। কিন্তু বাকি অংশ অরক্ষিত থেকে যায়। এ ছাড়া লামার বাজার এলাকায় ভাঙন বাড়লেও সেখানে কোনো ব্লকই বসানো হয়নি।
জুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, লামার বাজার ও গোদারগোড়ায় ভাঙন রোধ করা না গেলে ইউনিয়নের যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান মুঠোফোনে বলেন, সমপ্রতি জুঁইদণ্ডীর লামার বাজার এলাকায় এক হাজার মিটার ও গোদারগোড়ায় ৪১০ মিটার রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠানো হয়েছে। ওই বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে কাজ করা যাবে।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, জুঁইদণ্ডীর লামার বাজার ও গোদারগোড়া অংশের সড়ক মেরামতের জন্য প্রাক্কলন ব্যয় হিসাব করা হয়েছে। শিগগির সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।