বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার সড়ক ও জনপথ বিভাগের অধীন ১০টি প্রধান সড়কের মধ্যে সাতটি সড়কের অন্তত ২০টি বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সব সেতু যেকোনো সময় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। গত জুনে জেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি সেতু ও খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের মানিকছড়ি সেতু ধসে পড়লে কয়েক ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।খাগড়াছড়ির সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ছয়টি, খাগড়াছড়ি-মহালছড়ি সড়কে দুইটি, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে তিনটি, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে তিনটি, মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কে দুইটি এবং রামগড়-জালিয়াপাড়া সড়কে একটি বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিগগিরই সেতুগুলো পুনর্নির্মাণ করা না হলে যেকোনো সময় এসব সেতু ধসে পড়তে পারে। এসব সেতু সংস্কার করে ব্যবহার করাও সম্ভব নয়। কারণ প্রায় ২৪ বছর আগে নির্মিত এসব সেতুর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, খাগড়াছড়ি জেলায় ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৩টি সেতু পুনর্নির্মাণের জন্য একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে আগামী দু-তিন বছরের মধ্যে সেতুগুলো নির্মাণ শুরু হবে। তখন খাগড়াছড়ি জেলায় সড়ক যোগাযোগে আর সমস্যা থাকবে না। সূত্র জানায়, ইতিমধ্যে ওই ৬৩টি সেতুর বাইরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাতটি বড় সেতু নির্মাণের জন্য একনেকের অনুমোদন পাওয়া গেছে। যার অর্থ পাওয়া যাবে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান সরকারের ঋণ মওকুফ তহবিল থেকে। গত মে মাসে জাপানি বিশেষজ্ঞেরা সাতটি সেতু এলাকা পরিদর্শন করেছেন।ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, ‘বেইলি সেতুগুলোর অধিকাংশই গত শতকের আশির দশকে (১৯৮৫-৮৬ সালে) নির্মিত। সাধারণত একটি বেইলি সেতুর মেয়াদ ধরা হয় ১৫-২০ বছর। সে হিসেবে এখানকার সেতুগুলোর বয়স ৩০ বছরের ওপর। ফলে সেতুগুলোর অবস্থা এতই খারাপ হয়ে পড়েছে যা সংস্কারেরও অনুপযোগী।’তিনি সেতুগুলোর নাজুক অবস্থার জন্য অতিরিক্ত ভার বহনকারী ট্রাক চলাচলকে দায়ী করেন। প্রসঙ্গত, এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন গাছ, বাঁশের অসংখ্য ভারী ট্রাক চলাচল করে।