বিচ্ছিন্নতা ঘুচিয়েছে সেতুগুলো
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়িতে নির্মিত ১২০টি সেতু জেলার দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। বহু দুর্গম এলাকার মানুষজন এখন জেলা ও উপজেলা সদরে সহজেই যাতায়াত করতে পারছেন। গত তিন অর্থবছরে নির্মিত এসব সেতুর কারণে বহু এলাকায় সরাসরি গাড়ি যেতে পারছে।উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২০১০-১১ অর্থবছর থেকে শুরু করে গত তিন বছরে খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় ১৫টি করে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ‘গ্রামীণ রাস্তায় ছোট কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্প’ এর অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট উপজেলায় সেতু নির্মাণের স্থান নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। সে অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেয়। এ প্রকল্পের অধীনে খাগড়াছড়ির আটটি উপজেলায় মোট ১২০টি সেতু নির্মাণ করা হয়েছে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ৬০ লাখ টাকা।সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, এ বছর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে গত তিন বছরে সদর উপজেলায় মোট ১৫টি সেতু নির্মিত হলো। এই সেতু নির্মাণে মোট তিন কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। এসব সেতু নির্মিত হওয়ায় এলাকার জনসাধারণ সহজে যাতায়াত করতে পারছেন। বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড।মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, গত দুই বছরে মাটিরাঙ্গায় ছয়টি সেতু নির্মিত হয়েছিল। এ বছর আরও নয়টি সেতু নির্মাণ করা হয়েছে। সব সেতুর অবস্থান গ্রামাঞ্চলে। এতে গ্রামের জনসাধারণ উপকার পাচ্ছে।খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে দাঁতকুপ্যা গ্রাম, ইটছড়ি ও বেতছড়ি খ্রিষ্টানপাড়ায় সেতু নির্মাণ করা হয়েছে। এই তিনটি সেতু নির্মাণের ফলে অন্তত ২০টি গ্রামের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে।বেতছড়ি খ্রিষ্টানপাড়া ইউনিয়ন পরিষদ সত্য ব্রত চাকমা বলেন, পাকা সেতু নির্মাণের ফলে আমাদের গ্রামের সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুকনো মৌসুমে আমাদের গ্রাম পর্যন্ত গাড়ি যেতে পারবে। খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেতু নির্মাণ করায় জনগণ উপকার ভোগ করছে। কিন্তু উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে বরাদ্দ আছে সেই বাজেট থেকে এই ধরনের সেতু নির্মাণ করা সম্ভব নয়। গ্রামীণ জনগণের উপকারের স্বার্থে এ প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন।ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগারের সভা ফটিকছড়ির সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের সভা সম্প্রতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম বশিরের পরিচালনায় আজাদী বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী, মেজবাহ উদ্দীন আহম্মদ, আবদুস ছালাম, শফিউল আজম চৌধুরী, গোলাম রব্বানী, শহিদুল আলম, রাসেদ সরওয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।