বিচ্ছেদ
বিচ্ছেদ যে হচ্ছে, তা মোটামুটি প্রায় নিশ্চিত। তবে এটাও নিশ্চিত যে এতে দুজনের কারোরই সম্মতি ছিল না। অথচ ভাগ্য ধরাশায়ী নিয়তির কাছে। মুরব্বিদের কড়া হুকুম—বিচ্ছেদ চাই। অমান্য করার ক্ষমতা নেই। হুকুমের শৃঙ্খলে যে হাত-পা বাঁধা। উপায় নেই। বিচ্ছেদ ঘটছে আজ মহীরুহ ও বিটপীর জীবনে।দীর্ঘ ১২ বছর ছিল তারা একে অপরের পাশে, সব সময়। কত তুফান, ঝড়ঝাপটা এল-গেল, বিচ্ছেদ তো দূরের কথা, এতটুকু টলাতে পারেনি তাদের। এমনই ছিল তাদের ভালোবাসা। অথচ...আজকেই শেষ দর্শন। দুজনই মুখোমুখি। অবয়বে অনিশ্চয়তা, বেদনার ঝোড়ো হাওয়া। কী হবে, কী করবে। ভয়, আতঙ্ক, বেদনা আর বিরহের ছাপ দুটি কণ্ঠে।‘মহীরুহ, তুমি থাকতে পারবে আমাকে ছেড়ে?’ অস্পষ্ট স্বরে বলল বিটপী। উত্তরটাও তার জানা, বিটপী ছাড়া মহীরুহের জীবন যে অথই সাগরে ডুবে যাওয়া তরীর মতো। তার পরও অন্তিম সময়ে ভালোবাসার কথা শুনে বিটপী বেঁচে থাকার স্বপ্ন দেখতে চায়।‘জানি না।’ মহীরুহের অসহায় উত্তর। এ সময়ে ভালোবাসার কথাগুলো বলে বেদনার ঝুড়িটাকে আর ভারী করতে চায় না মহীরুহ।বিটপী বলতে থাকে, ‘দেখো, কী অদ্ভুত না এ পৃথিবী! তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বাসি...আমরা আমৃত্যু পাশাপাশি থেকে কাটিয়ে দিতে চাই বাকিটা জীবন। অথচ...মহীরুহ, কী ভাবছ...কী হলো...কী দেখছ?’‘আকাশ দেখছি, পুবের আকাশ।’ ভ্রু কুঁচকে আসে মহীরুহের। কী অদ্ভুত শখ! সকালের সূর্যটাকে হাতে হাত রেখে স্বাগত জানাতে প্রতিদিন ভোরে তারা তাকিয়ে থাকে পুব আকাশের দিকে। দীর্ঘ পথচলায় এর ব্যত্যয় ঘটেনি। আজ ঘটাল বিটপী। করুণ সময়ে আলোকিত সূর্য দেখার কোনো মানে খুঁজে পায় না সে। তার পরও স্মৃতিচারণা করে বলে, ‘তোমার কি মনে পড়ে, মহীরুহ, মেঘলা আকাশে সূর্য দেখতে না পেয়ে চোখের জলে কতই না বুক ভাসিয়েছি আমরা! আমাদের অশ্রু একাকার হয়ে যেত অবিরাম বৃষ্টিধারায়।’ গলা আটকে আসে বিটপীর। অন্যদিকে তাকিয়ে থাকে মহীরুহ। খুব কান্না পেলে সে এমনই করে।‘মহীরুহ,’ কয়েকবার ডাকে বিটপী।‘হু’।‘তোমার হাতটা কি একটু আমার মাথার ওপর রাখবে?’ বিটপীর নিয়মিত আবদার। মহীরুহ হাত বাড়িয়ে দেয়। হাতের ওপর হাত। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয় দুজনই, অনেকক্ষণ।‘বলো তো, কী অপরাধে আমাদের এমন শাস্তি?’ আচমকা বিটপীর অহেতুক প্রশ্ন।‘আমাদের জন্ম।’ অনেকটা আক্ষেপের সুর মহীরুহের কণ্ঠে। শুনে তৃপ্ত হয় না বিটপী। মাথা ঝাঁকিয়ে বলে, ‘আচ্ছা, আমাদের জন্য কি তাদের একটুও মায়া হয় না? এতটুকুন শ্রদ্ধা নেই আমাদের ভালোবাসার প্রতি?’‘শ্রদ্ধা?...দেখছ না, সশস্ত্র সন্ত্রাসী নিযুক্ত করেছে তারা! দেখছ না, কীভাবে তাকাচ্ছে তারা! জানোয়ার’...শ্লেষে হাঁপিয়ে ওঠে মহীরুহ।’‘তবে কি আমাদের মৃত্যু আসন্ন?’ বলে বিটপী।‘আহ্, মৃত্যু বলছ কেন? দেখবে, কোনো এক কোটিপতির রাজপ্রাসাদের রানি হয়ে থাকবে তুমি। কতই যত্ন হবে তোমার, কত আদর...ফুলের সৌরভ...’ বলতে বলতে বিটপীর দিকে তাকায় মহীরুহ।‘আর তোমার?...’‘জানি না...হয়তো মরে পচে-গলে মিশে যাব বুড়িগঙ্গা নদীর জলে। হা হা হা...’‘এ সময়ে তুমি হাসছ?’‘বিটপী, বৃষ্টি হলে বুঝতে ফোঁটা ফোঁটা কত জল ঝরে পড়ছে আমার বুকের ভেতর।’বিটপীর চোখে জলের সমাগম, ঠোঁট কাঁপছে। এমন দৃশ্য চলে অনেকক্ষণ। হঠাৎ মাথা উঠিয়ে প্রতিবাদী হয়ে উঠে সে, ‘চলো, আমরা রুখে দাঁড়াই, শক্ত হাতে গুঁড়িয়ে দিই এই নিষ্ঠুর সিদ্ধান্তকে, ওই অস্ত্রওয়ালাদের।’মাথা নিচু করে ভাবতে থাকে মহীরুহ। কিছুক্ষণ পর বিটপীর দিকে বাহু বাড়িয়ে বলে, ‘চলো, আমরা পালিয়ে যাই জনমানবহীন কোনো অরণ্যে, যেখানে বিচ্ছেদের অভিশাপ আমাদের স্পর্শ করবে না।...তুমি কি যাবে, বিটপী?...বিটপী?’‘আমি প্রস্তুত, মহীরুহ’। বিটপীর চোখে ক্ষোভ, সাহস। শক্ত করে আঁকড়ে ধরে মহীরুহের বাহু। ‘উফ...আ আ!’ মহীরুহর আর্তচিৎকার।‘কী হলো?’‘আমার পা...আঘাত...সন্ত্রাসী...উফ...’‘আ, উফ,...আ’এরপর করাত, কুঠার, দা...আঘাতের পর আঘাত। পা, কোমর, বুক ও মাথায়। বিধ্বস্ত, বিপর্যস্ত। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল বিটপী ও মহীরুহ। কোনো সাড়া-শব্দ নেই। নিথর দেহ দুটি পড়ে থাকল মাটিতে।বিশ্ববিদ্যালয়ের রহিম চত্বরে একটি বহুতল ভবন নির্মাণ করবে একটি বহুজাতিক কোম্পানি। মহীরুহ ও বিটপীই বড় বাধা। অতএব, কর্তৃপক্ষের হুকুম, ‘গাছ দুটোই কাটা হোক’। দীর্ঘদিন পাশাপাশি থাকা মহীরুহ ও বিটপী, গাছ দুটোর অন্তিম নীরব কথোপকথন যেন ভেসে বেড়ায় সবুজহীন ক্যাম্পাসের দম বন্ধ হওয়া কংক্রিটীয় বাতাসে।মমতাজ মিতু