বিচ্ছেদের জীবনে হার্ট অ্যাটাক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিয়ে বিচ্ছেদে হার্ট অ্যাটাকের এই ঝুঁকি অনেকটা আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকার মতোই ব্যাপার।’ প্রতীকী ছবি।
‘বিয়ে বিচ্ছেদে হার্ট অ্যাটাকের এই ঝুঁকি অনেকটা আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকার মতোই ব্যাপার।’ প্রতীকী ছবি।

বিয়ে বিচ্ছেদের পর একা জীবন কাটাচ্ছেন এমন নারী-পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিবাহিত জীবনযাপনকারীদের চেয়ে বেশি। এ ক্ষেত্রে আবার বিচ্ছেদে থাকা নারীরা বিচ্ছেদে থাকা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকেন। এমনকি আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও নারীদের এই ঝুঁকি কমে না। যুক্তরাষ্ট্রের এক সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।
এর আগে, নানা গবেষণায় বলা হয়েছে যে, কাছের মানুষের মৃত্যু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এখন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিয়ে বিচ্ছেদের প্রভাব হিসেবেও এমন ঝুঁকির কথা বলছেন। ১৫ হাজার ৮২৭ জন নারী-পুরুষের পারিবারিক ও স্বাস্থ্য তথ্য নিয়ে এই গবেষণা চালানো হয়। বিবিসি এক প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বিজ্ঞান সাময়িকী সার্কুলেশনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে বিচ্ছেদের সঙ্গে সম্পর্কিত স্থায়ী মানসিক চাপ শরীরের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে, ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন ‘বিয়ে বিচ্ছেদকে হার্ট অ্যাটাকের একটা বড় ঝুঁকি হিসেবে’ চিহ্নিত করার আগে এ বিষয়ক আরও গবেষণার আহ্বান জানিয়েছে।

১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১৬ হাজার নর-নারীকে এই গবেষণার আওতায় পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা গেছে, এই সময়ে এদের প্রতি তিনজনে একজন বিয়ে বিচ্ছেদের শিকার হয়েছেন। যে নারীরা কখনো বিচ্ছেদের শিকার না হয়ে দাম্পত্য জীবনে রয়েছেন তাঁদের তুলনায় একবার বিচ্ছেদের শিকার হওয়া নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ২৪ শতাংশ বেশি। আর যে নারীরা একাধিক বিয়ে বিচ্ছেদের শিকার তাদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ৭৭ ভাগ বেশি। পুরুষদের ক্ষেত্রে একবার বিচ্ছেদের শিকাররা ১০ শতাংশ বেশি ঝুঁকিতে থাকলেও একাধিক বিচ্ছেদের শিকারদের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ।
ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক লিন্ডা জর্জ বলেন,‘বিয়ে বিচ্ছেদে হার্ট অ্যাটাকের এই ঝুঁকি অনেকটা আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকার মতোই ব্যাপার। ফলে ঝুঁকিটা সত্যিই বড়।’
বিচ্ছেদের পর আবার বিয়ে করা প্রসঙ্গে কৌতুক করে অধ্যাপক লিন্ডা বলেন,‘গবেষণাপত্রের সবচেয়ে মজাদার অংশ হলো এটা। পুনরায় বিয়ে করায় নারীদের এই ঝুঁকি নামমাত্র কমলেও পুরুষেরা আবারও ঝুঁকিমুক্ত অবস্থায় ফিরে আসতে পারেন।’