বিছানা গোছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আর আপি একই বিছানায় ঘুমাতাম। শীতের সময় একই কম্বলের নিচে। আপি আমার চেয়ে প্রায় ১০ বছরের বড়। আমি স্কুলে পড়ি আর ও ইঞ্জিনিয়ারিংয়ে। ওর পড়াও বেশি। বেচারি আপিকে রাত জেগে পড়তে হয়, প্রায়ই তার পরীক্ষা। এদিকে আম্মু নিয়ম করে দিয়েছেন, যে দেরিতে ঘুম থেকে উঠবে, সে-ই মশারি তুলে বিছানা গোছাবে। যেহেতু আমি আগে ঘুমাই, তাই আমার আগে ঘুম ভাঙে। আমি চুপিচুপি তখন আপির দিকে তাকাই। যখনই দেখি আপি আড়মোড়া ভাঙছে, ঝড়ের গতিতে আমি বিছানা থেকে নেমে পড়ি। বেচারি আপি! রাত জেগে পড়ে, তাই ভোরে ঘুম ভাঙতে চায় না। যদিও কোনো দিন তাড়াহুড়ো করে উঠতে চায়, আমি তাড়াতাড়ি এক পা মাটিতে ঠেকিয়ে বলি, ‘এই যে আমি আগে নেমেছি, তাই বিছানা তোমাকেই গোছাতে হবে।’ এ নিয়ে কত ঝগড়া, আমি আগে নেমেছি না ও নেমেছে। আজ সেসব কথা মনে পড়লে আমি একা একা হাসি। ম্যাপেল লিফ স্কুল, ধানমন্ডি।