বিছানার বাহারি চাদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে সবাই চায় দু দণ্ড প্রশান্তি। শরীরটা বিছানায় এলিয়ে দিতে চায় এই মন। আর বিছানাটা যদি মনের মতো হয় তবেই তো প্রশান্তির পরশ লাগে মনে আর শরীরে। এ জন্য বিছানায় পাতা চাই সুন্দর একটা চাদর। ঘরের আসবাব, পর্দা বা ঘরের আকারের সঙ্গে মানিয়েই বিছানার চাদর কেনা উচিত—এমনটা বলেন রেডিয়েন্ট ইনিস্টিটিউট অব ডিজাইনের কর্ণধার গুলশান নাসরিন চৌধুরী। তিনি বলেন, ঘরের বাকি জিনিস কিংবা পর্দার সঙ্গে মিল রেখে চাদর বিছালে ঘরের মধ্যে আলাদা একটা আবেশ তৈরি হয়। আবার মূল শোয়ার ঘর, শিশুর শোয়ার ঘর কিংবা অতিথিদের শোয়ার ঘরের বিছানার চাদরের মধ্যে পার্থক্য আছে। মূল শোয়ার ঘরের বিছানার চাদর সাধারণত হালকা রঙের হয়ে থাকে। সাদা বিছানার চাদর অনেকেই পছন্দ করেন। তবে সাদা চাদর দ্রুত ময়লা হয়ে যায়, তাই নিয়মিত বিছানো যায় না। সাদা ছাড়াও হালকা নীল, ধূসর, বাদামি, হালকা বেগুনি রঙের চাদরও পাতা যায়। হালকা রংগুলো চোখের জন্যও আরামদায়ক। যাঁরা গাঢ় রং পছন্দ করেন তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। গাঢ় রঙের বড় ফুলওয়ালা চাদর বিছানার সঙ্গে বেশ মানায়। তবে এ ক্ষেত্রে বিছানাটা হতে হবে বড় বা ডবল বেড। মেয়ে বাচ্চাদের শোয়ার ঘরে হালকা গোলাপি, কমলা রঙের কার্টুন সংবলিত চাদর মানাবে। তবে বাচ্চারা যেহেতু দ্রুত ময়লা করে ফেলে, তাই মজার মজার কার্টুনের গাঢ় রঙের চাদরও বিছানো যেতে পারে। ছেলে বাচ্চাদের জন্য হালকা নীল বা সবুজ রঙের বেডশিট মানাবে। অতিথিদের শোয়ার ঘরের চাদর হালকা রঙের মধ্যে স্ট্রাইপ করা হলে ভালো দেখাবে।ফ্যাশন হাউস আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, ‘আমরা সাধারণত বিছানার চাদরগুলো হালকা রঙের করে থাকি। সুতি, খাদি, সিল্ক কাপড়ের মধ্যে টাইডাই, ব্লকপ্রিন্ট, বাটিক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি এবং সুতার কাজ করা হয়। কখনো একটু জমকালো ভাব আনতে চুমকি এবং ডলারের কাজও করা হয়।’ কিং, কুইন ও সিঙ্গেল—এই তিন আকারের চাদর এখানে পাওয়া যাবে। কিং আর কুইনের সঙ্গে দুটি বালিশের কভারও থাকে। ফ্যাশন হাউস নিপুণেও আছে কাঁথা ফোঁড়, ব্লক, বাটিক ও টাইডাই করা বেডশিট। কেনা যাবে ১১৯৫-৩৫০০ টাকায়। ফ্যাশন হাউস যাত্রাতে ব্লক আর হাতের কাজের বেডশিটের সঙ্গে আরও পাওয়া যাবে পাট আর খাদি কাপড়ের বোনা বেডশিট। কিং, কুইন, টুইন আর সিঙ্গেল—এই চার আকারের চাদরগুলো কেনা যাবে ১১৫৫-২০০০ টাকা। চাইলে গজ কাপড় কিনে বানিয়ে নিতে পারেন মনের মতো চাদর। ঢাকার নিউমার্কেটে অবস্থিত হোমটেক্সের কর্মী মোহাম্মদ রুবেল বলেন, ১৮০-৩০০ টাকা গজ দরে কাপড় কিনে বানিয়ে নেওয়া যাবে বেডশিট। ডবল বিছানার জন্য তিন গজ আর সিঙ্গেল বিছানার জন্য কিনতে হবে দেড় গজ কাপড়।