বিজয়গাথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামল দেশের অমল মাটির পুণ্য বিজয়গাথা
মুক্তিসেনার আত্মত্যাগে নুইয়ে আসে মাথা
হৃদয়মাঝে তাদের জন্য স্থায়ী আসন পাতা
গান-কবিতায় যায় যে ভরে খাতার পরে খাতা।
কী ঘটনা ঘটেছিল সেদিন একাত্তরে?
অন্ধকারে খান-পিশাচের আত্মা নড়েচড়ে
জেগে ওঠে বীর জনতা কালবোশেখি ঝড়ে
কিষান-মজুর-ছাত্র-যুবা কেউ থাকে না ঘরে।
একটি নতুন ফুল ফোটানো নয়কো এত সোজা
স্বাধীনতার মন্ত্র অমোঘ কানের মধ্যে গোঁজা
হন্যে হয়ে মায়ের জন্য মুক্ত আকাশ খোঁজা
মাথা থেকে নামল শেষে পাক-গোলামির বোঝা।
পুকুর-ডোবা-নদী-নালা পূর্ণ লাশে লাশে
আরও কত পঙ্গু হলো নয়টি ভয়াল মাসে
এখনো লাল রক্তমাখা সবুজ দূর্বা ঘাসে
শির উঁচিয়ে পতাকা তাই উড়তে ভালোবাসে।