বিজয়ী আইবি

ক্রিকেট এমন একটি খেলা, যা কিনা আমাদের পুরো জাতিকে কাঁপায়। ঢাকা বিশ্ববিদ্যালয় তবে কেন বাদ যাবে এই কাঁপুনি থেকে। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেছিল ক্রিকেটের মহা আসর।
১৪ জানুয়ারি জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উত্তরাঞ্চলের ফাইনাল। স্বর্ণ লড়াইয়ের এ ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের দুটি বিভাগ। একটি হলো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, অন্যটি ইন্টারন্যাশনাল বিজনেস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের শেষ হাসিটি হাসে ইন্টারন্যাশনাল বিজনেস। পুরো ম্যাচটি টানটান উত্তেজনায় ভরপুর ছিল।
খেলার শুরু থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারছিল না যে কে হতে যাচ্ছে আগামী একটি বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ক্রিকেটে চ্যাম্পিয়ন। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইন্টারন্যাশনাল বিজনেস ৮ উইকেটের বদলে ১৩৪ রান সংগ্রহ করে। দিনার সর্বোচ্চ ৬১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস প্রথমে কয়েকটি উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে গেলেও খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায়। নিলুর চমৎকার ব্যাটিং দক্ষতায় একটি সময় জয়ের জন্য ২ ওভারে তাঁদের মাত্র ১০ রানের প্রয়োজন ছিল, হাতে ছিল ৩টি উইকেট। কিন্তু শেষ রক্ষাটি হলো না। ইন্টারন্যাশনাল বিজনেসের মোহনের ঘূর্ণি বোলিংয়ে ১২৮ রানেই তাঁদের ইনিংসের পরিসমাপ্তি ঘটে। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য দিনারকে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়।