বিজয়ীদের কথকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া: প্রকল্প দেখাতে আর দেখতে সমান উৎ​সাহ
বগুড়া: প্রকল্প দেখাতে আর দেখতে সমান উৎ​সাহ

তানজীল শাহরিয়ার
সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজ
গ্যাস আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এর অপচয় রোধের চিন্তা থেকেই আমার প্রকল্প গ্যাস লিক অ্যালার্ম। আমি দেখেছি, গ্যাস যদি লিক হয়ে যায়, তা সহজে ধরা পড়ে না। আমার এই গ্যাস লিক অ্যালার্ম ডিভাইসটি রান্নাঘরে রেখে দিলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কারণ, যদি গ্যাস লিক হয়, তবে অ্যালার্মটি সঙ্গে সঙ্গে বেজে উঠবে। ফলে, যেকোনো ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। সিটি ব্যাংক-প্রথম আলো আয়োজিত বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক বিজয়ী হয়ে খুব খুশি হয়েছি। এই বিজয় আমাকে বিজ্ঞানচর্চার ব্যাপারে খুব উদ্বুুদ্ধ করেছে। জাতীয় উৎসবের জন্য প্রস্তুত হচ্ছি।

তটিনী সরকার
মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
বিজ্ঞান জয়োৎসবের কয়েক মাস আগে আমি টিটেনাসের ইনজেকশন নিয়েছিলাম। এই ইনজেকশন নেওয়ার পর প্রায় এক সপ্তাহ ব্যথা ছিল। তখনই আমার চিন্তা আসে যে আমার এই ব্যথার কারণ কী? সঠিকভাবে ইনজেকশন বা ইনসুলিন না দিতে পারলে কী সমস্যা হতে পারে? এই চিন্তা থেকে আমি ইন্টারনেট ও বড়দের সহায়তা নিয়ে আমার প্রকল্প ইনজেকশন অ্যাকুচুয়েটরের কথা ভাবি এবং মডেলটি তৈরি করি। তবে, এটি একবারে বানানো যায়নি। ৮৫টি মডেল বানানোর পরেই চূড়ান্ত ডিজাইনটি বানাতে পেরেছি। আমার এই মডেল ব্যবহার করে ইনজেকশন বা ইনসুলিন সঠিকভাবে এবং সঠিক পরিমাণে দেওয়া সম্ভব। বিজ্ঞান জয়োৎসব একটি বিশাল প্ল্যাটফর্ম। এখানে যেতে পেরে আমি খুবই গর্বিত এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে এমন উৎসবের প্রচুর প্রয়োজন রয়েছে বলে মনে করি।

সৌমিক সাহা
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
আমাদের চোখ যেকোনো জিনিসের ত্রিমাত্রিক রূপ দেখে। কিন্তু মাইক্রোস্কোপে আমরা দেখি দুই মাত্রার ছবি। আমার প্রকল্পে আমি মাইক্রোস্কোপের স্লাইডের বিভিন্ন জিনিসকে বিভিন্ন দিক থেকে ছবি তুলে হলোগ্রাফিক প্রজেক্টরের মাধ্যমে একটি ত্রিমাত্রিক চিত্র দিতে পেরেছি।
এই প্রকল্পের ধারণা সম্পূর্ণই আমার নিজস্ব। ব্যাকটেরিয়ার পরিমাণ বের করাসহ জীববিজ্ঞান গবেষণাগারে এর ব্যাপক ব্যবহার করা যেতে পারে।
পৃষ্ঠপোষকতা পেলে আমার এই মডেলকে বাস্তবিক রূপ দেওয়ার ইচ্ছা আছে। আর বিজ্ঞান জয়োৎসবটি আমার দারুণ লেগেছে! এমন উৎসব আরও প্রয়োজন আছে বলে আমি মনে করি।
যথাযথ সহায়তা পেলে আন্তর্জাতিক বিজ্ঞান মেলাতেও এটি আমি তুলে ধরতে পারব।

জেবিন আফরোজ
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
আমার এই প্রজেক্টের ধারণা পাই পদার্থবিজ্ঞান বই থেকে। এই প্রকল্পে একটি জলাধারে পানির লেভেল কত উচ্চতায় অবস্থান করছে তা নির্দেশ করবে—এমন একটি ডিভাইস আমরা তৈরি করেছি। আমাদের বাসাবাড়ির পানির ট্যাংকে এই ডিভাইস ব্যবহার করলে যখন ট্যাংক পরিপূর্ণ হয়ে যাবে, তখন তা একটি নির্দেশক হিসেবে কাজ করবে। শুধু তা–ই নয়, পানির মোটর ছাড়ার পর তা বন্ধ করা নিয়ে চিন্তা করতে হবে না। এই ডিভাইস ট্যাংক পরিপূর্ণ হলে মোটরের সুইচ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
এতে একদিকে আমাদের বিদ্যুতের সাশ্রয় হলো, অন্যদিকে পানির অপচয়ও হলো না। ডিভাইসটি বানানোর খরচ খুব কম। ফলে, সর্বসাধারণ এটি কিনতে ও ব্যবহার করতে পারবে।
সিটি ব্যাংক-প্রথম আলো আয়োজিত বিজ্ঞান জয়োৎসবে সিলেটের আঞ্চলিক উৎসবে আসা সবার প্রকল্প দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সবার সঙ্গে বিজ্ঞান–বিষয়ক আলোচনা করে খুব ভালো লেগেছে।
এ ধরনের উৎসব আঞ্চলিক পর্যায়ে আরও করা হলে বিজ্ঞানের প্রতি আগ্রহ অনেক বাড়বে।
অনুলিখন: মো. রেজাউর রহমান