বিজয়ীদের কথকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল: প্রশ্নোত্তর পর্বে ছিল সবার আগ্রহ
বরিশাল: প্রশ্নোত্তর পর্বে ছিল সবার আগ্রহ

পারভেজ হাসান ও খায়রুল
উদয়ন উচ্চবিদ্যালয়, বরিশাল
আমাদের প্রকল্প দুর্যোগ ও খারাপ আবহাওয়ায় যাত্রীসেবা নিয়ন্ত্রণ। আমরা বরিশালে থাকি। ঢাকা-বরিশাল যাতায়াতের জন্য আমরা প্রায়ই লঞ্চ ব্যবহার করে থাকি। প্রায়ই লঞ্চ দুর্ঘটনার কথা শুনি। এর মূল কারণ হলো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চচালকের দক্ষতার অভাব।
এই জন্য আমরা একটি ডিভাইস তৈরি করেছি, যা লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠলে সিগন৵াল দেবে এবং লঞ্চের ইঞ্জিন বন্ধ করে দেবে। ফলে, দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমে আসবে। এ ছাড়া সর্বোপরি গণসচেতনতা বৃদ্ধি করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া যাবে।
শিহাবুস সাকিব
হাজী আসমত কলেজ, ভৈরব
বাংলাদেেশর রাস্তায় অসংখ্য রেলক্রসিং ও লেভেল ক্রসিং রয়েছে। এসব রেলক্রসিং পরিচালনা করতে ব্যাপক জনবল প্রয়োজন। আমি বাংলাদেশের পরিস্থিতি চিন্তা করে স্বয়ংক্রিয় লেভেল ক্রসিংয়ের একটি মডেল বানিয়েছি। উন্নত দেশগুলোয় বর্তমানে এই সুবিধা রয়েছে। আমার বানানো মডেলটি ট্রেন আসার আগে একাধিক সংকেত দেবে এবং প্রতিবন্ধক (বার) চালু হবে। পরে আবার ট্রেন

লেভেল ক্রসিং অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে বার উঠে যাবে। এটি একদিক থেকে যেমন স্বয়ংক্রিয়, অন্যদিক থেকে আর্থিকভাবে সাশ্রয়ী। আমি প্রকল্পটির আরও উন্নয়ন করছি, যাতে জাতীয় উৎসবে আরও ভালো করতে পারি। বিজ্ঞান জয়োৎসবে অংশগ্রহণের মাধ্যমে আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি।
এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হলে আমরা আন্তরিকভাবে খুশি হব।

সৌমেন দাশ, শেখ শাফিন, সাদমান সাকিব
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।
ত্রিমাত্রিক প্রিন্টার অনেকটা সাধারণ একটি কাগজের প্রিন্টারের মতোই কাজ করে। একটি ত্রিমাত্রিক বস্তু বানানোর জন্য আমাদের মূল কাজ হলো তার তিনটি অক্ষকে হুবহু প্রকাশ করা। ত্রিমাত্রিক প্রিন্টারে একটি প্রিন্টহেড থাকে, যা তিনটি অক্ষে নড়াচড়া করতে পারে। একটি বস্তু তৈরি করতে যে উপাদান ব্যবহার করব, সে অনুযায়ী প্রিন্টহেডটি বানানো যায়। যেমন আমরা প্লাস্টিকের জিনিস বানানোর জন্য প্রিন্টহেডের মাথায় একটি হিটার লাগিয়েছি। প্লাস্টিকের একটি রোল সেই হিটারের ভেতর গিয়ে গলে প্ল্যাটফর্মের ওপর পড়ে। এই গলিত প্লাস্টিক জমে একটি ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হয়। প্লাস্টিক বাদেও সিরামিক, রাবার, লোহা ব্যবহার করা যায়।
এখানে কয়েকটি মোটর আছে। এই মোটরগুলোর ঘূর্ণন কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে, ০.০১ মিমি. পর্যন্ত নিখুঁত করা জিনিস প্রিন্ট করা যায়। মেশিনের মূল সার্কিট বোর্ড হিসেবে আমরা Arduino-Mega এবং এর সঙ্গে একটি RAMPS Shield ব্যবহার করেছি। সঙ্গে একটা থার্মিস্টরও আছে।
বিজ্ঞান জয়োৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা নতুন অনেক কিছু শিখতে পেরেছি। আমরা আমাদের এই প্রকল্পটাকে আরও উন্নত করতে চাই। চাই সবার সহযোগিতা। এই উৎসবে অনেকে আমাদের প্রকল্পের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এই ধরনের সৃজনশীল উৎসব দেশের বিজ্ঞানচর্চার প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

মো. আবু সাঈদ, বাপ্পি, আশিকুর রহমান
সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।
আমাদের প্রকল্পটি ছিল সহজ উপায়ে দুধ থেকে মাখন তৈরি। আমরা ছোটবেলা থেকেই দেখতাম, দুধে কাঠি ঘুরিয়ে বা বাঁশ ঘুরিয়ে ঘুরিয়ে মাখন বানানো হতো। এই থেকেই আমরা চিন্তা করতে থাকি কীভাবে সহজে মাখন তৈরি করা যায়। তখন আমরা বিভিন্ন গবেষণা করে, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে এই যন্ত্র তৈরি করি, যা দিয়ে একটি মোটরের সাহাযে্য অতি সহজে ও অল্প সময়ে দুধ থেকে মাখন তৈরি করতে পারি। আমরা সার্কিটটাকে এমনভাবে তৈরি করেছি, যাতে মাখন তৈরি করতে যে পরিমাণ এবং যে রকম ধারাবাহিকভাবে ঘোরানো প্রয়োজন, তা করতে পারে। খুব অল্প সময়েই এটি দুধ থেকে মাখন আলাদা করে ফেলবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সাশ্রয়ী ও নিরাপদ।
আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বিজ্ঞান মেলায়ও অংশগ্রহণ করেছিলাম। আর বিজ্ঞান জয়োৎসব একেবারেই ভিন্ন। এখানে অংশগ্রহণ করে ও পুরস্কার পেয়ে আমরা খুবই খুশি। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা এখন প্রস্তুত হচ্ছি।
অনুলিখন: মো. রেজাউর রহমান