বিজয়ীদের কথকথা
এ এস এম আনাস ফেরদৌস
দশম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর
আমার জীবনে পাওয়া সবচেয়ে ভালো অভিজ্ঞতার একটি হলো বিজ্ঞান জয়োৎসব ২০১৫ রংপুর আঞ্চলিক পর্বে অংশগ্রহণ। প্রকৃত বিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি, বৈজ্ঞানিক প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় তা জানতে পেরেছি বিজ্ঞান জয়োৎসবে গিয়ে। গতানুগতিক বিজ্ঞান মেলার বাইরে বিজ্ঞানের আসল উদ্দেশ্যকে উপলব্ধি করতে পেরেছি। কারণ, বিজ্ঞান জয়োৎসবে কোনো প্রজেক্টের বাইরের চাকচিক্যকে নয়, বরং তার ভেতরের বিজ্ঞানকে তথা মাপামাপি, পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেখানে বিভিন্ন নতুন বৈজ্ঞানিক প্রকল্প যেমন: ফলের জন্য পাখি প্রতিরোধী অ্যালার্ম, চালকবিহীন গাড়ি ইত্যাদি এসেছিল। আমাদের প্রকল্পটি ছিল ফেলে দেওয়া রসুনের পাতা থেকে জৈব সার, কীটনাশক, জৈব পলিমার ও জ্বালানি উৎপাদন। প্রজেক্টের আইডিয়াটা আমার মাথায় আসে যখন রসুনের পাতা দিয়ে লাগানো অর্কিডের টব থেকে ঝাঁজােলা গন্ধ বের হয়। আমি ভাবি এতে অ্যামোনিয়া রয়েছে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারি রসুনের পাতায় অনেক সালফারের যৌগ রয়েছে, যারা পোকামাকড় প্রতিরোধী। সেখান থেকে আমি কীটনাশক তৈরির চি¯ন্তা শুরু করি।
এ ছাড়া পুরোনো কীটনাশক গাছের গোড়ায় দিয়ে গাছের উন্নতি লÿক্ষ করে আমি সার বানানোর আইডিয়া পেয়ে যাই। সবশেষে একজন বন্ধুর কাছে রসুনের পাতায় স্টার্চের উপস্থিতির কথা জানতে পেরে সেখান থেকে পলিমার ও জ্বালানি তৈরির চেষ্টা করতে থাকি। টানা পাঁচ মাস টবের গাছে পরীক্ষা করার পর আমি সার ও কীটনাশক তৈরি করতে সফল হই ও অনেক খেঁাজার পর জ্বালানি ও বায়োপলিমার উৎপাদনের প্রক্রিয়া খুঁজে পাই। এভাবে আমার প্রজেক্টটি সম্পূর্ণ করি।
জাতীয় উৎসবে খুব ভালো কিছুর অপেক্ষায় আছি আর প্রকল্পের খুঁটিনাটি নিয়ে কাজ করে যাচ্ছি।
তাসনুভা তানভিন
নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা

আমার প্রকল্পে নবায়নযোগ্য শক্তির সুষ্ঠু ব্যবহার নিয়ে আলোকপাত করেছি। বিভিন্ন নবায়নযোগ্য শক্তি যেমন: সোলার প্যানেল, বায়োগ্যাস, জৈব সার ইত্যাদির ব্যবহার বৃদ্ধি ও ব্যবহারের উপকারিতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকাই ছিল আমার মূল বিষয়। এখানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। বিজ্ঞানচর্চার প্রসারে এমন উৎসবের প্রচুর প্রয়োজন রয়েছে।
হুমায়রা তাবাসুম, আফসানা, সামিহা হক
সরকারি পিএম বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী
বিজ্ঞান জয়োৎসব অনুষ্ঠানের বিজয়ী হতে পেরে আমরা খুবই খুশি। এখানে অংশগ্রহণ করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের প্রকল্পটিতে মূলত আমরা চারপাশের বর্জ্য ব্যবস্থাপনা ও এই বর্জ্যের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি দেখিয়েছি। বিচারকেরা আমাদের প্রকল্পের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলোর উন্নতি করে জাতীয় উৎসবে যাওয়ার ইচ্ছে। এ ধরনের বিজ্ঞানচর্চাবিষয়ক প্রোগ্রাম আরও বেশি হওয়া উচিত বলে আমরা মনে করি। পাশাপাশি আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমরা আরও ভালো করতে পারব।
মো. নকিবুস সিয়াম
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া
আমি কুষ্টিয়া শহরে থাকি। এখানের পানিতে প্রচুর পরিমাণে আয়রন। পানি ব্যবহার করতে গেলেই তা টের পাওয়া যায়। তাই আমি ভাবছিলাম কীভাবে একটা ফিল্টার বানিয়ে পানিকে আয়রনমুক্ত করা যায়। প্রায় দুই মাস কাজ করার পর আমি একটি ফিল্টার বানাতে সক্ষম হই, যার নাম আমি দিয়েছি স্লো স্যান্ড ফিল্টার। বাসাবাড়ির চাপকলের আয়রন/সাপ্লাই পানির বিভিন্ন উপাদান পরবর্তী সময়ে পাইপে জমে আস্তরণ তৈরি করে পাইপকে জ্যাম করে ফেলে, ফলে পুনরায় ব্যয়বহুল উপায়ে মিস্ত্রির মাধ্যমে পরিষ্কার করতে হয়। আমাদের উদ্দেশ্য হলো চাপকলের আয়রন দূর করা, জ্যাম না হওয়া এবং ব্যাকটেরিয়া দূরীকরণের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করা। এই ফিল্টারটি একটি প্লাস্টিকের চেম্বার নিয়ে গঠিত, যা নিরাপদ পানিনিষ্কাশনের জন্য দুটি স্তর পাথর ও বালু দিয়ে তৈরি করা হয়েছে। আমি আমার ফিল্টার থেকে প্রাপ্ত পানির পিএইচ, তড়িৎ পরিবাহিতা, ভৌত অবস্থা পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছি ফিল্টারকৃত পানিতে আয়রন নেই। আমি আমার প্রকল্প বিজ্ঞান জয়োৎসবে প্রদর্শনের সময় একটি ডিসপ্লে বোর্ডে সব তথ্য লিখে এনেছিলাম, যা আমার প্রকল্প সবাইকে বোঝাতে খুব সাহায্য করেছে। বিজ্ঞান জয়োৎসবই ছিল আমার প্রথম কোনো বিজ্ঞান প্রকল্প প্রদর্শন। এখানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে উৎসবমুখর পরিবেশ। অন্যদের প্রকল্প দেখে, আমার প্রকল্প দেখে সবার মতামত পেয়ে আমি অনেক অনুপ্রাণিত। আমি এখানে আমার ফিল্টারকে আরও কীভাবে উন্নত করা যায় তার বেশ কিছু আইডিয়া পেয়েছি। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।