হৃদয়ের গভীরে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। মুখে ছিল যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম দ্রুত শেষ করার দাবি। পাশাপাশি ছিল বিজয়ের ৪৩তম বর্ষপূর্তির আনন্দ-উৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার উৎসবমুখর ছিল নগর।
বিজয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল মানুষের ভিড়। পাড়ায় পাড়ায় মাইকে বেজেছে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বোধন: বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড় মোড়ে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। হোসনে আরার সঞ্চালনায় আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, তাপস পাল, মুক্তা বড়ুয়া, তৈয়বা জহির, বেনজির বিনতে শওকত, দীপ্ত দেওয়ানজী, শিশির বড়ুয়া ও সৌরভ দেবনাথ।
এ আয়োজনে স্বরচিত কবিতা পাঠ করেন মনিরুল মনির ও শাহিদ হাসান।
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক: নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে ‘নতুনের গানে হোক বিজয়ের উল্লাস’ শিরোনামে বিজয় উৎসবের আয়োজন করা হয় ১৬ ডিসেম্বর বিকেলে। এ আয়োজনে সহযোগিতা করে বেসরকারি মুঠোফোন সংস্থা বাংলা লিংক। নাবিলার উপস্থাপনায় আয়োজনের শুরুতে ‘তোমায় ভেবে’ ও ‘যারে যা’ শিরোনামের দুটি গান পরিবেশন করেন সংগীত শিল্পী নওমী। জুয়েলের সঙ্গে দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘শুধু তোরে’, ‘কোথায় যাবি’, ‘বাড়ছে ভালোবাসা’সহ বেশ কয়েকটি গান। এরপর গান করেন কণ্ঠশিল্পী আসিফ। ‘চল চল চল’ শিরোনামের গান দিয়ে তিনি শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর একে একে ১০টি গান পরিবেশন করেন। আসিফের পর গান পরিবেশন করে ব্যান্ডদল অর্থহীন।
সম্মিলিত আবৃত্তি জোট: ১৬ ডিসেম্বর সকালে নগরের আমতল মোড়ে সম্মিলিত আবৃত্তি জোট আয়োজন করে আবৃত্তি অনুষ্ঠানের। মশরুর হাসানের সঞ্চালনায় এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি রণজিৎ রক্ষিত। এতে আবৃত্তি পরিবেশন করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস ও শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠনের শিল্পীরা। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহেরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ আয়োজন।
উদীচী: বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ নগরের চেরাগী পাহাড় মোড়ের খোলা চত্বরে আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনীর। সন্ধ্যায় সংগঠনটির আয়োজনে একই স্থানে অনুষ্ঠিত হয় জাগরণের গান।
জেলা প্রশাসন: নগরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মো. সাহাব উদ্দিন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমীর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ ছাড়া গান পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায় ও মোস্তফা কামাল।