বিজিএমইএ ভবন ভাঙার কর্মযজ্ঞে একজন মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর রাত পর্যন্ত চলে ভবন ভাঙার কাজ
ছবি: লেখক

আবদুল মান্নানের মতো মালিকভক্ত মানুষ কমই দেখেছি। আধা ঘণ্টায় অন্তত ত্রিশবার তিনি তাঁর মালিকের গুণকীর্তন করলেন। যেমন মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবন দেখিয়ে বললেন, ‘চিটাগাং শহরে আঙ্গো মালিকের এমুন তিনডা বাড়ি আছে’, কোরবানি ঈদের প্রসঙ্গ আসতেই (ঢাকার বিত্তশালীদের যে আত্মা ছোট, এটা বোঝাতে), ‘আঙ্গো মালিক এডা মোষ, দুইডা গুরু (কোরবানি) দেয়’, বিজিএমইএ ভবন ভেঙে লাভ-লোকসানের প্রশ্ন উঠতেই, ‘আঙ্গো মালিক লাভ-ক্ষতির হিসেব করে না’...এমন অনেক বিষয়ে মালিকের স্তুতি গাইলেন মান্নান!

ভাঙার আগে হাতিরঝিল এলাকায় বিজিএমইএ ভবন
প্রথম আলো

গল্পে গল্পে লোকটাকে ভালো লাগল। থুতনিতে এক গোছা দাড়ি। মাথায় টুপি পরা। বয়সের কথা নিজেই বললেন, ‘৩৫’। বাড়ি নোয়াখালীর মাইজদী। দুই মেয়ের বাবা তিনি। স্ত্রী-সন্তানেরা গ্রামেই থাকেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চট্টগ্রামে যান মান্নান। এরপর সেখানেই নানা কাজকে পেশা হিসেবে নিয়েছেন।

রাজধানীর হাতিরঝিলের পেটে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) যে বহুতলভবন ছিল। মামলা–মোকদ্দমার পর ঝিলের সেই ‘বিষফোড়া’ ভাঙার প্রক্রিয়া শুরু হলে, কাজটি চট্টগ্রামের যে প্রতিষ্ঠান (ফোর স্টার এন্টারপ্রাইজ) পেয়েছে, আবদুল মান্নান পাঁচ বছর হলো সেই প্রতিষ্ঠানের কর্মী। ঢাকা ভালো না লাগলেও গত বছর থেকে অপছন্দের শহরে আছেন তিনি। তাঁর ভাষায়, ‘সোনারগাঁও হোডেলের কথা কত শুনছি। আর দেড় বছর কাডায়া দিলাম সেই সোনারগাঁওয়ের পাশে!’

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভবন ভাঙার কাজ শুরু হয়েছিল, তখনই ঢাকায় আসেন মান্নান। দুটি বেসমেন্টসহ ১৬ তলা ভবনটির ১২ তলা পর্যন্ত শ্রমিকেরা হেমার ও হাতুড়ি দিয়ে ভেঙেছেন। তখন সন্ধ্যার আগেই দিনের কাজ বন্ধ হয়ে যেত। সবাই মিলে থাকতেন ভবনের নিচের অংশে। মাস খানিক হলো বুলডোজারের সাহায্যে ভাঙার কাজ করা হচ্ছে। এখন থাকেন ভাড়া বাসায়।

বিজিএমইএ ভবন ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে
সজীব মিয়া

এখানে মান্নানের দায়িত্বটা অনেকটা পাহারাদারের। লোহালক্কড় কেউ যেন চুরি না করতে পারে, এ জন্য ১০ জন লোক তদারক করে। মান্নান তাদেরই একজন।

৭ জুন রাতের দায়িত্বেও আছেন তিনি। ভাঙা স্তূপের মধ্যে প্লাস্টিকের চেয়ার পেতে বসেছিলেন। চেয়ারের নিচে যে মশা মারার কয়েল জ্বালানো, তার ধোঁয়া উড়ে যাচ্ছে কারওয়ান বাজারের দিকে। সংগত কারণে নিয়মিত বিরতিতে তাঁর পায়ে-হাতে সংযোগ ঘটছে!

বাসায় ফেরার পথে প্রায়ই ভাঙা ভবনের দিকে যাই। এখন গভীর রাত পর্যন্ত ভাঙার কাজ চলে বলে কাউকে না কাউকে পাওয়া যায়। তাদের সঙ্গে গল্প করি।

এই রাতে না দাঁড়িয়ে ভাঙা ভবনের উপরে চলে গিয়েছিলাম। আমার গতিবিধি দেখে মান্নান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। দু-এক কথায় তাঁকে আশ্বস্ত করলাম, আমি তার প্রতিবেশী। আমাকে আলাভোলা মানুষের মতো কথা বলতে দেখে তিনিও বেশ মজা পেলেন। বারবার বলতে থাকলেন, ‘আপনেরে একটা চেয়ার দিতে পারলে ভালো হইতো। কিন্তু ম্যানেজার দেখলে ঝামেলা করব।’

আমি তাঁকে বিনয়ের সঙ্গে বললাম, চেয়ার লাগবে না, বরং দাঁড়িয়ে কথা বলতেই ভালো লাগছে...তারপর কতক্ষণ কথাই বললাম!