বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২১ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রনজিত কুমার ধর, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা সিকদার, ব্যবসায় প্রশাসন অনুষদের তত্ত্বাবধায়ক রনজিত কুমার দে, এমবিএ শ্রেণির তত্ত্বাবধায়ক মো. তৈয়ব চৌধুরী, রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ফ ম মোদাচ্ছের আলী, আইন বিভাগের সভাপতি নাজনীন আকতার ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক সংগীতা দাশ। আইন বিভাগের শিক্ষক আসমা আল আমীনের সঞ্চালনায় সভায় বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফাহিমুল কাদির ও সাকিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এ এফ হাসান আরিফ বলেন, ‘আইনের শিক্ষার্থীদের আগামীতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’ আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি।