বিজেপির দোলাচল ও ভারতীয় ভোটার চরিত্র

নারীবাদীদের কাছে আগাম ক্ষমা চেয়ে এই সংস্কৃত প্রবাদটি লিখছি, ‘পুরুষস্য ভাগ্য, স্ত্রীয়াশ্চরিত্রম, দেবা না জানন্তি, কুতঃ মনুষ্যা’। সত্যি-মিথ্যা বলতে পারব না, সেই তর্কেও ঢুকতে চাই না, তবে এটা বুঝতে পারি না, কেন শুধু পুরুষের ভাগ্য ও নারীর চরিত্র বুঝতে মানুষ তো কোন ছাড়, সর্বশক্তিমান ঈশ্বর পর্যন্ত ফেল মেরে যান। আমার তো মনে হয়, নারী বা পুরুষ নয়, ভারতীয় ভোটারদের চরিত্র বোঝাই সবচেয়ে কঠিন।
এই যেমন লোকসভা ভোটের সময় একই সঙ্গে গুজরাট বিধানসভার কয়েকটা আসনে উপনির্বাচনও হয়েছিল। আপাদমস্তক পযুর্দস্ত কংগ্রেস সেই ভোটে তিনটি আসন জিতেছিল। কিন্তু ওই সতীর সহমরণের সময় প্রাচীন ভারতে যা হতো, প্রবল ঢক্কানিনাদে ঢাকা পড়ে যেত সহমরণে অনিচ্ছুক সতীর আর্তনাদ, ঠিক তেমনই দেশজোড়া মোদি-মাহাত্ম্যের হর্ষোল্লাসে ঢাকা পড়ে গিয়েছিল মোদির রাজ্যে বিজেপির বিপর্যয়। যে-রাজ্যে লোকসভার একটা আসনও বিজেপি কাউকে নিতে দিল না, সেই রাজ্যের ভোটার বিধানসভায় তিন তিনটি আসনে কংগ্রেসকে কোল পেতে দিল কেন?
কিংবা তার পরে দফায় দফায় হয়ে যাওয়া উপনির্বাচনগুলো? উত্তরাখন্ডে তিনটির তিনটিতেই বিজেপির হার, বিহারে লালু-নীতিশ-কংগ্রেসের জুজুৎসুতে বিজেপির কুপোকাত হওয়া, মধ্যপ্রদেশ ও কর্ণাটকে বিজেপির কাছ থেকে কংগ্রেসের একটা করে আসন ছিনিয়ে নেওয়া? কী ব্যাখ্যা এর? অথবা এই হালে উত্তর প্রদেশে মুলায়ম সিংয়ের কাছে নাস্তানাবুদ হওয়া, গুজরাটে ফের তিনটি আসন কংগ্রেসের ছিনিয়ে নেওয়া, রাজস্থানে চারটির মধ্যে তিনটিতে বিজেপির হার? ১০০ দিনের মধ্যে এত দ্রুত ফিকে তো হয়নি নরেন্দ্র মোদির ক্যারিশমা? বরং এই সংক্ষিপ্ত সময়ে দেশের অর্থনীতি আরও মজবুত হয়েছে। ডলারের তুলনায় রুপির দাম বেড়েছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অর্ধেক কমেছে, বাজে সরকারি খরচ কমানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, কোষাগার ঘাটতিও নিম্নমুখী, ব্যারেলপ্রতি তেলের দাম ১০ ডলারের বেশি কমায় দেশের আমদানি বিলের ভার হালকা হয়েছে। সব মিলিয়ে অর্থনীতিতে বেশ একটা ফুরফুরে ভাব। তবে কেন রাজ্যে রাজ্যে প্রত্যাখ্যাত হচ্ছে মোদির বিজেপি? কিংবা আরও জোরের সঙ্গে বললে নরেন্দ্র মোদি-অমিত শাহর মোক্ষম জুটি, যা শুধু উত্তর প্রদেশে ৮০টির মধ্যে ৭৩টা আসন জিতে ভারতীয় রাজনীতিতে অবিশ্বাস্য এক রামধনু এঁকে দিয়েছেন মাত্র চার মাস আগে?
এত শত ‘কেন’র কোনো একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। বিজেপির এই হারেরও একটা কোনো নির্দিষ্ট কারণ নেই। কেউ কেউ বলছেন, উত্তর প্রদেশে বিজেপি সভাপতি অমিত শাহ ও যোগী অদ্বৈতনাথের সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। সেই মানুষ তা হলে ১০০ দিন আগে কেন ওই রায় দেয়নি? বরং, অমিত শাহর পায়ে নিজেদের সমর্পণ করেছে। আবার, আসাম ও পশ্চিমবঙ্গের জনতা কেন দুটি আসনে বিজেপিকে বরণ করে নিল? এখানেই জনতা জনার্দনের কেরামতিকে সেলাম ঠুকতে হয়। সম্ভাব্য ব্যাখ্যাও এ থেকেই হয়তো উঠে আসে। লোকসভার ভোটে মানুষ একজন তেজি, জেদি, একমুখী, কঠোর, উন্নয়নের স্বপ্ন দেখানো শক্তপোক্ত নেতার হাতে দেশের ভার তুলে দিতে চেয়েছে। সেই নেতাকে পছন্দ করেছে, যিনি দলকে পরিচালনা করবেন তাঁর মতো করে, যিনি জোট সরকারের বাধ্যবাধকতার দরুন সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, যাঁর আগেপিছে কোনো বন্ধন নেই এবং যিনি পরিবারতন্ত্রের ঘোরতর বিরোধী বলে দুর্নীতিগ্রস্ত হবেন না বলে মানুষ বিশ্বাস করতে ভালোবেসেছে। একই সঙ্গে সেই ভোট ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও অনাস্থা। রাজ্যের বিধানসভার উপনির্বাচনে সরকার গঠনের সম্ভাবনা থাকে না বলে সেখানে কেন্দ্রের মোদি-মাহাত্ম্যের ছায়া পড়েনি। বরং বড় হয়ে দেখা দিয়েছে সনাতন সেই জাতপাতের সমীকরণ এবং অবশ্যই স্থানীয় ইস্যু।
উপনির্বাচনের খারাপ ফল অবশ্যই বিজেপির জন্য একটা ‘ওয়েক আপ কল’। অমিত শাহর ওপর নরেন্দ্র মোদির বিরাট ভরসা আছে ঠিকই, কিন্তু সেই ভরসা তাঁকে হঠকারি করে তুললে দলের বিপদ তিনিই ডেকে আনবেন। হরিয়ানায় জোটসঙ্গী জনহিত কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছে বিজেপি। সেই রাজ্যে চতুর্মুখী লড়াইয়ে বিজেপির হাল কী হবে বলা কঠিন। মোদি-শাহ জুটি অবশ্যই চেষ্টায় ত্রুটি রাখবেন না। একই রকমের ছবি মহারাষ্ট্রেও আঁকা হতে চলেছিল। বিধানসভা ভোটে ২৫ বছরের জোটসঙ্গী শিবসেনাকে ছেড়ে একার ক্ষমতায় লড়ে নিজের এলেম জাহির করার একটা বাসনা অমিত শাহর মধ্যে কিছু সময়ের জন্য জেগেছিল। মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের চাপে সেই হঠকারিতা শেষ পর্যন্ত তিনি করেননি। দলের পক্ষে এটা সুখের কথা। কারণ, দীর্ঘ ১৫ বছর পর এবার মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা প্রবল।
সিনেমায় কোনো ফর্মুলাই যেমন চিরন্তন নয়, ভারতীয় নির্বাচনও তেমন কোনো বাঁধা গতে চলে না। চললে ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে ঝাড়ে-বংশে উচ্ছেদ করে তিন বছর পরে ১৯৮০তে তাঁকে ফের বরণ করে নিত না। রাজীব গান্ধীর কংগ্রেসকে ১৯৮৪ সালে আবাহন করে পাঁচ বছরের মধ্যেই বিসর্জন দিত না। ভারতীয় জনতার আশীর্বাদ বহু বিনীত নেতাকে দুর্বিনীত করেছে যেমন, বহু নেতাও তেমনই সেই সমর্থনকে চিরন্তন ভেবে জীবনের মোক্ষম শিক্ষা পেয়েছেন। পশ্চিমবঙ্গের বামপন্থীরা কিংবা বিহারের লালু প্রসাদ তার জ্বলন্ত উদাহরণ। লোকসভা ভোটে জিতে মোদি-শাহ জুটিও ধরে নিয়েছিলেন, জোট নয়, তাঁরাই শুধু এক ও অবিনশ্বর। তাঁরাই চিরন্তন। পরপর উপনির্বাচনের ধাক্কা এবং শিবসেনার জেদ শেষ পর্যন্ত তাঁদের বোধোদয় ঘটালে তাঁদেরই মঙ্গল। বিজেপিকে ঠিক করতে হবে, দেশ চালানো ও রাজ্য চালানোর নীতি অভিন্ন হবে কি না। উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন দেশ ও রাজ্য চালানোর একমাত্র শর্ত হবে কি না। মহারাষ্ট্র বা হরিয়ানাই নয়, পরের পর ভোটে সেই পরীক্ষার মুখোমুখি তাঁদের হতে হবে। মোদি-শাহ জুটি দুর্বিনীত হলে ভারতীয় ভোটার তাঁদেরও রেয়াত করবে না।