বিজ্ঞপ্তি প্রকাশের আট বছর পর নিয়োগ পরীক্ষা!
২০০৪ সালের মাঝামাঝি সময় নিম্ন বহিঃসহকারী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অবশেষে প্রায় আট বছর পর ওই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২০১১ সালে বিজ্ঞপ্তি জারি করা হয় আরও একবার। অবশ্য আট বছর আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা এবং নতুন করে একই পদে আবেদনকারীরাও অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। ১৫ জুন বিকেল তিনটায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।বন্দর সূত্রে জানা গেছে, প্রথমবার প্রায় ২৮ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন। একই পদে দ্বিতীয় দফায় যাঁরা আবেদন করেছেন, তাঁরাসহ মোট ৩৬ হাজার ৯১৬ জন প্রার্থী বাছাই করা হয়েছে। এই একটি পদে লোক নিয়োগ হবে ২৮৯ জন। অর্থাৎ প্রতি পদের বিপরীতে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দর পরিবহন বিভাগের এই পদের মর্যাদা তৃতীয় শ্রেণীর। বন্দরের নিয়োগ পরীক্ষায় এমন প্রতিদ্বন্দ্বিতার নজির নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা যায়, নগরের পতেঙ্গা বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে বাকলিয়ার বিএড সরকারি কলেজ পর্যন্ত ৩৫টি স্কুল-কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হলেও পরে নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এখন নতুন করে একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলেও আগে যাঁরা আবেদন করেছেন তাঁদের এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ কারণে এই পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে তিনি জানান।পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, আট বছর আগের বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়সসীমা ছিল ৩০ বছর। তখন যাঁরা আবেদন করেছেন তাঁদের তখনকার বয়স হিসেবে বাছাই করা হয়েছে। এই পদে যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি দ্বিতীয় বিভাগ। তবে অংশ নেওয়া বেশির ভাগ প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। আবার অনেকে এখন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে পদোন্নতিও নিয়েছেন। ফলে পরীক্ষায় অনেকে অংশ না-ও নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।পরীক্ষা কমিটির আহ্বায়ক গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে সেসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা দায়িত্বে থাকবেন। এ ছাড়া বন্দর কর্মকর্তাদের সমন্বয়ে ৩৫টি কমিটি পরীক্ষার দিন দায়িত্বে থাকবেন।’মাহমুদুল হাসান নামের এক প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘সেই কবে আট বছর আগে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলাম। এতদিনে অনেক প্রার্থীই অন্য চাকরিতে যোগ দিয়েছেন। তবে আগে আবেদন করা প্রার্থীদের বিবেচনা করায় এতদিন পর পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি।’