বিজ্ঞান ও জ্ঞানের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ছিল, নাসা কী? উত্তর এল, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এ রকম নানা প্রশ্নে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়ে উঠেছিল জমজমাট। নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৯ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের ‘ট্রাস্ট ব্যাংক জাতীয় বিজ্ঞান উৎসব ও ২১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০১১’ অনুষ্ঠিত হলো। এতে ঢাকার ৩৩টি স্কুল ও ২৫টি কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আরও অনেকে। উৎসবের প্রথম দুই দিন সাধারণ জ্ঞান ও অলিম্পিয়াড প্রতিযোগিতা হয়েছে এবং বাকি তিন দিন শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, রানার্সআপ সেন্ট যোসেফ। আর কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন নটর ডেম গোল্ড, রানার্সআপ হারমান মেইনার কলেজ।এ উৎসবের মিডিয়া পার্টনার ছিল এবিসি রেডিও, সময় টিভি ও সার্কেল রেডিও।নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা জানান, বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রতি বছরই এ উৎসব হয়। এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও বিজ্ঞানী তৈরি করাই আমাদের উদ্দেশ্য।’ বিজ্ঞান ক্লাবের মডারেটর সুশান্ত কুমার সরকার বললেন, ‘১৯৫৪ সালে ফাদার আর ডব্লিউ টিমের উদ্যোগে নটর ডেম বিজ্ঞান ক্লাবের যাত্রা। নিয়মিতই এখানে বিজ্ঞান উৎসব করা হয়। ২১ বছর ধরে এর সঙ্গে যুক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে অংশ নেয়। আমাদের শিক্ষার্থীরা যেসব প্রকল্প তৈরি করে সেগুলোর ফলোআপ করা সব সময় সম্ভব হয় না। তরুণদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে এ জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া উচিত।’ ক্লাবের জিএস আরিফ ফয়সাল অনি জানায় তার এবারের উৎসবের অভিজ্ঞতা, ‘অন্যবারের চেয়ে আমরা এবার অনেক বেশি সাড়া পেয়েছি। প্রায় ২৫০টি প্রজেক্ট এখানে স্থান পেয়েছে। ঢাকার অনেক স্কুলের সঙ্গে ইংরেজি মাধ্যম থেকেও অনেক শিক্ষার্থী অংশ নিয়েছে। ভবিষ্যতে বিভাগীয় ও জেলা পর্যায়ে এ উৎসব করার ইচ্ছে আছে আমাদের। বিজ্ঞানের প্রতি আমাদের ভালোবাসার এ উদ্যোগ আমরা সারা বাংলাদেশে বিস্তৃত করতে চাই।’